নদী যখন মানবজীবনের মহাকাব্য: বাংলা উপন্যাসে নদী ও জীবনদর্শন

গবেষক: আলোলিকা চ্যাটার্জী
তত্ত্বাবধায়ক: ড. অনাথবন্ধু চ্যাটার্জী
বিভাগ: বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ
প্রতিষ্ঠান: সিকম স্কিলস্ ইউনিভার্সিটি

প্রকাশনা: সময়ের শব্দ
ISSN: 2704-1387
প্রকাশের তারিখ: ১৫ আগস্ট, ২০২৬

সারসংক্ষেপ:

বাংলা কথাসাহিত্যে নদী কেবল প্রাকৃতিক বা ভৌগোলিক উপাদান নয়; মানুষের জীবন, জীবিকা, সমাজ, সংস্কৃতি, ইতিহাস ও অস্তিত্ববোধের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এক সক্রিয় নির্মাণশক্তি। ‘নদী যখন মানবজীবনের মহাকাব্য: বাংলা উপন্যাসে জল, জনপদ ও জীবনদর্শনের নির্মাতা’ শীর্ষক এই গবেষণায় বাংলা নদীকেন্দ্রিক উপন্যাসের বহুমাত্রিক তাৎপর্য অনুসন্ধান করা হয়েছে। নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদ, অর্থনৈতিক জীবন, শ্রমসংস্কৃতি, লোকবিশ্বাস, উৎসব, প্রেম, পারিবারিক সম্পর্ক, শ্রেণিসংঘাত ও অস্তিত্বসংকট বাংলা উপন্যাসের আখ্যান ও চরিত্র নির্মাণে কীভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে, তা এই আলোচনার অন্যতম প্রধান বিষয়।

গবেষণায় নদীর জলকে জীবন, উর্বরতা, সৃষ্টিশীলতা, সময়ের প্রবাহ ও পুনর্জন্মের প্রতীক হিসেবে বিবেচনার পাশাপাশি বন্যা, ভাঙন, চরজাগা, জোয়ার-ভাটা ও নদীর গতিপরিবর্তনের মধ্য দিয়ে জীবনের অনিশ্চয়তা, ক্ষয়, বিচ্ছেদ ও পুনর্গঠনের দার্শনিক তাৎপর্য বিশ্লেষণ করা হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’, অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘ইছামতী’, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘হাঁসুলী বাঁকের উপকথা’, সমরেশ বসুর ‘গঙ্গা’ এবং আবু ইসহাকের ‘পদ্মার পলিদ্বীপ’সহ বিভিন্ন উপন্যাসের আলোকে নদী ও মানবজীবনের পারস্পরিক সম্পর্ক অনুসন্ধান করা হয়েছে। বিশেষ গুরুত্ব পেয়েছে নদীকে ঘিরে গড়ে ওঠা জনজীবন, লোকসংস্কৃতি, জীবিকার অনিশ্চয়তা, প্রেম, স্মৃতি ও সামষ্টিক অস্তিত্বের প্রশ্ন।

দুই বাংলার নদীকেন্দ্রিক উপন্যাসকে একটি অভিন্ন ভূ-সাংস্কৃতিক পরিসরে বিবেচনা করে গবেষণায় প্রতীয়মান হয় যে, রাজনৈতিক সীমারেখা নদী ও নদীনির্ভর মানুষের অভিজ্ঞতাকে বিভক্ত করতে পারেনি। পদ্মা, গঙ্গা, তিতাস, মেঘনা, কর্ণফুলী ও তিস্তার সঙ্গে যুক্ত মানুষের জীবনসংগ্রাম, শ্রম, ভাঙন, স্মৃতি ও সাংস্কৃতিক অভিজ্ঞতা এক গভীর মানবিক সূত্রে আবদ্ধ। ফলে বাংলা উপন্যাসে নদী নিছক পটভূমি নয়; নদী একই সঙ্গে চরিত্র, প্রতীক, ইতিহাস, সভ্যতা ও জীবনদর্শনের নির্মাতা। এই অর্থে নদী বাংলা উপন্যাসে মানবজীবনের এক চলমান মহাকাব্য, যার প্রবাহে জীবন, সমাজ, সংস্কৃতি ও সময়ের অন্তহীন যাত্রা প্রতিফলিত হয়।

মূল শব্দ:

নদী, বাংলা উপন্যাস, নদীকেন্দ্রিক উপন্যাস, জনপদ, লোকসংস্কৃতি, জীবনদর্শন, ভূ-সাংস্কৃতিক চেতনা, তিতাস একটি নদীর নাম, পদ্মানদীর মাঝি।

‘নদী যখন মানবজীবনের মহাকাব্য: বাংলা উপন্যাসে জল, জনপদ ও জীবনদর্শনের নির্মাতা’— এই প্রেক্ষিত ভাবনার মূলে রয়েছে বাংলা নদীকেন্দ্রিক উপন্যাসের বহুমাত্রিক তাৎপর্য,যা একসূত্রে গ্রথিত করার প্রয়াস রাখা হয়েছে। এখানে নদীকে নিছক একটি প্রাকৃতিক সত্তা বা ভৌগোলিক উপাদান হিসেবে নির্ধারণ করা হয়েছে এমনটা নয়; বরং মানবসভ্যতার বিকাশ, সমাজ-সংস্কৃতির নির্মাণ, অর্থনৈতিক জীবনপ্রবাহ এবং অস্তিত্ববোধের অন্যতম প্রধান নিয়ামক শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। শিরোনামের প্রতিটি শব্দই একটি বিস্তৃত তাত্ত্বিক পরিসরের দিকে ইঙ্গিত করে, যা বাংলা উপন্যাসে নদীর বহুমুখী উপস্থিতিকে নতুন আলোয় অনুধাবন করার সুযোগ করে দেয়।

বলাবাহুল্য, শিরোনামের প্রথমাংশ—‘নদী যখন মানবজীবনের মহাকাব্য’—একটি শক্তিশালী রূপক নির্মাণ বলা যেতে পারে। মহাকাব্য যেমন একটি জাতির দীর্ঘ ইতিহাস, সংগ্রাম, সংকট, বীরত্ব, প্রেম, ট্র্যাজেডি এবং সভ্যতার বিবর্তনের ধারক, তেমনি নদীও যুগে যুগে মানবজীবনের সমস্ত সৃষ্টিশীল ও বিধ্বংসী অভিজ্ঞতার নীরব সাক্ষী। নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যাত্রাপথ যেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনযাত্রারই প্রতিরূপ। নদীর ভাঙন, চরজাগা, জোয়ার-ভাটা, প্রবাহ ও স্থবিরতা মানুষের জীবনসংগ্রাম, উত্থান-পতন, আশা-নিরাশা এবং সময়ের অনিবার্য পরিবর্তনের রূপক হয়ে ওঠে। এই কারণেই নদী কেবল কাহিনির প্রেক্ষাপট নয়; বরং মানবজীবনের এক চলমান মহাকাব্য, যার প্রতিটি বাঁক ইতিহাস ও অভিজ্ঞতার নতুন অধ্যায় রচনা করে।

