অমিয় চক্রবর্তী ও তিরিশের আধুনিকতা

বাংলা কবিতার ইতিহাসে তিরিশের দশক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময়। রবীন্দ্রনাথের বিপুল সাহিত্যিক উপস্থিতির মধ্যেই এই সময়ের কবিরা নতুন ভাষা, নতুন বিষয় এবং নতুন কাব্যরীতির সন্ধান করেন। ইউরোপীয় আধুনিক কবিতার সঙ্গে পরিচয়, দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী অস্থিরতা, উপনিবেশিক শাসন, নগরজীবনের বিস্তার এবং ব্যক্তিমানসের সংকট তাঁদের কবিতায় নতুন অভিজ্ঞতা যুক্ত করে। জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে ও অমিয় চক্রবর্তী এই পরিবর্তনের প্রধান কবিদের মধ্যে স্থান করে নেন।

এই কবিদের আধুনিকতা একই প্রকৃতির ছিল না। জীবনানন্দের কবিতায় ইতিহাস, প্রকৃতি ও নিঃসঙ্গ মানুষের অভিজ্ঞতা একটি স্বতন্ত্র ভাষা লাভ করে। সুধীন্দ্রনাথের কবিতায় যুক্তিনিষ্ঠ মনন, শাস্ত্রবোধ ও নির্মাণশৃঙ্খলা প্রবল। বিষ্ণু দে রাজনৈতিক ইতিহাস ও শিল্পভাবনাকে কবিতার সঙ্গে যুক্ত করেন। অমিয় চক্রবর্তীর কবিতায় আধুনিকতা প্রকাশ পায় বিশ্বদৃষ্টি, আত্মজিজ্ঞাসা, মানবিক সংবেদন এবং ভাষার পরীক্ষার মধ্য দিয়ে।

অমিয় চক্রবর্তী ১৯২১ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত শান্তিনিকেতনে ছিলেন। প্রথমে তিনি ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে কাজ করেন। পরে রবীন্দ্রনাথের সাহিত্য-সচিবের দায়িত্ব পালন করেন। রবীন্দ্রনাথকে লেখা চিঠিপত্র গুছিয়ে রাখা, ইংরেজি চিঠির উত্তর প্রস্তুত করা, পাণ্ডুলিপি থেকে প্রেস-কপি তৈরি, বক্তৃতার কাজে সহায়তা এবং বিদেশি অতিথিদের দেখাশোনা তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল। রবীন্দ্রনাথের সঙ্গে তিনি ইউরোপ, রাশিয়া, আমেরিকা, পারস্য ও মধ্যপ্রাচ্য ভ্রমণ করেন। এসব অভিজ্ঞতা তাঁর সাহিত্যিক দৃষ্টিকে আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত করেছিল।

রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সান্নিধ্য অমিয় চক্রবর্তীর সাহিত্যজীবনে গভীর প্রভাব ফেলেছিল। তাঁর প্রথম দিকের কবিতায় রবীন্দ্রপ্রভাবও ছিল। পরে তিনি সেই প্রভাব থেকে বেরিয়ে নিজস্ব কাব্যভাষা নির্মাণ করেন। রবীন্দ্রনাথের মানবতাবাদ, প্রকৃতিবোধ ও বিশ্বচেতনার সঙ্গে তাঁর সংযোগ ছিল। একই সঙ্গে তাঁর কবিতা গ্রহণ করেছিল আধুনিক জীবনের ভাঙন, ভ্রমণ, দূরত্ব, স্থানান্তর এবং অস্তিত্বের অনিশ্চয়তাকে। এখানে রবীন্দ্রপ্রভাবকে অনুসরণ কিংবা প্রত্যাখ্যানের সরল সমীকরণে বিচার করা যায় না। অমিয় চক্রবর্তী রবীন্দ্রঐতিহ্যের সঙ্গে সংলাপ করেছেন। সেই ঐতিহ্যের ভেতর থেকে তিনি নিজের সময়ের ভাষা খুঁজেছেন।

