শিউলি খাতুন আজ এসেছিল

শিউলি খাতুন আজ এসেছিল বহুদিন পর
আজ বর্ষা নেই, কবেই মেঘ চলে গেছে
শিউলিও চলে গেল সন্ধ্যার আগে
এখন আমার নৌকা শুকনো খাতে পড়ে আছে
ভাসতে পারে না, হাসতে পারে না
দাঁড়ও কোথায় চলে গেছে

আমাদের সব সম্পর্কগুলি এখন এরকমই নদী
জল থাকে না, শিউলিরা এসে চলে যায়
আর অন্য সব লোকেরা বালি তুলে নেয়
আমাদের সব স্বপ্নের লাশ বালি হয়ে যায়

শিউলি প্রথম প্রথম এসে বলেছিল:
একদিন ঠিক ফুটব, ফুটবই তোমার ছাদে!
হলুদ বিকেল এসে চুমু খেয়েছিল সেদিন
বিশ্বাসের আলো ঝরেছিল চোখে মুখে

তারপর অনেক হলুদ বিকেল পার হলে
আমিও আশ্বাসের নৌকা বানালাম
দ্রুত গতি বয়ে গেল সম্পর্ক প্রবাহ
দাঁড় হল আমারই এক স্নিগ্ধ মনোবল

শিউলি খাতুন এখন অন্য পাড়ায় থাকে
যত মেঘ বৃষ্টি দেয় ওর পাড়াতেই
শরৎ উজ্জ্বল হয় এখন ওর ছাদে
সুগন্ধে ভরে থাকে স্বপ্নদের পাড়া

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!