আবার, শিরোনামে ব্যবহৃত ‘জল’ শব্দটি বহুমাত্রিক অর্থবহ ও তাৎপর্য বহন করছে । জল এখানে নদীর দৃশ্যমান অস্তিত্ব হলেও এর তাৎপর্য কেবল ভৌত নয়; বরং জীবন, সৃষ্টি, উর্বরতা, পুনর্জন্ম এবং চিরপ্রবহমান সময়ের প্রতীক হিসেবে পরিগণিত হচ্ছে। পৃথিবীর অধিকাংশ সভ্যতা যেমন নদীতীরে গড়ে উঠেছে, তেমনি বাংলা উপন্যাসেও নদীর জল মানুষের জীবন, জীবিকা ও সংস্কৃতির মূল অবলম্বন। কখনও এই জল অন্নের নিশ্চয়তা দিয়েছে, কখনও ভয়াবহ বন্যা ও ভাঙনের মাধ্যমে জীবনের নির্মম বাস্তবতাকে সামনে এনেছে। ফলে জল একই সঙ্গে জীবনদাত্রী এবং জীবনসংহারিণী—এই দ্বৈত স্বরূপই বাংলা নদীকেন্দ্রিক উপন্যাসে গভীর শিল্পরূপ লাভ করেছে।

‘জনপদ’ শব্দটির অন্তর্নিহিত তাৎপর্য আরও বিস্তৃত , একথা অনস্বীকার্য। নদীকে কেন্দ্র করেই মানুষের বসতি, কৃষি, বাণিজ্য, নৌ-সংস্কৃতি, লোকবিশ্বাস এবং আঞ্চলিক পরিচয়ের বিকাশ ঘটেছে। তাই নদীভিত্তিক উপন্যাসে জনপদ কেবল একটি ভৌগোলিক সীমারেখা নয়; এটি একটি সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বাস্তবতার সম্মিলিত রূপ। মানুষের ভাষা, আচার, পেশা, উৎসব, লোকসংগীত, ধর্মীয় বিশ্বাস, পারিবারিক সম্পর্ক এবং শ্রেণিবিন্যাস—সবকিছুই নদীকে কেন্দ্র করে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিমণ্ডল নির্মাণ করেছে। এই কারণেই নদীকেন্দ্রিক বাংলা উপন্যাসে জনপদ নিজেই একটি জীবন্ত চরিত্রে পরিণত হয়, যা কাহিনির প্রতিটি স্তরে সক্রিয় ভূমিকা পালন করে।

এ প্রসঙ্গে স্মরণীয় আচার্য্য জগদীশ চন্দ্র বসুর কালজয়ী সেই বাক্যমালা,
“আমাদের বাড়ির নিম্নেই গঙ্গা প্রবাহিত। বাল্যকাল হইতেই নদীর সহিত আমার সখ্য জন্মিয়াছিল, বৎসরের এক সময়ে কূল প্লাবন করিয়া জলস্রোত বহুদূর পর্যন্ত বিস্তৃত হইত, আবার হেমন্তের শেষে ক্ষীণ কলেবর ধারণ করিত। প্রতিদিন জোয়ার ভাঁটায় বারিপ্রবাহের পরিবর্তন লক্ষ্য করিতাম। নদীকে আমার একটি গতি পরিবর্তশীল জীব বলিয়া মনে হইত। সন্ধ্যা হইলেই একাকী নদীতীরে আসিয়া বসিতাম। ছোট ছোট তরঙ্গগুলি তীরভূমিতে আছড়াইয়া পড়িয়া কুলু কুলু গীত গাহিয়া অবিশ্রান্ত চলিয়া যাইত; যখন অন্ধকার গাঢ়তর হইয়া আসিত এবং বাহিরের কোলাহল একে একে নীরব হইয়া যাইত; তখন নদীর সেই কুলু কুলু ধ্বনির মধ্যে কত কথাই শুনিতে পাইতাম। কখন মনে হইত, এই যে অজস্র জলধারা প্রতিদিন চলিয়া যাইতেছে ইহা তো কখনও ফিরে না, তবে এই অনন্ত স্রোেত কোথা হইতে আসিতেছে? ইহার কি শেষ নাই? নদীকে জিজ্ঞাসা করিতাম ‘তুমি কোথা হইতে আসিতেছ’ নদী উত্তর করিত ‘মহাদেবের জটা হইতে।’ তখন ভগীরথের গঙ্গা আনয়ন বৃত্তান্ত স্মৃতিপথে উদিত হইত। তাহার পর বড় হইয়া নদীর উৎপত্তি সম্বন্ধে অনেক ব্যাখ্যা শুনিয়াছি, কিন্তু যখনই শ্রান্তমনে নদীতীরে বসিয়াছি তখনই সেই চিরাভ্যস্ত কুলু কুলু ধ্বনির মধ্যে সেই পূর্ব কথা শুনিতাম ‘মহাদেবের জটা হইতে।…” ১

