বাংলাদেশ মুক্তিযোদ্ধা মৈত্রী সংসদের সভায় কমিটি পুনর্গঠন, মুক্তিযুদ্ধের স্থাপনা সংরক্ষণের দাবি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা মৈত্রী সংসদের এক সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনা সংরক্ষণ ও সংস্কারের জোর দাবি জানানো হয়েছে। গত ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার বিকাল ৫টায় ঢাকার একটি রেস্তোরাঁয় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হায়াত মিয়া হেদায়েত-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে দায়িত্ব বণ্টন ও কমিটি পুনর্গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়। নতুন কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হায়াত হেদায়েত মিয়া। ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব চৌধুরী, চিত্ত ফ্রান্সিস রিবেরু এবং বোরহানউদ্দী মিন্টু। ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে মেজর (অব.) বিজয় ম্যানুয়েল ডি. পেরিসকে।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মো. শামসুল হক সিকদার, সাংগঠনিক সচিব রফিকুল আলম, দপ্তর সচিব আব্দুল গাফ্ফার কুতুবী, সাংস্কৃতিক সচিব ইউজেন ভিনসেন্ট গোমেজ, সমাজসেবা সচিব পদ্মা রহমান, বন ও পরিবেশ সচিব মো. সাদেকুর রহমান এবং মহিলা বিষয়ক সচিব হিসেবে পারভীন রশিদ দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বীরপ্রতীক, সিরাজুল ইসলাম কাঞ্চন, নাজিমুদ্দিন গেরিলা, নেলসন রেমা, আলাউদ্দিন শেখর, কুদরতে আলম রিপন, গোপাল চন্দ্র দাস, আব্দুস সালাম, বিমল চন্দ্র দাস ও জাহাঙ্গীর খানসহ আরও কয়েকজনকে। পাশাপাশি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রকৌশলী নজরুল ইসলাম, রীনা রানী তালুকদার, কথিকা বড়ুয়া, কবি ফয়সল আজিজ এবং মাহমুদুর রশীদকে সদস্য করা হয়েছে। আন্তর্জাতিক সদস্য হিসেবে নরওয়ে প্রবাসী ভায়োলেট হালদারকে অন্তর্ভুক্ত করা হয়।

সভায় সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, বিশিষ্ট সাহিত্যিক-সংগঠক কামরুল ইসলাম দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং কমিটি গঠনে সহায়তা করেন।

সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বিকৃতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের অসম্মান ও মুক্তিযুদ্ধবিরোধী অপতৎপরতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিচারের দাবি জানানো হয়। এছাড়াও বিগত অন্তবর্তীকালীন সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অসম চুক্তি বাতিলের আহ্বান জানানো হয়।

বক্তারা বঙ্গবন্ধু জাদুঘর, মুজিবনগরের স্থাপনা ও সোহরাওয়ার্দী উদ্যানের জাদুঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার ক্ষয়ক্ষতি ও ধ্বংসের ঘটনার নিন্দা জানান এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জোর দাবি করেন।

সভায় আরও বলা হয়, মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলোচনা শেষে সভাপতি আবুল হায়াত মিয়া হেদায়েত এবং ভারপ্রাপ্ত মহাসচিব বিজয় ম্যানুয়েল ডি. পেরিস সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রমে সার্বিক সহযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।#

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on print
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!