অমিয় চক্রবর্তীর পারিবারিক ও শিক্ষাজীবন তাঁকে অল্প বয়সেই সাহিত্য, দর্শন, ধর্ম ও আন্তর্জাতিক চিন্তার সঙ্গে পরিচিত করে। তাঁর মা অনিন্দিতা দেবী সাহিত্যচর্চা করতেন এবং নারীমুক্তি বিষয়ে বিভিন্ন সাময়িকপত্রে লিখতেন। শৈশবেই অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ, জর্জ বার্নার্ড শ, এইচ জি ওয়েলস এবং রোমাঁ রোলাঁর সঙ্গে পত্রালাপ করেছিলেন। ১৯৩৪ সালে তিনি অক্সফোর্ডের বেলিওল কলেজে আধুনিক ইংরেজি কবিতা নিয়ে উচ্চতর অধ্যয়ন শুরু করেন এবং ১৯৩৭ সালে ডি ফিল ডিগ্রি লাভ করেন। পরে ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য, দর্শন ও ধর্ম পড়িয়েছেন। তাঁর ইংরেজি গ্রন্থের মধ্যে The Dynasts and the Post-War Age in Poetry এবং Modern Tendencies in English Literature উল্লেখযোগ্য।

বিশ্বসাহিত্যের সঙ্গে এই নিবিড় পরিচয় তাঁর কবিতায় প্রত্যক্ষ অনুকরণ হিসেবে উপস্থিত হয়নি। বরং দেশ, ভাষা ও সংস্কৃতির সীমা অতিক্রম করে মানুষের অভিজ্ঞতাকে দেখার একটি বিস্তৃত দৃষ্টি তৈরি করেছে। তাঁর কবিতায় দূরদেশের ভূগোল যেমন আছে, তেমনি আছে ঘরে ফেরার আকাঙ্ক্ষা। ভ্রমণ তাঁর কাছে দৃশ্যের পরিবর্তন মাত্র নয়। ভ্রমণের মধ্য দিয়ে মানুষ নিজের অবস্থান, পরিচয় এবং একাকিত্বকে নতুনভাবে উপলব্ধি করে। দূরযানী, পারাপার, ঘরে ফেরার দিন, হারানো অর্কিড এবং অনিঃশেষ নামগুলোর মধ্যেও এই যাত্রা, স্থানান্তর ও প্রত্যাবর্তনের ইঙ্গিত রয়েছে।

তিরিশের আধুনিক কবিতায় ব্যক্তির বিচ্ছিন্নতা, নগরজীবনের অনিশ্চয়তা এবং সভ্যতার সংকট গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। অমিয় চক্রবর্তীর কবিতাতেও এসব অভিজ্ঞতা আছে। তবে তাঁর কবিতায় হতাশা চূড়ান্ত সিদ্ধান্তে পরিণত হয় না। ধ্বংস ও অনিশ্চয়তার মধ্যেও তিনি মানুষের সংযোগ, করুণা এবং নৈতিক সম্ভাবনা অনুসন্ধান করেন। তাঁর আধুনিকতা প্রধানত তিনটি ক্ষেত্রে স্পষ্ট।
প্রথমত, তাঁর কবিতা বিশ্ব ও স্বদেশের সম্পর্ককে নতুনভাবে নির্মাণ করে। বিদেশভ্রমণ ও প্রবাস তাঁর কাব্যকে আন্তর্জাতিক ভূগোল দিয়েছে। সেই ভূগোলের কেন্দ্রে আছে মানুষের পরিচয় ও অন্তর্গত স্বদেশবোধ।

দ্বিতীয়ত, তিনি দৃশ্যমান জগতের সঙ্গে অন্তর্জগতের সম্পর্ক স্থাপন করেন। ছোট ঘটনা, সাধারণ বস্তু, পথ, গাছ, পোকামাকড়, যাত্রা কিংবা একটি মুহূর্ত তাঁর কবিতায় বৃহত্তর চিন্তার বাহন হয়ে ওঠে।