প্রসঙ্গত বলতে হয়, শিরোনামের অন্যতম গুরুত্বপূর্ণ শব্দ ‘জীবনদর্শন’। বাংলা উপন্যাসে নদী কেবল বাহ্যিক জীবনযাত্রার নয়, মানুষের অন্তর্জীবনেরও প্রতীক। নদীর অবিরাম প্রবাহ সময়ের অপ্রতিরোধ্য গতি, নদীর ভাঙন পরিবর্তনের অনিবার্যতা, নদীর গভীরতা মানবমনের রহস্য এবং নদীর মোহনা চূড়ান্ত পরিণতির দার্শনিক ইঙ্গিত বহন করে। ফলে নদী মানুষের অস্তিত্ব, নিয়তি, স্বাধীনতা, সংগ্রাম, প্রেম, মৃত্যু এবং মুক্তির প্রশ্নকে নতুনভাবে ভাবতে শেখায়। নদী তাই কেবল প্রকৃতি নয়; এটি একটি জীবনদর্শন, যা মানুষকে পরিবর্তনকে গ্রহণ করতে, ক্ষয় থেকে সৃষ্টির সম্ভাবনা খুঁজে নিতে এবং অনিশ্চয়তার মধ্যেও জীবনকে অর্থপূর্ণ করে তুলতে উদ্বুদ্ধ করে। উল্লেখ্য,এই শিরোনামের সর্বাধিক তাৎপর্য নিহিত রয়েছে ‘নির্মাতা’ শব্দটির মধ্যে। এখানে নদীকে কোনো নিষ্ক্রিয় প্রেক্ষাপট হিসেবে নয়, বরং সক্রিয় নির্মাণশক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। নদী জনপদ নির্মাণ করে, অর্থনীতিকে সচল রাখে, সমাজের শ্রেণিবিন্যাস নির্ধারণ করে, সংস্কৃতির বিকাশ ঘটায় এবং মানুষের জীবনদর্শনকে প্রভাবিত করে। আবার নদীর ভাঙন পুরোনো সমাজব্যবস্থাকে ধ্বংস করে নতুন জনপদ, নতুন অর্থনীতি এবং নতুন সামাজিক সম্পর্কের জন্ম দেয়। অর্থাৎ নদী একই সঙ্গে সৃষ্টির, পরিবর্তনের এবং পুনর্নির্মাণের শক্তি। এই নির্মাণশীল ক্ষমতাই নদীকে বাংলা উপন্যাসে একটি স্বতন্ত্র নায়কের মর্যাদা দিয়েছে।

‘সভ্যতার উন্মেষ ও বিকাশে নদীর ভূমিকা বঙ্গভূমির প্রেক্ষিতে’ ড. রেবতীমোহন সরকার বলেছেন,
“মানব সংস্কৃতি ও সভ্যতার উন্মেষ এবং ক্রমবিকাশের সঙ্গে নদী প্রত্যক্ষভাবে যুক্ত। পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায়েই নদীসমূহের উৎপত্তি হয়েছিল। পরবর্তী পর্যারে এই রেপ ধীরে ধীয়ে বাড়তে থাকে। প্রাকৃতিক ভাই-ভারতের কালেই একসময় প্রণিপ্রাপ্ত বৃষ্টিপাতের সুচনা হয়েছিল যার কোনও বীমা-পরিসীমা ছিল না। সেই সময়ে তৈরি হয়েছিল নানা সরনের প্রাকৃতিক জলাশয়। আবার উচ্চভূমিতে পতিত জলবাশি প্রাকৃতিক প্ররণেই নিম্নাভিমুখী হয়েছিল। প্রথাগত সৃষ্টিপাত মাটির বুকে জলধারা সৃষ্টি করে হয়েছে নদী এবং মাধ্যাকর্ষণের প্রভাবে সেই নদীর জল মাটির সূতে গন্থর কেটে কেটে এগিয়ে চলে।…”২

আবার, চন্দনসুরভি দাস নদীর ব্যথা গভীরভাবে উপলব্ধি করে ‘বিশ্বের নদীরা আজ কেমন আছে’‌ শিরোনামাঙ্কিত একটি রচনায় লিখেছেন,”বিশ্বের সব নদী আজ অসুস্থ। কেউ কেউ ঢলে পড়েছে মৃত্যুর কোলে, কেউ কেউ আইসিইউ-তে। অথচ মানব সভ্যতা শুরু হয়েছিল নদীর তীরে, নদীর প্রবহমান জলাকে কেন্দ্র করে। যাযাবর জীবন থেকে হোমোেস্যাপিয়ান প্রথম জনপদ তৈরি করেছিল নদীর তীরে। জনপদ, সভ্যতা যত বড় হয়েছে, নদী তত শুকিয়েছে। পরিবর্তিত হয়েছে নদী মানচিত্র। ক্রমেই দীর্ঘ হচ্ছে সেই তালিকা। এই তালিকায় কে নেই? বিশ্বের তাবড় তাবড় নদী গরিমা হারিয়ে ঢুকে পড়েছে মৃতপ্রায় নদীর তালিকায়, পলির ভারে জর্জরিত, শুকিয়ে যাচ্ছে ক্রমশ। কাকে বলব মৃতপ্রায় নদী? নদীর জীবন্ত থাকার একমাত্র ওষুধ জলের প্রবাহ। এই প্রবাহ প্রায় সর্বদা এবং নদীর সব অংশে সমান থাকে না। না থাকলেও সমস্যা নেই। কারণ এই অসম প্রবাহ তৈরি হয় নিজস্ব নদী-ঋতুবর্তন। দীর্ঘ সময়ে এই ঋতুবর্তনই তৈরি করে জীবনচক্র। জীবনচক্রে আঘাত এলেই শুরু হয় অসুস্থতা। ওষুধ না পেলেই এগিয়ে যায় মৃত্যুমুখে, এরাই মৃতপ্রায় নদী।” ৩
নদীর কথা আসলে ঘুরেফিরে মানবজীবন ও মানবজমিনের কথা। একইসঙ্গে জীবন রূপ নদীর কথা।

এই প্রেক্ষিতে বলতে হয়,বাংলা কথাসাহিত্যের স্মরণীয় স্রষ্টা মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’-তে পদ্মা কেবল জেলেদের জীবিকার উৎস নয়; মানুষের নিয়তি, স্বপ্ন ও সংগ্রামের প্রতীক। অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’-এ নদীর মৃত্যু একটি সম্পূর্ণ জনগোষ্ঠীর সাংস্কৃতিক মৃত্যুর সমার্থক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘ইছামতী’-তে নদী ইতিহাস ও প্রকৃতির চিরন্তন ধারাবাহিকতার প্রতীক; তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘হাঁসুলী বাঁকের উপকথা’-য় নদী আঞ্চলিক সমাজ ও লোকবিশ্বাসের প্রাণকেন্দ্র; সমরেশ বসুর ‘গঙ্গা’ কিংবা আবু ইসহাকের ‘পদ্মার পলিদ্বীপ’-এ নদী মানুষের অর্থনৈতিক অস্তিত্ব, সংগ্রাম এবং জীবনসংকটের প্রধান নিয়ামক। এইসব উপন্যাসে নদী কাহিনির পটভূমি নয়; বরং কাহিনির অন্যতম নির্মাতা।

