শৃঙ্খলভাঙার দর্শন: বেগম রোকেয়ার নারীমুক্তি-চিন্তার আদর্শ ও আন্দোলন

গবেষক: মুনমুন দত্ত 
তত্ত্বাবধায়ক: ড. মৌ মুখোপাধ্যায় চক্রবর্তী
বিভাগ: বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ
প্রতিষ্ঠান: সিকম্ স্কিলস্ ইউনিভার্সিটি

প্রকাশনা: সময়ের শব্দ
ISSN: 2704-1387
প্রকাশের তারিখ: ২৫ আগস্ট ২০২৬

সংক্ষিপ্তসার:

বেগম রোকেয়ার নারীমুক্তি-চিন্তা বাংলা নবজাগরণের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মানবতাবাদী ও সমাজসংস্কারমূলক অধ্যায়। তিনি নারীর সমস্যাকে কেবল নারীজীবনের সংকট হিসেবে দেখেননি; বরং জাতির সামগ্রিক পশ্চাৎপদতা ও মানবমুক্তির সঙ্গে তাকে যুক্ত করেছিলেন। অশিক্ষা, অবরোধপ্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, অর্থনৈতিক নির্ভরশীলতা, সামাজিক বৈষম্য এবং ধর্মের অপব্যাখ্যার বিরুদ্ধে তিনি যুক্তি, সাহিত্য ও সমাজকর্মকে হাতিয়ার করেছিলেন।

রোকেয়ার কাছে নারীশিক্ষা ছিল নারীমুক্তির প্রধান চাবিকাঠি। তিনি মনে করতেন, জাতির অর্ধেক জনগোষ্ঠীকে অশিক্ষিত ও অবদমিত রেখে কোনো সমাজের প্রকৃত উন্নতি সম্ভব নয়। তাই বিদ্যালয় প্রতিষ্ঠা ও শিক্ষাবিস্তারের বাস্তব কর্মসূচির মাধ্যমে তিনি তাঁর চিন্তাকে কার্যকর রূপ দেন। একই সঙ্গে তিনি নারীর আত্মমর্যাদা, আত্মবিশ্বাস, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং সামাজিক অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁর সাহিত্য—বিশেষত মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী এবং বিভিন্ন প্রবন্ধ—নারীর পরাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষাকে বহুমাত্রিকভাবে প্রকাশ করেছে। তাঁর ব্যঙ্গ, যুক্তি ও সাহিত্যিক কল্পনা পুরুষতান্ত্রিক সমাজের অন্তর্নিহিত ক্ষমতাকাঠামোকে উন্মোচিত করেছে। ধর্মের বিরোধিতা না করে ধর্মের নামে প্রচলিত অপব্যাখ্যা ও কুসংস্কারের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

রোকেয়ার নারীবাদ পাশ্চাত্য নারীবাদের অনুকরণ নয়; ভারতীয়, বিশেষত বাঙালি মুসলিম সমাজের বাস্তবতার ভিতর থেকেই তিনি একটি স্বতন্ত্র নারীমুক্তি-দর্শন নির্মাণ করেছিলেন। তাঁর চিন্তায় নারী-পুরুষের সংঘাতের পরিবর্তে সমতা, সহযোগিতা, পারস্পরিক মর্যাদা ও মানবিক ন্যায়বোধ প্রাধান্য পেয়েছে। ফলে তাঁর নারীমুক্তি-ভাবনা শেষ পর্যন্ত একটি বৃহত্তর মানবমুক্তি ও সমাজপুনর্গঠনের দর্শনে পরিণত হয়েছে।

আজও নারীশিক্ষা, লিঙ্গসমতা, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা ও মানবিক মর্যাদার প্রশ্নে রোকেয়ার চিন্তা প্রাসঙ্গিক। এই কারণেই তিনি শুধু তাঁর সময়ের সমাজসংস্কারক নন; বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ এবং সমকাল অতিক্রমী মানবমুক্তির কণ্ঠস্বর।

মূল শব্দ:

