অমিতাভ রায়ের পাঁচটি কবিতা

সম্পর্ক

ছিমছাম নদীর সীমান্ত ধরে
একটা তরুন সম্পর্ক হাঁটছিলো
কোথায় যাচ্ছে তা সে জানে না
তাকে ছুঁয়ে গোটা গোটা রাত দিনগুলো
বড় বেশী হই হই করতে করতে
নদীর গভীরে ডুবে যাচ্ছে

দূরে কারা যেন নাম ধরে ডাকছে তাকে
খুব স্পষ্ট নয় অথচ তা যেন শোনা যায়
পাখিরা, গাছেরা তাকে
একে একে চিনতে পারছে
শিশিরের ফিসফিস, জলের স্পন্দন
সব সে শুনতে পাচ্ছে, নবীনা ফুলের হিল্লোল

এক সময় সে এসে থামে
নদী আর চাঁদের বন্ধনে
তখন ছায়ার আলো তাকে ধুয়ে দেয় মায়া দিয়ে
সম্পর্কের এই একটা সুবিধা যে
কোনদিন তার তারুণ্য ঘোচে না।

পথ

আজ একটা পথ শেষ হলো
পথের কিনারে উবুডুবু হয়ে বসা নদী
নদীর ওপারে অস্পষ্ট ব্রহ্মান্ড
একটা উদ্দেশ্য বিহীন নৌকো
নৌকার বা’ গালে একটা কালো তিল

এমনই অখণ্ড তিল আমি আগে
যেন কোথায় দেখেছিলাম!
বিরাট গাছের নীচে অনেক পথের শুরু
আমি সব দিকে কখনও যাইনি
সব পথ হাতছানি দিতো না আমাকে

আমার সেতার দিগন্তের গীতিকার
স্পষ্ট অন্ধকার ছিঁড়ে ছিঁড়ে
কত জানা অজানা জানলায়
আলো দিয়ে দিয়ে আজ অবসরে মগ্ন
আর সবাই যে আমাকে অনুসরন করবে
তারও কোন মানে নেই

তবে নির্বাচিত পথ সব সময় সঠিক হয় কি?
কত পথ প্রতিশ্রুতি রাখেনি এখনো।

মনে পড়ে

অনেকে গিয়েছ সেইখানে
ভ্রমনের অছিলায় অথবা নিছক অকারণ
পাট ভাঙা শাড়ির মতন সাদা মেঘে
স্বচ্ছ জল এসে লিখে যায় যেখানে সোহাগ

মনে পড়ে একদিন কুয়াশা কাটিয়ে ঘুম চোখে
দেখেছ কিভাবে রোদ ছোটাছুটি করে খালি পায়
একে একে ডুবে যায়, ভেসে ওঠে আয়নার
ছেঁড়া অংশ জুড়ে অনুতাপ
বিধবার ন্যায্য সব চাওয়া পাওয়াগুলো
আকাশের তলানিতে কালো দাগ আঁকে

মনে আছে বৃষ্টির বদলে কত রাত
ফোটা ফোটা কান্না হয়ে ঝরে ঝরে পড়ে
যেখানে আশার গায় কাত হয়ে হেলে পড়ে
প্রতিশ্রুতি আর অভিমান
মনে পড়ে অনিবার্য মৃত্যু হয়ে
বেঁচে আছি পরস্পর কত যুগ ধরে?

নির্জন রোদ্দুর

এ লেখার গায় জড়ানো তোমার গন্ধ
জানি না তোমাকে কোথাও দেখেছি কিনা
আলো ছায়া ঘেরা বনপথে, নদী তীরে
অলকে যখন ফুটে ছিলো আলপনা

বাতাস তোমাকে আবডালে পিছু ডাকেনি
উদাসীন মেঘ মেখে ছিলো শিশু মাঠে
তোমাকে দেখিনি গত জন্মের আগেও
কোন অমরাবতীর স্বপ্নের চৌকাঠে

তবু বারবার ভেসে ওঠো অকারণ
অচেনা গানের ভেসে আসা মৃদু সুরে
আদিম দুপুরে খিড়কির নীরবতা
আজও ভেজে কোন নির্জন রোদ্দুরে।

ষড়চক্র

যেভাবে বিদ্যুত নামে আসক্তির সব পথ চিরে
উদাস ক্ষেতের আলে, আকাশের যন্ত্রণায়
সীমাহীন নিরুত্তাপ ঘিরে
তেমনই নিষাদ জলে কেঁপে ওঠা পূর্ণিমায়
তুমি যদি স্পর্শ সুখে উন্মাদনা ঢাল
আমি তাকে ষড়চক্রে প্রেম ভাবতে রাজি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on print
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!