“পদ্মাকে কেন্দ্রস্থলে স্থাপন করে পদ্মানদীর ধীবরদের বিচিত্র জীবনধারা এতে ধরা পড়েছে। ওই সব নিম্নবর্ণের মানুষদের জীবনচর্যা ঈর্ষা-বিদ্বেষ, কলহ-সংঘাত, প্রেম-প্রীতির আবর্ত রচনা করেছে যার মধ্যে জীবনতরী অনিবার্য পরিণতির দিকে এগিয়ে চলে। ‘উপন্যাসটির সর্বশ্রেষ্ঠ গুণ হইতেছে ইহার সম্পূর্ণরূপে নিম্নশ্রেণী অধ্যুষিত গ্রাম্যজীবনের চিত্রাঙ্কণে সূক্ষ্ম ও নিখুঁত পরিমিতিবোধ, ইহার সংকীর্ণ পরিধির মধ্যে সনাতন মানব প্রবৃত্তিগুলির ক্ষুদ্র সংঘাত ও মৃদু উচ্ছ্বাসের যথাযথ সীমানির্দেশ।’কুবেরের সঙ্গে কপিলার নিষিদ্ধ অনৈতিক সম্পর্ক জটিল মুহূর্তের রচনা করেছে-শেষ পর্যন্ত উভয়েই আপনাপন সংসারকে পরিত্যাগ করে অনির্দেশ্য অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছে। উপন্যাসের সর্বাপেক্ষা বিচিত্র চরিত্র হোসেন মিয়া-তার রহস্যময় কার্যবিধি প্রবল শক্তিমত্তা ধীবরদের ওপর তার প্রভাব তাকে প্রায় বিধাতার মতো প্রবল ও অপ্রতিরোধ্য করে তুলেছে। সমুদ্রের মধ্যে তার আবিষ্কৃত দ্বীপটি গ্রামের মানুষদের কাছে কল্পলোকের বার্তা বহন করে এনেছে যার মোহে আচ্ছন্ন মানুষ সেই অচেনা আজানা রহস্যময় জীবনকে বরণ করার জন্য উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে।…”৪

অতএব, ‘নদী যখন মানবজীবনের মহাকাব্য : বাংলা উপন্যাসে জল, জনপদ ও জীবনদর্শনের নির্মাতা’ শিরোনামটি বাংলা নদীকেন্দ্রিক উপন্যাসের সামগ্রিক তাত্ত্বিক ভিত্তিকে ধারণ করে। এটি নদীকে প্রকৃতি, সমাজ, ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি এবং দর্শনের সমন্বিত পরিসরে মূল্যায়ন করে। একই সঙ্গে এই নামকরণ প্রমাণ করে যে, বাংলা উপন্যাসে নদী কখনও নিছক দৃশ্যপট নয়; বরং মানবসভ্যতার ইতিহাস নির্মাণকারী, জনপদের প্রাণস্পন্দন সৃষ্টিকারী এবং জীবনদর্শনের অন্যতম প্রধান উৎস। সেই অর্থে নদী বাংলা উপন্যাসে একটি চরিত্র, একটি প্রতীক, একটি সভ্যতা এবং সর্বোপরি মানবজীবনের এক অনন্ত মহাকাব্য।

বলাবাহুল্য, বাংলা উপন্যাসের ইতিহাসে নদী কখনো কেবল প্রাকৃতিক অনুষঙ্গ নয়, বরং জীবন, সমাজ ও সভ্যতার অন্যতম নির্মাতা। প্রাচীন বাংলা সাহিত্য থেকে আধুনিক উপন্যাস পর্যন্ত নদী মানুষের অস্তিত্ব, জীবিকা, প্রেম, স্মৃতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য প্রতীক হিসেবে উপস্থিত। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, অমিয়ভূষণ মজুমদার প্রমুখ ঔপন্যাসিকের রচনায় নদী কখনো কাহিনির পটভূমি, কখনো চরিত্রের ভাগ্যনিয়ন্তা, আবার কখনো সমগ্র জনপদের ইতিহাস ও সংস্কৃতির ধারক হয়ে উঠেছে। এই ধারার সর্বোচ্চ শিল্পিত রূপগুলির অন্যতম অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’, যেখানে নদী ও মানুষের জীবন এমনভাবে একীভূত হয়েছে যে, একটিকে অন্যটির বাইরে কল্পনা করা যায় না। সেই কারণেই তিতাস কেবল একটি নদীকেন্দ্রিক উপন্যাস নয়; এটি নদীনির্ভর এক জনগোষ্ঠীর অস্তিত্ব, সংস্কৃতি ও জীবনদর্শনের মহাকাব্য।

আবার, একথাও স্মরণীয় যে, “আবদুল জব্বারের পূর্বে পদ্মাগঙ্গার ধীবর সম্প্রদায়কে নিয়ে রচিত হয়েছে কালজয়ী দুটি উপন্যাস–‘পদ্মানদীর মাঝি’ (১৯৩৬) এবং ‘গঙ্গা’। দুটি উপন্যাসেই জলের উজ্জ্বল শস্য ইলিশ মাছ ধরার ইলিশ মাছ ধরার জেলেদের জীবনযাপনের তন্নিষ্ট চিত্র অঙ্কিত। ইলিশমারির চর উপন্যাসে দক্ষিণ ২৪ পরগনার ইলিশ মাছ শিকারীদের জীবনযাপনের তন্নিষ্ট ছবি ধরা পড়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় ও সমরেশ বসু-র সঙ্গে জব্বারের প্রথম ও প্রধান পার্থক্য প্রথমোক্ত দুজন লেখক কেউই এই সমাজের ভেতরের মানুষ নন। ধীবর জীবনকে তারা জেনেছেন শ্রুত অভিজ্ঞতা দিয়ে। সমরেশ বসু অবশ্য গঙ্গা লেখার পূর্বে জেলেদের সঙ্গে নৌকোয় নৌকোয় ঘুরেছেন। তাদের মুখে শুনেছেন তাদের জীবনের অভিজ্ঞতার কথা। মানিক পদ্মাপারের জীবনকে দেখেছেন কল্পনায়। আমার বলার উদ্দেশ্য এই নয় যে, সেই কারণে পদ্মানদীর মাঝি ও গঙ্গাতে ত্রুটি রয়েছে এবং তা কালজয়ী হওয়ার বাধাস্বরূপ।” ৫

