স্মৃতির বিড়াল

স্মৃতির বিড়াল ভালোই লাফাচ্ছে অন্ধকারে
আমি ও তামাশা মিলে নিরিবিলি থাকি
বিড়াল এসে ভঙ্গ করে আমার স্তব্ধ বাড়ি

পায়রা পুষিনি আমি শুধু স্বপ্নে দেখা ময়না
যদিও এখন আর স্বপ্নের কাছে যাই না
আমার বাঁচা খাঁচা কিনে শূন্য ভরে রাখে

শূন্যে কে মেলাবে শূন্য? তীর্থে সবাই খোঁজে পুণ্য
আমার সুতীর্থ নেই, জ্যোৎস্নামাখা শুধু বিষণ্ন
পোশাকবিহীন অন্ধ নগ্ন আসছে যাচ্ছে যেমন ইচ্ছে

ক্লান্ত তামাশা, আমিও ক্লান্ত, জানে না কেহ
ওর সঙ্গে আমার বিবাহ হয় প্রত্যহ
রোজ জন্মায় শব্দসন্তান আর অভিমান

অভিমানের ইঁদুরেরা গর্ত খোঁড়ে, গর্তে ঢোকে সর্বনাশ
ভয়ে ভয়ে তামাশাকে ডাকি, শুনতে পায় অভিলাষ
স্মৃতির বিড়াল লেজ উঁচিয়ে কেমন যেন দার্শনিক

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!