তৃতীয়ত, তাঁর ভাষায় গদ্যভঙ্গি, কথ্য উচ্চারণ, অসম বাক্যবিন্যাস এবং অপ্রত্যাশিত শব্দসংযোগ দেখা যায়। এই ভাষা প্রচলিত গীতিকবিতার মসৃণতা থেকে আলাদা। কোথাও বাক্য ভেঙে যায়, কোথাও কথোপকথনের সুর আসে, কোথাও একটি দৃশ্য দ্রুত চিন্তার স্তরে চলে যায়। এই বৈশিষ্ট্যগুলো তাঁর কবিতাকে তিরিশের অন্য কবিদের রচনা থেকে পৃথক করেছে।

অমিয় চক্রবর্তীর কবিতায় ক্ষুদ্র ও দৈনন্দিন বিষয় প্রায়ই গভীর তাৎপর্য লাভ করে। একটি পিঁপড়ে, একটি পথ, একটি ফুল অথবা ভ্রমণের কোনো সামান্য দৃশ্য তাঁর কবিতায় কেবল বর্ণনার বিষয় হয়ে থাকে না। দৃশ্যের সঙ্গে যুক্ত হয় সময়, স্মৃতি, মৃত্যু, শ্রম কিংবা অস্তিত্বের প্রশ্ন। এই পদ্ধতি আধুনিক কবিতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কবি সরাসরি কোনো দার্শনিক সিদ্ধান্ত ঘোষণা করেন না। দৃশ্য ও অনুভূতির সংযোগ পাঠকের মনে ভাবনার ক্ষেত্র তৈরি করে। অমিয় চক্রবর্তীর নিজের কাব্যবোধ সম্পর্কেও তাঁর একটি চিঠি মূল্যবান সাক্ষ্য দেয়। ১৯৪২ সালের ৪ ফেব্রুয়ারি নরেশ গুহকে লেখা চিঠিতে তিনি লিখেছিলেন:
“চতুর্দিকের চলন্ত ঘটনার আলো-ছায়া তোমার কাব্যের মধ্যে অনুভূতির বিচিত্র রসে রঞ্জিত হয়ে রূপলাভ করেচে। মনের মাধুরীর সঙ্গে প্রত্যক্ষ সংসার-পৃথিবীর এই যোগেই কাব্যের যাথার্থ্য প্রমাণ হয়।

এই বক্তব্য নরেশ গুহর কবিতা সম্পর্কে লেখা হলেও এর মধ্যে অমিয় চক্রবর্তীর নিজস্ব কবিতাভাবনাও প্রতিফলিত হয়েছে। তাঁর কাছে কবিতা ব্যক্তিগত আবেগের বিচ্ছিন্ন প্রকাশ নয়। প্রত্যক্ষ পৃথিবীর সঙ্গে মনের সম্পর্কের মধ্যেই কবিতার যথার্থতা গড়ে ওঠে। একই চিঠিতে তিনি আরও লিখেছিলেন:
“আজকের দিনের পৃথিবীতে স্বচ্ছ উচ্ছল সুখের সুর কবিতায় তেমন সহজে বেজে উঠতে চায় না।”

এই উপলব্ধির মধ্যে আধুনিক সময়ের সংকট স্পষ্ট। তবে তিনি সুখ ও দুঃখকে সম্পূর্ণ বিপরীত অভিজ্ঞতা হিসেবে দেখেননি। তাঁর আকাঙ্ক্ষা ছিল এমন একটি কাব্যসুর নির্মাণ করা, যেখানে জীবনের পরস্পরবিরোধী অভিজ্ঞতাগুলো একত্র হতে পারে।

অমিয় চক্রবর্তীর কবিতায় মানবতাবাদ একটি কেন্দ্রীয় প্রবণতা। তাঁর বিশ্বদৃষ্টি কোনো বিমূর্ত আন্তর্জাতিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের দুঃখ, যুদ্ধ, ধর্মীয় বিভাজন এবং নৈতিক দায় তাঁর চিন্তার অংশ। ‘প্রাণের ভর্ৎসনা’ (১৯৭৬) কবিতায় তিনি প্রশ্ন করেন:
জানি ধর্ম তাই। কোন্ ধর্ম?
ধর্ম কি খ্রীস্টান? প্রাণে-বাঁচা সে কি হিন্দু? আয়ু বৌদ্ধ?
নিঃশ্বাস-প্রশ্বাস মুসলমানী? রক্ত শিন্টো? জৈন? চৈন?

এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে ধর্মীয় পরিচয়ের আরোপিত বিভাজনকে তিনি মানুষের মৌলিক অস্তিত্বের সামনে দাঁড় করান। শ্বাস, রক্ত, জীবন ও করুণা কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ের সম্পত্তি নয়। ধর্মের মূল্য তাঁর কাছে মানুষের কল্যাণ, করুণা ও সৃষ্টিশীলতার সঙ্গে সম্পর্কিত। এই মানবতাবাদ তিরিশের আধুনিকতার একটি স্বতন্ত্র দিককে প্রকাশ করে। আধুনিকতা এখানে বিশ্বাসের সম্পূর্ণ অবসান নয়। বরং প্রতিষ্ঠিত পরিচয় ও মতবাদের পুনর্বিচার। অমিয় চক্রবর্তীর কবিতায় আধ্যাত্মিকতা আছে, তবে তা প্রচলিত ধর্মীয় অনুশাসনের অনুসরণ নয়। ব্যক্তিমানস, বিশ্বপ্রকৃতি এবং মানবিক দায়ের মধ্যে তিনি এক ধরনের সম্পর্ক খুঁজেছেন।

অমিয় চক্রবর্তীর কবিতার ভাষা প্রথম পাঠে কখনো খণ্ডিত বা ঘন বলে মনে হতে পারে। এর কারণ তাঁর বাক্যরীতি এবং চিত্রকল্পের দ্রুত পরিবর্তন। তিনি প্রচলিত ছন্দ ও গীতলতার পাশাপাশি কথ্যভাষা, গদ্যছন্দ এবং অসম বাক্যগঠন ব্যবহার করেছেন। তাঁর কবিতায় একটি দৃশ্য থেকে আরেকটি দৃশ্যে দ্রুত সরে যাওয়া, ভিন্ন ভৌগোলিক অবস্থানকে পাশাপাশি রাখা এবং কথোপকথনের মধ্যে দার্শনিক উপলব্ধি সৃষ্টি করার প্রবণতা আছে। পাঠককে প্রায়ই দৃশ্যগুলোর মধ্যকার সম্পর্ক নিজে নির্মাণ করতে হয়। এই ভাষার ভেতরে বিদেশি অভিজ্ঞতা থাকলেও তার ভিত্তি বাংলা ভাষা ও বাঙালির জীবনবোধ। তাঁর শব্দপ্রয়োগে কখনো দেশজ ঘনত্ব, কখনো শিক্ষিত নাগরিক উচ্চারণ এবং কখনো বিশ্বভ্রমণের অভিঘাত পাশাপাশি অবস্থান করে। ফলে তাঁর কাব্যভাষা একটি চলমান ও বহুস্বরিক রূপ লাভ করেছে।

অমিয় চক্রবর্তীর সাহিত্যজীবনের একটি তাৎপর্যপূর্ণ দিক তাঁর প্রকাশনা-সংক্রান্ত উদ্বেগ। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি নরেশ গুহর ওপর কবিতা সংগ্রহ, পাণ্ডুলিপি প্রস্তুত, প্রকাশকের সঙ্গে যোগাযোগ এবং প্রুফ দেখার জন্য গভীরভাবে নির্ভর করতেন। চিঠিগুলোতে দেখা যায়, নিজের কবিতা বই আকারে প্রকাশিত হবে কি না, তা নিয়ে তিনি দীর্ঘদিন উৎকণ্ঠিত ছিলেন। তিনি নরেশ গুহকে নিজের সম্পাদক হিসেবে দায়িত্ব নিতে বলেন। প্রয়োজনে প্রকাশনার ব্যয়ের একটি অংশ বহনের প্রস্তাবও দেন। কোথাও তিনি লিখেছেন, প্রবাসে বাংলা কবিতার যে সাধনা করেছেন, তার সামান্য পরিচয় রেখে যেতে চান। আবার কোথাও জীবনের অনিশ্চয়তার কথা উল্লেখ করে দ্রুত বই প্রকাশের অনুরোধ করেছেন। এই চিঠিগুলো একজন প্রতিষ্ঠিত কবির ব্যক্তিগত অসহায়তার দলিলও। আন্তর্জাতিক পরিসরে শিক্ষকতা ও সাহিত্যচর্চা করলেও বাংলা ভাষায় নিজের কাজ প্রকাশের জন্য তাঁকে দূরদেশ থেকে বন্ধু ও ছাত্রের সহায়তার ওপর নির্ভর করতে হয়েছে। প্রবাসী লেখকের ভাষাগত ও প্রকাশনাগত বিচ্ছিন্নতার যে অভিজ্ঞতা, তার একটি ঐতিহাসিক ছবি এসব চিঠিতে পাওয়া যায়।