এই প্রেক্ষিতে অনস্বীকার্য যে, “পদ্মানদীর মাঝি-র কুবের গঙ্গা-র বিলাসের মত জয়নদ্দিরও রয়েছে এক গোপন প্রেমের জীবন। হরেনের বৌ সিন্ধুর সঙ্গে। বৌ শকিনার অবশ্য সেদিকে খর নজর রয়েছে। নিজের মধ্যেও রয়েছে দ্বন্দ্ব। তারই মধ্যে দুএকবার সে মিলিত হয়েছে সিন্ধুর সঙ্গে কিন্তু কোন না কোনভাবে বেঁচে গেছে ধরা পড়তে না পড়তে। কুবের আর বিলাসের থেকে জয়নদ্দি স্বতন্ত্র। তার নিজের যেমন বড় হবার স্বতন্ত্র হবার অবিরত চেষ্টা রয়েছে তেমনি তার সহকর্মীদের প্রতি রয়েছে মমত্ববোধ ও দায়িত্ব। একা একা সে বাঁচতে চায় না। বাংলাদেশে তেভাগা আন্দোলনের জনচিত্তে যে জোয়ার এসেছিল কৃষকদের মধ্যে তার মধ্যে কোথায় যেন তার উত্তরাধিকার বহন করছে। রাজনৈতিক সচেতনতা ছাড়াই। প্রেরণা এসেছিল রতনের কাছ থেকে। দৈত্যকুলে প্রহ্লাদ সে। তারিণী মহাজনের পুত্র কলকাতা ফেরত শিক্ষিত যুবক। কুবেরের মতো সে ভালবাসার নারীকে নিয়ে পালিয়ে যায়নি। সিন্ধু যদিও একান্তে নিবিড়ভাবে জয়নদ্দির কাছে সেই ইচ্ছা প্রকাশ করেছিল। সে ভেবেছে শকিনার কথা। ভেবেছে চরের জমির কথা, স্বপ্ন দেখেছেনিজের জালের। স্বপ্ন দেখে মহাজনের ঋণমুক্তির।…” ৬

নদী বিধৌত বাংলা উপন্যাসের চরাচর অনুসন্ধানে নেমে খুব সচেতনভাবে বলা যায়,‌কাঁটাতারের রাজনৈতিক বিভাজন বাংলা ভাষা ও সাহিত্যের নদীচেতনাকে বিভক্ত করতে পারেনি। বরং দুই বাংলার নদীকেন্দ্রিক উপন্যাসসমূহ একত্রে পাঠ করলে স্পষ্ট হয় যে, নদী একটি অভিন্ন ভূ-সাংস্কৃতিক অভিজ্ঞতার নাম। পদ্মা, গঙ্গা, তিতাস, মেঘনা, কর্ণফুলী, কোপাই কিংবা তিস্তা—নামের ভিন্নতা থাকলেও এদের বুকে প্রবাহিত মানুষের জীবনসংগ্রাম, জীবিকার অনিশ্চয়তা, প্রেম, বিচ্ছেদ, ভাঙন ও পুনর্গঠনের অভিজ্ঞতা এক গভীর মানবিক সূত্রে আবদ্ধ। নদী এখানে রাষ্ট্রের সীমারেখা অতিক্রম করে মানুষ ও সমাজের সম্মিলিত স্মৃতির ধারক হয়ে ওঠে। তাই নদীকেন্দ্রিক বাংলা উপন্যাস কেবল আঞ্চলিক সাহিত্যের একটি ধারা নয়; এটি সমগ্র বাঙালির লোকজীবন, শ্রমসংস্কৃতি, অর্থনৈতিক বাস্তবতা এবং অস্তিত্বসংকটের এক বৃহত্তর আখ্যান। এই দৃষ্টিকোণ থেকে দুই বাংলার নদীভিত্তিক উপন্যাসগুলিকে একসূত্রে বিচার করলে দেখা যায়, নদী কেবল কাহিনির পটভূমি নয়; বরং ইতিহাস, ভূগোল, সমাজ, সংস্কৃতি ও মানবজীবনের এক সক্রিয় নির্মাতা। এই কারণেই নদীকেন্দ্রিক উপন্যাসের পাঠ বিচ্ছিন্ন কোনো সাহিত্য-আলোচনা নয়, বরং বাঙালির সামগ্রিক জীবনদর্শন ও ভূসাংস্কৃতিক চেতনার অনুসন্ধান।

আবার , ব্যতিক্রমী কথাকার অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’ কেবল একটি নদীকেন্দ্রিক উপন্যাস নয়; এটি একটি সম্পূর্ণ লোকসভ্যতার সাংস্কৃতিক দলিল। এখানে নদী যেমন জীবিকার অবলম্বন, তেমনি মানুষের বিশ্বাস, আনন্দ, উৎসব, প্রেম, স্মৃতি ও পরিচয়েরও আধার। ফলে উপন্যাসের লোক-উপাদানগুলি কাহিনির অলংকার নয়; বরং চরিত্র ও সমাজজীবনের স্বাভাবিক প্রকাশ। অদ্বৈত নিজে মালো সমাজের সন্তান হওয়ায় তিনি তাদের জীবনকে বাইরে থেকে পর্যবেক্ষণ করেননি, ভেতর থেকে অনুভব করেছেন। তাই উপন্যাসে লোকসংস্কৃতির প্রতিটি অনুষঙ্গ জীবনের সঙ্গে একাত্ম হয়ে উঠেছে।

উপন্যাসে ধাঁধা, রূপকথা, গল্পকথন, লৌকিক ক্রীড়া, গ্রামীণ উৎসব এবং বারো মাসের প্রকৃতিচিত্র একত্রে একটি জীবন্ত সাংস্কৃতিক জগত নির্মাণ করেছে। ঋতুচক্রের পরিবর্তনের সঙ্গে নদীর রূপ যেমন বদলায়, তেমনি বদলে যায় মানুষের কাজ, উৎসব ও অনুভূতি। প্রকৃতির এই সূক্ষ্ম রূপায়ণ জীবনানন্দীয় সংবেদনকে স্মরণ করিয়ে দিলেও অদ্বৈতের বর্ণনা আরও বাস্তব, আরও জীবনঘনিষ্ঠ। এখানে প্রকৃতি কোনো নান্দনিক দৃশ্য নয়, মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী।

