১ মার্চ ১৯৭১: স্বাধীনতার অভিযাত্রা

আবার ফিরে এলো স্বাধীনতার মাস। ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় এক অগ্নিগর্ভ দিনকে, ১৯৭১ সালের ১ মার্চ। সেদিন পুরো দেশ, বিশেষ করে ঢাকা, রূপ নিয়েছিল এক উত্তাল জনসমুদ্রে। ১৯৭১ সালের ১ মার্চ, পুরো বাংলাদেশ যেন এক অগ্নিগর্ভ। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এদিন বেতার ভাষণে ঘোষণা দেন যে ৩ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হলো। তিনি বলেন,
“পাকিস্তানের একটি প্রধান দল, পিপলস পার্টি, এবং অন্যান্য কয়েকটি দল অধিবেশনে অংশগ্রহণ করতে চায়নি; তাই এই সিদ্ধান্ত নেওয়া হলো।”

বাঙালির কাছে এটি ছিল স্পষ্ট প্রতারণা। ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগ-এর হাতে ক্ষমতা হস্তান্তর এড়ানোর কৌশল হিসেবেই মানুষ এই ঘোষণাকে দেখেছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে ঢাকা উত্তাল হয়ে ওঠে।

সেই সময় ঢাকা স্টেডিয়ামে বর্তমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পাকিস্তান বনাম বিশ্ব একাদশের ক্রিকেট ম্যাচ চলছিল। বেতার ভাষণের খবর ছড়িয়ে পড়তেই দর্শকরা খেলা ছেড়ে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে হাজারো মানুষ পল্টন ও গুলিস্তান এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। স্লোগান ও প্রতিবাদে রাজপথ কাঁপতে থাকে।

মতিঝিলের পূর্বাণী হোটেলে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক হওয়ার কথা ছিল। ক্ষুব্ধ ছাত্ররা হোটেলের সামনে গিয়ে প্রথমবারের মতো উচ্চারণ করে ঐতিহাসিক স্লোগান দেয় ” বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।”

তারা সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কাছে কর্মসূচি ঘোষণার দাবি জানান। হোটেলের ভেতরে তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন, বাইরে বিক্ষুব্ধ জনতার ঢেউ ক্রমেই আরও তীব্র হয়ে ওঠে। সেদিন ঢাকার বাতাসে ছিল বিদ্রোহের গন্ধ, স্বাধীনতার প্রত্যয় ও এক অনিবার্য সিদ্ধান্তের পূর্বাভাস।

১ মার্চের বিস্ফোরিত ক্ষোভ পরবর্তীতে অসহযোগ আন্দোলনে রূপ নেয়। প্রশাসন অচল হয়ে পড়ে, কার্যত পূর্ববাংলার নিয়ন্ত্রণ চলে আসে বাঙালির হাতে। এরপরেই ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু দিকনির্দেশনা দেন, ২৫ মার্চের গণহত্যার পর শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ।

১৯৭১ সালের ১ মার্চ ইতিহাসে স্থায়ী হয়ে আছে স্বাধীনতার আন্দোলনের প্রথম সিঁড়ি হিসেবে। সেদিনের উত্তাল জনসমুদ্র, ছাত্রদের সাহসী স্লোগান ও নেতৃত্বের দৃঢ় অবস্থান মিলেই তৈরি করেছিল সেই অদম্য শক্তি, যার পরিণতিতে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।#

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!