ফোরাত থেকে তুরাগ

আমাদের নদী আর সেই স্রোতস্বিনী জলতরঙ্গের নদী নেই।

জলপ্রবাহের বদলে
নদীতে এখন খুনপ্রবাহের ঢেউ ওঠে।

কেউ আর নদীতে নাইতে নামে না।
শঙ্কার ঘূর্ণিচক্রে
কখন কার লাশ এসে শোনাবে বেহুলার গান।

জেলেপাড়ায় মধ্যাহ্নের রোদের বিস্তার।
সারাবেলা জেলেরা বুনে যায় দুঃখের জাল।

তারা আর তুরাগে মাছ মারতে যায় না।
জলে নেই মাছ,
জালভর্তি উঠে আসে লাশ।

তারা তো ডোম নয়।
মানুষের আমিষ জোগানোই তাদের জীবন।
তবে কেন তাদের জালে
বারবার উঠে আসে মানুষের নিথর দেহ?

জাল গুটিয়ে
জালিক এখন মুখ বুজে হাহাকার করে।

আমাদের মুমিন মুসলিমের
আশা, আকাঙ্ক্ষা, হতাশা, বেদনা,
সব ফরিয়াদ আজ খোদার তরে।

আজ মুমিন মুসল্লি
তুরাগের জলে অজু করে না।
এ আর পবিত্র জল নয়,
এ যেন শত শত বছরের রক্তপ্রবাহ।

তুরাগ এখন কারবালার ফোরাত।

আমাদের নদীগুলো
যেন আজ ভাসমান গোরস্থান।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!