মালো সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম উজ্জ্বল প্রকাশ নৌকা-বাইচ। এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, সমগ্র সমাজের সম্মিলিত জীবনোৎসব। নদীর দুই তীরে অসংখ্য নৌকার সমাবেশ, নারী-পুরুষের উৎসবমুখর উপস্থিতি এবং চারদিক জুড়ে ভেসে আসা গান—সব মিলিয়ে তিতাস যেন প্রাণের উল্লাসে জেগে ওঠে। এই নৌকা-বাইচে ব্যক্তিগত সাফল্যের চেয়ে সামষ্টিক আনন্দই বড় হয়ে ওঠে। নদী এখানে বিচ্ছিন্ন মানুষকে একত্রিত করে সমাজজীবনের সম্মিলিত চেতনা নির্মাণ করে।

এই উৎসবের প্রাণ হলো লোকগান। নৌকা-বাইচের গান, বারোমাসি, মুর্শিদা, বাউল, পুঁথি কিংবা রাধা-কৃষ্ণ বিষয়ক গীত—সবই মানুষের হৃদয়ের ভাষা। এসব গানে প্রেম, বিরহ, আশা, বেদনা এবং আধ্যাত্মিক অনুভূতি একাকার হয়ে গেছে। লক্ষণীয়, এই প্রেম কেবল শরীরী নয়; তা মানুষের অন্তর্জগতের গভীর আকাঙ্ক্ষা ও আত্মিক সম্পর্কের প্রতীক। লোকগানের মাধ্যমে অদ্বৈত দেখিয়েছেন, সংস্কৃতি কেবল বিনোদনের উপাদান নয়; তা একটি জনগোষ্ঠীর ঐতিহাসিক স্মৃতি ও অস্তিত্বের ধারক।‌ আলোচ্য উপন্যাসে বেদে সম্প্রদায়ের আগমনও বিশেষ তাৎপর্যপূর্ণ। বেদেনির সঙ্গে কিশোরের সম্পর্ক ক্ষণিকের হলেও এর মধ্যে মানবমনের স্বাভাবিক আকর্ষণ, সামাজিক বাস্তবতা এবং আত্মসংযমের সূক্ষ্ম দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। এখানে প্রেম সামাজিক নিয়মের বিরুদ্ধে বিদ্রোহে রূপ নেয় না; বরং বাস্তবতার কাছে নীরবে আত্মসমর্পণ করে। এই সংযত উপস্থাপনাই উপন্যাসকে কৃত্রিম রোমান্টিকতা থেকে মুক্ত রেখে জীবনঘনিষ্ঠ শিল্পে উন্নীত করেছে।

হোলি উৎসবের বর্ণনাও উপন্যাসের লোকজ ঐতিহ্যকে গভীরতা দিয়েছে। রাধা-কৃষ্ণের পালাগান, প্রশ্নোত্তরমূলক গীত, রসিকতা, নৃত্য এবং আঞ্চলিক ভাষার ব্যবহার গ্রামীণ সমাজের সাংস্কৃতিক প্রাণশক্তিকে স্পষ্ট করে তোলে। এইসব পালাগান কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়; এগুলো মানুষের সামাজিক মেলবন্ধন, শিল্পরুচি এবং সৃজনশীলতার বহিঃপ্রকাশ।

বলাবাহুল্য, ‘তিতাস’ একটি নদীর নাম-এ লোকসংস্কৃতি কোনো বিচ্ছিন্ন উপাদান নয়; সেটিই উপন্যাসের প্রাণ। নদী, প্রকৃতি, লোকগান, উৎসব, প্রেম, বিশ্বাস এবং সামষ্টিক জীবন—সব মিলিয়ে অদ্বৈত মল্লবর্মণ একটি বিলীয়মান সভ্যতার পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ইতিহাস নির্মাণ করেছেন। তিতাসের জলধারা যেমন ক্রমে শুকিয়ে যায়, তেমনি তার সঙ্গে বিলীন হতে থাকে মালো সমাজের লোকঐতিহ্যও। এই কারণেই উপন্যাসটি কেবল একটি নদীর কাহিনি নয়; এটি বাংলার নদীমাতৃক লোকজীবনের এক অনন্য মহাকাব্য, যেখানে সংস্কৃতি ও জীবন পরস্পরের অবিচ্ছেদ্য রূপে ধরা দিয়েছে।

অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’-এর সবচেয়ে বড় সাফল্য এখানেই যে, তিনি নদীকে কখনও নিছক প্রাকৃতিক উপাদান হিসেবে দেখেননি; বরং নদীকে একটি জনগোষ্ঠীর অস্তিত্ব, স্মৃতি ও ইতিহাসের সমার্থক করে তুলেছেন। তিতাস শুকিয়ে যাওয়া মানে কেবল একটি নদীর জলরাশি হারিয়ে যাওয়া নয়; এর অর্থ একটি জীবনব্যবস্থা, একটি লোকসংস্কৃতি এবং একটি স্বতন্ত্র জনসমাজের ক্রমবিলুপ্তি। এই কারণেই উপন্যাসটি পরিবেশ, সমাজ ও সংস্কৃতির আন্তঃসম্পর্ককে অসাধারণ শিল্পসচেতনতায় ধারণ করেছে। বাসন্তীর চরিত্রে যেমন শেকড়ের প্রতি অমোঘ টান, আত্মপরিচয়ের সংকট এবং সাংস্কৃতিক বিপর্যয়ের আর্তি ধ্বনিত হয়েছে, তেমনি তিতাস নদীও ক্রমশ তার প্রাণশক্তি হারিয়ে একটি মৃতপ্রায় সভ্যতার প্রতীকে পরিণত হয়েছে। ব্যক্তি ও প্রকৃতির এই সমান্তরাল পরিণতি উপন্যাসটিকে গভীর প্রতীকী ব্যঞ্জনায় সমৃদ্ধ করেছে। একই সঙ্গে অদ্বৈত নদীর বহমানতাকে মানবজীবনের দর্শনের সঙ্গে যুক্ত করেছেন। নদীর মতো মানুষের জীবনও পরিবর্তনশীল—কখনও পূর্ণতা, কখনও ভাঙন, কখনও উচ্ছ্বাস, কখনও নিঃসঙ্গতা। এই জীবনদর্শনের মধ্যেই প্রেম, বিচ্ছেদ, মাতৃত্ব, স্মৃতি ও মৃত্যুর অভিজ্ঞতা একাকার হয়ে যায়। ফলে তিতাস একটি নদীর নাম কেবল একটি আঞ্চলিক উপন্যাস নয়; এটি মানুষের চিরন্তন জীবনসংগ্রাম, সাংস্কৃতিক অস্তিত্ব এবং আত্মপরিচয় রক্ষার এক মহাকাব্যিক দলিল। নদী এখানে প্রকৃতি নয়, ইতিহাস; নদী কেবল জলধারা নয়, সভ্যতার স্মৃতিবাহী; আর তিতাসের বুকে প্রবাহিত জল শেষ পর্যন্ত মানুষের জীবন, সংস্কৃতি ও অস্তিত্বেরই রূপক হয়ে ওঠে।