বেগম রোকেয়া, নারীমুক্তি, নারীশিক্ষা, নারীজাগরণ, বাংলা নবজাগরণ, মানবমুক্তি, নারীবাদ, মুসলিম নারীসমাজ, অবরোধপ্রথা, পুরুষতন্ত্র, পিতৃতন্ত্র, আত্মমর্যাদা, আত্মনির্ভরতা, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক সমতা, লিঙ্গসমতা, বাল্যবিবাহ, বহুবিবাহ, ধর্মীয় অপব্যাখ্যা, যুক্তিবাদ, কুসংস্কারবিরোধিতা, সামাজিক সংস্কার, মানবতাবাদ, শিক্ষাদর্শ, মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী, God Gives, Man Robs, নারী-অধিকার, জাতীয় পুনর্জাগরণ, আধুনিকতা, সমাজদর্শন

বাংলার নবজাগরণের ইতিহাসে বেগম রোকেয়া এমন এক উজ্জ্বল ব্যক্তিত্ব, যিনি নারীকে কেবল সমাজের করুণার পাত্র হিসেবে দেখেননি; বরং তাঁকে স্বতন্ত্র ব্যক্তি, স্বাধীন সত্তা এবং মানবসমাজের সমঅধিকারসম্পন্ন নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তাঁর কাছে নারীমুক্তি কোনো বিচ্ছিন্ন সামাজিক দাবি ছিল না; বরং তা ছিল মানবমুক্তির এক অপরিহার্য অঙ্গ। অশিক্ষা, কুসংস্কার, ধর্মের অপব্যাখ্যা, অবরোধপ্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, নারীর অর্থনৈতিক নির্ভরশীলতা এবং সামাজিক অবমূল্যায়নের বিরুদ্ধে তিনি যুক্তি, সাহিত্য ও সমাজকর্ম—এই তিনকে সমানভাবে ব্যবহার করে এক নবজাগরণী আন্দোলনের সূচনা করেছিলেন। তাই রোকেয়ার নারীমুক্তি-চিন্তা কেবল সাহিত্যিক কল্পনা নয়; এটি ছিল সমাজ-পরিবর্তনের এক সুসংহত দর্শন, যার মূল লক্ষ্য ছিল নারীকে তার পূর্ণ মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত করা।

ঊনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর সূচনাকালে বাঙালি মুসলিম সমাজে নারীরা বহুমাত্রিক বঞ্চনার শিকার ছিলেন। শিক্ষা, স্বাধীন মতপ্রকাশ, সম্পত্তির অধিকার, সামাজিক অংশগ্রহণ কিংবা আত্মপ্রতিষ্ঠার সুযোগ—প্রতিটি ক্ষেত্রেই তাঁদের ওপর আরোপিত ছিল অসংখ্য নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে বেগম রোকেয়া অবরুদ্ধ নারীসমাজের মুক্তির প্রশ্নকে তাঁর সাহিত্যচর্চার কেন্দ্রবিন্দুতে স্থান দেন। লেখনীর মাধ্যমে তিনি সমাজকে নারীর অধঃপতিত অবস্থার প্রতি সচেতন করে তোলেন এবং অবরোধবাসিনী ও অন্তঃপুরবাসিনী নারীদের দুর্দশা তুলে ধরে সামাজিক বিবেককে জাগ্রত করার প্রয়াস গ্রহণ করেন। তাঁর বিভিন্ন প্রবন্ধ, পুস্তিকা, উপন্যাস, গল্প ও ভাষণে নারী সম্পর্কে যুগযুগ ধরে প্রচলিত অজ্ঞতা, কুসংস্কার, অন্ধবিশ্বাস ও পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে সুসংগঠিত প্রতিবাদ উচ্চারিত হয়েছে। এই কারণেই তাঁকে বাঙালি মুসলিম সমাজে নারীমুক্তি আন্দোলনের প্রবর্তক হিসেবে অভিহিত করা হয়।