অমিয় চক্রবর্তীর কবিতা নিয়ে আলোচনা করতে গিয়ে তাঁকে অন্য তিরিশের কবিদের তুলনায় কম পরিচিত বলা হয়। এর একটি কারণ হতে পারে তাঁর দীর্ঘ প্রবাসজীবন। তাঁর কবিতার ভাষা, বিচ্ছিন্ন চিত্রকল্প এবং চিন্তার ঘনত্বও সাধারণ পাঠকের কাছে সহজ প্রবেশের পথ তৈরি করেনি। তবু বাংলা আধুনিক কবিতায় তাঁর অবদান স্বতন্ত্র। তিনি রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, আবার রবীন্দ্র-পরবর্তী কাব্যভাষার নির্মাতাদের একজনও। তিনি বিশ্বসাহিত্যের পাঠকে বাংলা কবিতার সঙ্গে যুক্ত করেছেন। প্রবাস, যাত্রা, আধুনিক সভ্যতার সংকট, মানবিক সংযোগ এবং আধ্যাত্মিক অনুসন্ধান তাঁর কবিতায় একটি সম্মিলিত রূপ পেয়েছে। তাঁর আধুনিকতা বিদ্রোহী ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয়। ভাষা, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মধ্য দিয়ে তা গড়ে উঠেছে। তাঁর কবিতা বিশ্বকে দূর থেকে দেখে, আবার সেই দূরত্ব অতিক্রম করে মানুষের ঘর, স্মৃতি ও পরিচয়ের দিকে ফিরে আসে।

অমিয় চক্রবর্তী তিরিশের আধুনিক বাংলা কবিতার একজন গুরুত্বপূর্ণ নির্মাতা। রবীন্দ্রসান্নিধ্য, বিশ্বসাহিত্যের গভীর পাঠ, বহুদেশ ভ্রমণ, প্রবাসজীবন এবং মানবিক দর্শন তাঁর কবিতাকে স্বতন্ত্রতা দিয়েছে। তাঁর রচনায় ব্যক্তিগত অনুভব ও প্রত্যক্ষ পৃথিবী পরস্পরের সঙ্গে যুক্ত। সেখানে আধুনিক সময়ের সংকট আছে, পাশাপাশি আছে মানুষের প্রতি আস্থা ও সংযোগের আকাঙ্ক্ষা। তিরিশের কবিতায় তাঁর অবস্থান বুঝতে হলে পরিচিত কয়েকটি অভিধা বা প্রশংসাসূচক মন্তব্যের ওপর নির্ভর না করে তাঁর কবিতা, প্রবন্ধ ও চিঠি পাঠ করা প্রয়োজন। এসব রচনার মধ্যেই ধরা পড়ে একজন কবির আত্মসংগ্রাম, ভাষার পরীক্ষা, বিশ্বদৃষ্টি এবং বাংলা কবিতার নতুন পথ নির্মাণের প্রচেষ্টা।

তিরিশের আধুনিক বাংলা কবিতার ইতিহাসে অমিয় চক্রবর্তীর গুরুত্ব তাঁর স্বতন্ত্র কাব্যভাষা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং মননশীল কাব্যচিন্তার মধ্যেই নিহিত। তাঁর সাহিত্যকর্ম বাংলা আধুনিক কবিতার বিবর্তন বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পাঠ।#

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!