এই দৃষ্টিকোণ থেকেই তিতাস একটি নদীর নাম বাংলা নদীকেন্দ্রিক উপন্যাসধারায় এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি যেখানে নদীকে জীবিকার অনিশ্চয়তা ও সংগ্রামের প্রতীক করে তোলে, সেখানে অদ্বৈত মল্লবর্মণ নদীকে একটি সম্পূর্ণ লোকসভ্যতার আত্মা হিসেবে রূপায়িত করেছেন। তাই তিতাস পড়া মানে কেবল একটি উপন্যাস পাঠ নয়; বরং বিলীয়মান এক সমাজ, এক সংস্কৃতি এবং এক নদীমাতৃক সভ্যতার ইতিহাসকে অনুভব করা। এই কারণেই বাংলা উপন্যাসে তিতাস একটি নদীর নাম নদী, মানুষ ও সংস্কৃতির সম্পর্কের সর্বাধিক জীবনঘনিষ্ঠ এবং শিল্পসম্মত উপস্থাপনাগুলির অন্যতম।

অখণ্ড বাংলার জনপদ, জনারণ্য ও নদনদী ঘিরে যে উপন্যাস ভুবন গড়ে উঠেছে সেখানে নদী কেবল প্রেক্ষাপট নয়, বরং জীবন, ইতিহাস ও সমাজবাস্তবতার অন্যতম নিয়ামক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আকবর হোসেনের ‘অবাঞ্ছিত’ ও ‘দুদিনের খেলাঘরে’, কাজী আফসার উদ্দিনের ‘চর ভাঙা চর’, সৈয়দ ওয়ালীউল্লাহর ‘কাঁদো নদী কাঁদো’, সমরেশ বসুর ‘গঙ্গা’, সত্যেন সেনের ‘একুল ভাঙে ওকুল গড়ে’, শহীদুল্লাহ কায়সারের ‘সারেং বৌ’, আলাউদ্দিন আল আজাদের ‘কর্ণফুলী’, আবু ইসহাকের ‘পদ্মার পলিদ্বীপ’, আবুবকর সিদ্দিকের ‘জলরাক্ষস’, প্রফুল্ল রায়ের ‘কেয়াপাতার নৌকো’, অতীন বন্দ্যোপাধ্যায়ের ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’, আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা’, তপন বন্দ্যোপাধ্যায়ের ‘নদী মাটি অরণ্য’, শওকত ওসমানের ‘জলাঙ্গী’ এবং সেলিনা হোসেনের ‘জলোচ্ছ্বাস’ ও ‘পোকামাকড়ের ঘরবসতি’ প্রভৃতি উপন্যাসে নদী বিভিন্ন মাত্রায় মানুষের জীবন, জীবিকা, প্রেম, সংগ্রাম, ভাঙন, চর-রাজনীতি, মুক্তিযুদ্ধ, প্রকৃতি ও আঞ্চলিক সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। এই দীর্ঘ ধারাবাহিকতা প্রমাণ করে যে বাংলা উপন্যাসে নদী কোনো নিছক ভৌগোলিক সত্তা নয়; বরং মানবজীবনের ইতিহাস, সংস্কৃতি ও অস্তিত্বের এক অনিবার্য শিল্পরূপ।

বাংলা উপন্যাস-সাহিত্যে নদী কেবল একটি প্রাকৃতিক অনুষঙ্গ নয়; মানবজীবন, সমাজ, ইতিহাস ও সভ্যতার অন্যতম প্রধান নির্মাতা। মানুষের জীবনযাপন, অর্থনীতি, সংস্কৃতি, প্রেম, সংগ্রাম, অভিবাসন এবং অস্তিত্বের সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য। কখনো নদী জীবনদাত্রী ও আশ্রয়দাত্রী, কখনো আবার ভাঙন, বিপর্যয় ও ধ্বংসের নির্মম প্রতীক। তাই নদীকে বাদ দিয়ে বাঙালির জীবন কিংবা তার সভ্যতার ইতিহাস কল্পনা করা যায় না। নদীকেন্দ্রিক আঞ্চলিক উপন্যাসসমূহে এই বহুমাত্রিক সত্যই শিল্পরূপ লাভ করেছে। প্রত্যেক ঔপন্যাসিক নিজস্ব দৃষ্টিভঙ্গি, ভাষা, প্রকরণ ও আখ্যানকৌশলের মধ্য দিয়ে নদী, চর, জনপদ ও মানুষকে ভিন্ন ভিন্ন শিল্পভাষায় রূপায়িত করেছেন। ফলে নদী এখানে কেবল কাহিনির পটভূমি নয়; বরং চরিত্র, পরিবেশ, সংস্কৃতি ও জীবনদর্শনের সক্রিয় নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উপর্যুক্ত আলোচনায় এই বহুমাত্রিক শিল্প-নির্মাণের বিভিন্ন দিকই স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

নদীকে কেন্দ্র করে বাংলা উপন্যাসের যে সুদীর্ঘ ঐতিহ্য গড়ে উঠেছে, তার সামগ্রিক পাঠে স্পষ্ট হয় যে নদী এখানে কখনোই কেবল একটি প্রাকৃতিক উপাদান বা ভৌগোলিক বাস্তবতা নয়; বরং মানবসভ্যতার জন্ম, বিকাশ, সংকট, সংগ্রাম ও পুনর্নির্মাণের এক মহাকাব্যিক প্রতীক। নদী তার নিরন্তর প্রবাহে যেমন জনপদের সৃষ্টি করে, তেমনি ভাঙনের মধ্য দিয়ে নতুন জীবনদর্শনেরও জন্ম দেয়। তাই বাংলা উপন্যাসে নদী কেবল কাহিনির পটভূমি নয়, বরং কাহিনির চালিকাশক্তি, চরিত্র নির্মাণের অন্যতম নিয়ামক এবং সমাজ-ইতিহাসের সক্রিয় নির্মাতা। জল, জনপদ ও মানুষের ভাগ্যকে একই স্রোতে মিলিয়ে দিয়ে নদী বাংলা উপন্যাসে এক স্বতন্ত্র নন্দনতাত্ত্বিক ও দার্শনিক মাত্রা সৃষ্টি করেছে।