রোকেয়ার নারীমুক্তি-ভাবনার অন্যতম বৈশিষ্ট্য হলো—তিনি ধর্মকে নয়, ধর্মের অপব্যাখ্যাকে আক্রমণ করেছেন। তাঁর মতে ইসলাম নারী-পুরুষ উভয়ের জন্য সমানভাবে জ্ঞানার্জনের নির্দেশ দিয়েছে; কিন্তু সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা ধর্মীয় বিধানকে বিকৃত করে নারীদের শিক্ষা ও স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে। তিনি উপলব্ধি করেছিলেন যে, নারীর প্রতি বৈষম্যের মূল কারণ ধর্ম নয়, বরং ধর্মের নামে প্রতিষ্ঠিত সামাজিক কুসংস্কার এবং পুরুষের স্বার্থান্বেষী আধিপত্য। ফলে তিনি ধর্মীয় যুক্তি, মানবিক মূল্যবোধ এবং সামাজিক বাস্তবতার আলোকে মুসলিম নারীসমাজের সামাজিক ও আইনগত মর্যাদা প্রতিষ্ঠার জন্য এক নীরব অথচ শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন।

রোকেয়ার নারীমুক্তি-চিন্তার পূর্ণাঙ্গ পরিচয় তাঁর বিস্তৃত সাহিত্যকর্মে প্রতিফলিত হয়েছে। তাঁর রচনার মধ্যে ‘মতিচুর’ (প্রথম খণ্ড, ১৯০৫), এবং ‘মতিচুর’ (দ্বিতীয় খণ্ড, ১৯২১) বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথম খণ্ডে সংকলিত ‘পিপাসা’, ‘মহরম’, ‘স্ত্রীজাতির অবনতি’, ‘নিরীহ বাঙ্গালী’, ‘অর্ধাঙ্গিনী’, ‘সুগৃহিণী’, ‘বোরখা’ ও ‘গৃহ’ প্রবন্ধে নারীজীবনের বিভিন্ন সংকট, সামাজিক বৈষম্য এবং সংস্কারবিরোধী চিন্তার প্রকাশ ঘটেছে। দ্বিতীয় খণ্ডে ‘নূর ইসলাম’, ‘সৌরজগৎ’, ‘সুলতানার স্বপ্ন’, ‘ডেলিশিয়া-হত্যা’, ‘জ্ঞানফল’, ‘নারীসৃষ্টি’, ‘নার্স নেলী’, ‘শিশুপালন’, ‘মুক্তিফল’ এবং ‘সৃষ্টিতত্ত্ব’ প্রভৃতি রচনায় নারীশিক্ষা, বিজ্ঞানমনস্কতা, মানবিকতা ও সমাজসংস্কারের দৃষ্টিভঙ্গি সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

এছাড়াও পুস্তকাকারে অপ্রকাশিত তাঁর বহু প্রবন্ধ খুবই উল্লেখযোগ্যতার দাবি রাখে। যেমন, – ‘রসনা-পূজা’, ‘ঈদসম্মিলন’, ‘সিসেমফাঁক’, ‘চাষার দুঃখ’, ‘এন্ডিশিল্প’, ‘রাঙ ও সোনা’, ‘বঙ্গীয় নারীশিক্ষা সমিতি’, ‘লুকানো রতন’, ‘রাণী-ভিখারিণী’, ‘উন্নতির পথে’, ‘বেগম তরজীর সহিত সাক্ষাৎকার’, ‘সুবেহ্ সাদেক’, ‘ধ্বংসের পথে বঙ্গীয় মুসলিম’, ‘হজের ময়দানে’, ‘বায়ুযানে পঞ্চাশ মাইল’ এবং ‘নারীর অধিকার’ সহ একাধিক প্রবন্ধ। যে রচনাগুলো নারীজাগরণ ও সমাজসংস্কারের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে স্মরণীয় বলা যায়। তাঁর উপন্যাস ‘পদ্মরাগ’ নারী-আত্মমর্যাদা, আত্মনির্ভরতা ও সমাজসেবার এক অনন্য আখ্যান; অন্যদিকে অবরোধবাসিনী অবরুদ্ধ মুসলিম নারীদের বাস্তব জীবনযন্ত্রণা ও সামাজিক অসাম্যের এক নির্মম দলিল। ছোটগল্প, রম্যরচনা ও কবিতাতেও তিনি নারীর অধিকার, মানবিক মর্যাদা এবং জাতীয় চেতনার বিভিন্ন দিককে সৃজনশীলভাবে উপস্থাপন করেছেন।

রোকেয়ার বহু অগ্রন্থিত রচনাও তাঁর চিন্তার বৈচিত্র্য ও গভীরতার সাক্ষ্য বহন করে। ‘কূপমণ্ডুকের হিমালয় দর্শন’, ‘নারীপূজা’, ‘আশা-জ্যোতি’, ‘মোসলমান কন্যার পুস্তক সমালোচনা’, ‘দজ্জাল’, ‘প্রেম রহস্য’, ‘কাটা মুণ্ড কথা কয়’, ‘গুলিস্তাঁ’ এবং ‘কৌতুককণা’-সহ বিভিন্ন রচনা সমকালীন সমাজের অসংগতি, নারীর অবস্থান এবং শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁর সুস্পষ্ট মতাদর্শ প্রকাশ করে। তাঁর এই বিপুল সাহিত্যভাণ্ডার ‘নবপ্রভা’, ‘মহিলা’, ‘নবনূর’, Indian Ladies’ Magazine, ‘আল-ইসলাম’, ‘সওগাত’, ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা’, ‘সাধনা’, ‘ধূমকেতু’, ‘সাহিত্যিক’, ‘মোহাম্মদী’, ‘মোয়াজ্জিন’, The Mussalman, ‘কোহিনূর’, ‘গুলিস্তাঁ’, ‘বঙ্গলক্ষ্মী’, ‘প্রবাসী’, ‘ভারত-মহিলা’, ‘সহচর’, ‘বাসনা’ ও ‘সাম্যবাদী’-সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। ফলে তাঁর নারীমুক্তি-চিন্তা কেবল গ্রন্থসীমায় আবদ্ধ ছিল না; বরং সমগ্র বাঙালি সমাজে এক সুদূরপ্রসারী বৌদ্ধিক আলোড়নের জন্ম দিয়েছিল।

রোকেয়ার নারীমুক্তি-ভাবনা সমকালীন বিশ্বনারীবাদী চিন্তার সঙ্গেও একটি তাৎপর্যপূর্ণ সংলাপ রচনা করে। নারী-অধিকার, শিক্ষা, যুক্তিবাদ ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্নে তাঁর চিন্তার সঙ্গে Mary Wollstonecraft-এর Vindication of the Rights of Woman, Emmeline Pankhurst-এর ভোটাধিকার আন্দোলন এবং অনেক ক্ষেত্রে পাশ্চাত্যের নারী-অধিকার আন্দোলনের আদর্শগত মিল পরিলক্ষিত হয়। তবে রোকেয়ার স্বাতন্ত্র্য এই যে, তিনি ইউরোপীয় নারীবাদকে অনুকরণ করেননি; বরং ভারতীয় মুসলিম সমাজের বাস্তবতা, ধর্মীয় মূল্যবোধ এবং উপমহাদেশীয় সংস্কৃতির ভেতর থেকেই নারীমুক্তির নিজস্ব দর্শন নির্মাণ করেছিলেন।

এই চিন্তার এক অনন্য প্রকাশ ঘটেছে ‘The Mussalman ‘পত্রিকায় প্রকাশিত তাঁর বিখ্যাত প্রবন্ধ ‘God Gives, Man Robs’-এ। সেখানে তিনি যুক্তি দিয়ে দেখিয়েছেন যে, সৃষ্টিকর্তা নারী ও পুরুষের মধ্যে মৌলিক কোনো বৈষম্য করেননি; ইসলামও উভয়কেই সমানভাবে জ্ঞানার্জন ও ধর্মপালনের নির্দেশ দিয়েছে। অথচ সমাজের পুরুষেরা নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করে তাঁদের প্রাপ্য অধিকার হরণ করছে। বাল্যবিবাহ, নারীর সম্মতি ছাড়া বিবাহ, বিধবা-বিবাহে বাধা এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার মতো সামাজিক অনাচারের তীব্র প্রতিবাদ তিনি এই প্রবন্ধে করেছেন। তাঁর দৃঢ় প্রশ্ন—কুরআন বা হাদিসের কোথায় নারীর জ্ঞানার্জন নিষিদ্ধ করা হয়েছে?—শুধু ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধেই নয়, সমগ্র পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে এক ঐতিহাসিক চ্যালেঞ্জ।