দুই বাংলার নদীকেন্দ্রিক উপন্যাসসমূহ বিশ্লেষণ করলে দেখা যায়, পদ্মা, তিতাস, গঙ্গা, ইছামতী, কর্ণফুলী, ধলেশ্বরী, কোপাই, কালিন্দী কিংবা নাফ—প্রতিটি নদীই নিজস্ব ভূপ্রকৃতি, সংস্কৃতি ও জীবনব্যবস্থার প্রতিনিধিত্ব করেছে। নদীকে ঘিরে গড়ে ওঠা জেলে, মালো, মাঝি, সারেং, চরবাসী কিংবা কৃষিজীবী মানুষের জীবনসংগ্রাম কেবল একটি বিশেষ জনগোষ্ঠীর কাহিনি নয়; তা সমগ্র বাঙালি সমাজের জীবনচেতনার প্রতীক। নদীর জোয়ার-ভাটার সঙ্গে তাদের অর্থনীতি যেমন আবর্তিত হয়েছে, তেমনি সুখ-দুঃখ, প্রেম-বিরহ, আশা-নিরাশা এবং অস্তিত্বসংকটও নদীর স্রোতের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়েছে। ফলে নদী এখানে জীবিকার উৎস হওয়ার পাশাপাশি জীবনদর্শনেরও উৎসে পরিণত হয়েছে।

এই উপন্যাসগুলোর আর-একটি গুরুত্বপূর্ণ দিক হলো—নদী মানুষের শেকড়, লোকসংস্কৃতি এবং সামষ্টিক স্মৃতির ধারক। নদীর তীরে জন্ম নিয়েছে লোকগান, পালাগান, বারোমাস্যা, নৌকাবাইচ, ব্রত, উৎসব, আঞ্চলিক ভাষা ও অসংখ্য লোকবিশ্বাস। নদীর পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই সংস্কৃতিরও পরিবর্তন, অবক্ষয় কিংবা বিলুপ্তি ঘটেছে। বিশেষত ‘তিতাস একটি নদীর নাম’-এ তিতাসের শুকিয়ে যাওয়া যেমন মালো সমাজের সাংস্কৃতিক মৃত্যুর প্রতীক, তেমনি ‘পদ্মা নদীর মাঝি’-তে পদ্মা মানুষের ভাগ্যনিয়ন্ত্রক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। অর্থাৎ নদীর জীবন ও মানুষের জীবন পরস্পরের প্রতিরূপ হয়ে উঠেছে।

নদীকেন্দ্রিক বাংলা উপন্যাসের আর-একটি তাৎপর্য হলো, এখানে প্রকৃতি ও মানুষের সম্পর্ক কোনো রোমান্টিক আবেগে সীমাবদ্ধ নয়; বরং তা সমাজতাত্ত্বিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার গভীর বিশ্লেষণে রূপ পেয়েছে। নদী যেমন জীবন দেয়, তেমনি ভাঙন, বন্যা, দারিদ্র্য, উদ্বাস্তুতা, শ্রেণিশোষণ এবং অনিশ্চয়তার নির্মম বাস্তবতাও সৃষ্টি করে। তাই নদীকে কেন্দ্র করে রচিত উপন্যাসগুলো কেবল প্রকৃতির বন্দনা নয়; বরং মানুষ ও প্রকৃতির দ্বান্দ্বিক সম্পর্কের শিল্পিত দলিল। নদী কখনো মমতাময়ী জননী, কখনো নির্মম বিচারক, কখনো আবার সময়ের নীরব সাক্ষী।

সবশেষে বলা যায়, বাংলা উপন্যাসে নদী এক অনিবার্য সাংস্কৃতিক ও নন্দনতাত্ত্বিক সত্য। নদীর প্রবাহ যেমন কখনো থেমে থাকে না, তেমনি নদীকে কেন্দ্র করে বাংলা উপন্যাসের জীবনধারাও ক্রমাগত নতুন ব্যাখ্যা ও নতুন পাঠের জন্ম দিয়েছে। এই উপন্যাসগুলো প্রমাণ করে, নদী কেবল জলধারা নয়; নদী হলো মানুষের ইতিহাস, জনপদের স্মৃতি, শ্রমের ভাষা, সংস্কৃতির উত্তরাধিকার এবং জীবনদর্শনের এক অনিঃশেষ মহাকাব্য। সেই অর্থে বাংলা উপন্যাসে নদী সত্যিই মানবজীবনের মহাকাব্য—যেখানে জল কেবল প্রবাহিত হয় না, প্রবাহিত হয় মানুষের স্বপ্ন, সংগ্রাম, প্রেম, পরাজয়, পুনর্জন্ম এবং সমগ্র বাঙালি সভ্যতার চিরন্তন জীবনগাথা।

তথ্যসূত্র:

১. ‘সাতকাহনের নদী, ‘দুর্বার কলম ২০২৫, সম্পাদক: ড. দিলীপ মজুমদার ; জগদীশ চন্দ্র বসু, ‘ভাগীরথীর উৎস – সন্ধানে ‘,সাতকাহনের নদী, ‘দুর্বার কলম ২০২৫, সম্পাদক: ড. দিলীপ মজুমদার, মহালয়া, সেপ্টেম্বর,২০২৫, পৃষ্ঠা: ১৩
২. তদেব, ‘ ‘সভ্যতার উন্মেষ ও বিকাশে নদীর ভূমিকা বঙ্গভূমির প্রেক্ষিতে’, মহালয়া, সেপ্টেম্বর,২০২৫, পৃষ্ঠা: ১৭
৩. তদেব, চন্দনসুরভি দাস, ‘বিশ্বের নদীরা আজ কেমন আছে’, পৃষ্ঠা: ৩০
৪. ড. দিলীপ কুমার মিত্র, ‘বাংলা সাহিত্যের সম্পূর্ণ পরিচয়’, দিশারি প্রকাশনী, কলকাতা – ৯, জানুয়ারি,২০১৩, পৃষ্ঠা – ৩৬৪
৫. ড. তারক সরকার, ‘ইলিশ মারির চর: জীবনের নব দিগন্ত’, অধীরকৃষ্ণ মণ্ডল , সম্পাদক: ‘বনানী’, ‘সাহিত্যিক আব্দুল জব্বার সংখ্যা’, ‘ইলিশ মারির চর: জীবনের নব দিগন্ত’, সেপ্টেম্বর.২০০৯ , পৃষ্ঠা: ১১২
৬. তদেব, পৃষ্ঠা: ১১৩

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!