রোকেয়া তাঁর বিভিন্ন রচনায় অধঃপতিত ও অবরুদ্ধ নারীদের মুক্তির জন্য যে ধ্যানধারণা ব্যক্ত করেন তা একদিকে যেমন প্রগতিশীল অন্যদিকে বিপ্লবাত্মক। উল্লেখ্য ,ক্যাথারিন মেয়োর Mother India-র ভাবনাচিন্তা তাঁর রচনার কোথাও কোথাও যেন গভীরভাবে বিধৃত হয়েছে।‌ ‘God Gives, Man Robs‘ শীর্ষক অনবদ্য রচনায়। এতে তিনি লিখেছেন:
“God has made no distinction in the general life of male and icmale-both are equally bound to seek food, drink, sleep etc. necessary for animal life. Islam also teaches us that male and female are equally bound to say their daily prayers five times and so on. Our great prophet has said that it is the bounden duty of all Muslim males and females to acquire knowledge. But our brothers will not give us our proper share in education… It is irony of fate that the Hindus, who bound by their cardboard of shastras to tret women like slaves and cattle and to get their daughters married before they are hardly above their girlhood…” ১

রোকেয়ার এই প্রতিবাদী মনোভাবের পেছনে তাঁর ব্যক্তিগত জীবনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পারিবারিক অভিজ্ঞতা, বিশেষত পিতার বহুবিবাহ, নারীর অসহায় জীবন এবং সামাজিক বৈষম্য তাঁকে গভীরভাবে আলোড়িত করেছিল। সেই ব্যক্তিগত বেদনা পরিণত হয়েছিল সামাজিক প্রতিবাদে। ‘বলিগর্ত’, ‘বিয়ে পাগলা বুড়ো’ এবং ‘নারীর অধিকার’ প্রভৃতি রচনায় তিনি বহুবিবাহ, নারীর ওপর পুরুষের একচ্ছত্র কর্তৃত্ব এবং বৈবাহিক বৈষম্যকে তীক্ষ্ণ ব্যঙ্গ ও যুক্তির মাধ্যমে আঘাত করেছেন। ফলে তাঁর সাহিত্য ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশে সীমাবদ্ধ থাকেনি; বরং তা রূপ নিয়েছে নারীসমাজের মুক্তির এক সুসংহত সামাজিক আন্দোলনের বৌদ্ধিক ভিত্তিতে।

তৎকালীন ‘মহিলা’ পত্রিকায় প্রকাশিত একটি লেখায় রোকেয়া বেগম অসাধারণ নিপুণতার সঙ্গে নারী জীবনের করুণ কাহিনি লিপিবদ্ধ করেছেন,-
‘হিন্দুমতে সধবা স্ত্রীলোকের কেশকর্তন নিষিদ্ধ কেন? তাহা কি একটু চিন্তা করিয়া দেখিয়াছ? সধবা নারীর স্বামী ক্রুদ্ধ হইলে স্ত্রীর সুদীর্ঘ কুন্তলদাম হস্তে জড়াইয়া ধরিয়া তাহাকে সহজে উত্তম মধ্যম দিতে পারিবে। ভল্লুকের নৃত্য দেখিয়াছ? সময়ে সময়ে ভল্লুকের সহিত কুস্তি করিয়া ভল্লুক-স্বামী পরাজিত হইলে তাহার নাকদড়ি ধরিয়া টান দেয়। তখন ভল্লুক বীর অসহ্য যাতনায় অধীর হইয়া জোর কম করে। সেইরূপ সধবা প্রহার তাড়নায় পলায়ন-তৎপর হইলে স্বামী কেশপাশ ধরিয়া আকর্ষণ করে। প্রত্যেক রমণীরই সুদীর্ঘ অলকগুচ্ছ এইরূপে ব্যবহৃত হয়, আমি তাহা বলিতেছি না। তবে কেশবৃদ্ধির দ্বারা সকল স্বামীর জন্য অন্তত ঐ সুবিধাটা প্রস্তুত রাখা হয়।” ২

তাঁর মনোভাব ও দূরদর্শিতা থেকে গভীরভাবে উপলব্ধি করা যায় যে, পুরুষ শাসিত সমাজ ও পুরুষতান্ত্রিক শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আদর্শ সামাজিক পরিবেশ গড়ে তোলা, যেখানে তিনি নারীর মনবল ও আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর গভীর গুরুত্ব আরোপ করেছেন, একই সঙ্গে নারীর শিক্ষার উপর জোর দিয়েছেন। তিনি উপলব্ধি করেছেন তবেই নারীর অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। পূর্ণ অধিকার প্রতিষ্ঠা যে বহু বহু বছরের বিষয়ে তাও তিনি উপলব্ধি করেছেন।
“বহু বহু শতাব্দী হইতে নারী যে দাসত্বশৃঙ্খল পরিতেছে, তাহা একদিনে মোচন হইবে না। কিন্তু বহু শ্রমে নির্মিত অট্টালিকা একদিনের ভূমিকম্পে ভূমিসাৎ হয়, বহুকালে নির্মিত দুর্গ একদিনে কামানের গোলাবর্ষণে চূর্ণবিচূর্ণ হয়। আশা করি সেইরূপ বলপ্রয়োগে বহু শতাব্দীব্যাপী দাসত্বের সুদৃঢ় দুর্গ অন্তত ত্রিশ বৎসরে ধ্বংস হইবে।…” ৩

রোকেয়ার নারীমুক্তি-চিন্তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, তিনি নারীর দুঃখ-যন্ত্রণাকে কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম বা ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তাঁর দৃষ্টিতে নারীর ওপর অত্যাচার ছিল এক সর্বজনীন মানবিক সংকট। এই কারণেই পাশ্চাত্য সাহিত্য, ইউরোপীয় সমাজজীবন কিংবা প্রাচ্যের বিভিন্ন দেশের নারীজীবনের অভিজ্ঞতাকেও তিনি তাঁর আলোচনায় অন্তর্ভুক্ত করেছেন। মেরী করেলীর জনপ্রিয় উপন্যাস ‘Murder of Delicia‘–এর অনুবাদ ও আলোচনার মধ্য দিয়ে রোকেয়া দেখিয়েছেন যে, বহিরঙ্গে সভ্য, শিক্ষিত ও স্বাধীন বলে পরিচিত পাশ্চাত্য সমাজেও গৃহের অন্তরালে নারী নানাভাবে নিপীড়নের শিকার। লন্ডনের শিক্ষিতা ও আত্মমর্যাদাসম্পন্ন ডেলিশিয়ার চরিত্রের মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে, নারী-নিপীড়ন কেবল প্রাচ্যের সমস্যা নয়; সভ্যতার মুখোশের আড়ালেও পুরুষতান্ত্রিক আধিপত্য একইভাবে কার্যকর। তবে ডেলিশিয়ার সঙ্গে বাঙালি নারীর মৌলিক পার্থক্য এই যে, ডেলিশিয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস রাখে, অথচ অবরুদ্ধ বাঙালি নারী সামাজিক সংস্কার, পারিবারিক ভয় এবং দীর্ঘদিনের মানসিক দাসত্বের কারণে প্রতিবাদ করার শক্তিও হারিয়ে ফেলেছে। তাই রোকেয়া ডেলিশিয়ার কাহিনিকে কেবল অনুবাদ করেননি; বরং বাঙালি নারীসমাজকে আত্মমর্যাদাবোধ ও প্রতিবাদী চেতনায় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই তা উপস্থাপন করেছিলেন।

রোকেয়ার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি বিশ্বজনীন। তিনি উপলব্ধি করেছিলেন যে, নারী-নির্যাতনের ভাষা ও রূপ দেশভেদে ভিন্ন হলেও তার অন্তর্নিহিত কারণ একই—পুরুষতান্ত্রিক ক্ষমতার অপব্যবহার। এই উপলব্ধি থেকেই তিনি ‘Japan, the Land of the Rising Sun’ গ্রন্থের উদ্ধৃতি ব্যবহার করেন এবং বিভিন্ন দেশের নারীজীবনের অভিজ্ঞতার সঙ্গে ভারতীয় নারীর অবস্থার তুলনামূলক মূল্যায়ন করেন। ‘মহিলা’ পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে তিনি হিন্দু সমাজে বিবাহিত নারীর দীর্ঘ কেশকে কেন্দ্র করে যে তীব্র ব্যঙ্গাত্মক বিশ্লেষণ উপস্থাপন করেছেন, তা কেবল সাহিত্যিক কৌতুক নয়; বরং গার্হস্থ্য নির্যাতনের বিরুদ্ধে এক শাণিত সামাজিক প্রতিবাদ। নারীর অলংকার কীভাবে পুরুষের অত্যাচারের অস্ত্রে পরিণত হতে পারে, সেই নির্মম বাস্তবতাকে তিনি তীক্ষ্ণ ব্যঙ্গের মাধ্যমে উন্মোচন করেছেন। রোকেয়ার এই ব্যঙ্গরীতি তাঁর সাহিত্যকে যেমন শিল্পসমৃদ্ধ করেছে, তেমনি সামাজিক প্রতিবাদকেও করেছে অধিক কার্যকর।

রোকেয়ার মতে, নারীমুক্তি কোনো দয়ার দান নয়; এটি সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়। তাই তিনি নির্যাতিত ও অবদমিত নারীসমাজকে আত্মবিশ্বাস, ঐক্য এবং প্রতিবাদী চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। তাঁর দৃঢ় বিশ্বাস ছিল, শতাব্দীর পর শতাব্দী ধরে নির্মিত দাসত্বের দুর্গও একদিন ভেঙে পড়বে, যদি নারী নিজ শক্তিকে চিনতে শেখে। বহু শ্রমে নির্মিত অট্টালিকা যেমন একদিন ভূমিকম্পে ধসে পড়ে, তেমনি দীর্ঘকাল ধরে প্রতিষ্ঠিত পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থাও সুসংগঠিত আন্দোলনের অভিঘাতে ধ্বংস হতে বাধ্য। এই বক্তব্যে রোকেয়ার আশাবাদ যেমন প্রতিফলিত হয়েছে, তেমনি প্রকাশ পেয়েছে তাঁর বিপ্লবী সামাজিক দর্শন। তিনি নারীমুক্তিকে ধীরগতির সংস্কার হিসেবে নয়, বরং এক ঐতিহাসিক সামাজিক রূপান্তরের পূর্বশর্ত হিসেবে বিবেচনা করেছেন।

নারীদের আত্মশক্তির প্রতি আস্থা সঞ্চারের জন্য রোকেয়া ইতিহাস, পুরাণ এবং ধর্মীয় উপাখ্যানেরও অভিনব ব্যবহার করেছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, মানবসভ্যতার বহু ঐতিহাসিক পরিবর্তনের পেছনে নারীর প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে। এই উদাহরণগুলোর মাধ্যমে তিনি নারীদের বোঝাতে চেয়েছেন যে, ইতিহাসের গতিপথ পরিবর্তনের শক্তি তাদের মধ্যেই নিহিত। তাই তিনি নারীসমাজকে ভীরুতা ত্যাগ করে আত্মমর্যাদার সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান। তাঁর ভাষায়, প্রয়োজন হলে ব্যক্তিগত কষ্ট কিংবা সামাজিক নিপীড়ন সহ্য করেও দাসত্বের শৃঙ্খল ভাঙতে হবে। এই আহ্বান কেবল আবেগনির্ভর নয়; বরং নারী-আন্দোলনের একটি সুস্পষ্ট রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির ইঙ্গিত বহন করে।

নারীশিক্ষাকে রোকেয়া জাতির সামগ্রিক মুক্তির প্রধান শর্ত হিসেবে বিবেচনা করেছেন। ১৩২৫ বঙ্গাব্দে সওগাত পত্রিকায় প্রকাশিত ‘সিসেমফাঁক’ প্রবন্ধে তিনি রূপকধর্মী আঙ্গিকে দেখিয়েছেন যে, আলিবাবার ভ্রাতা কাসেম যেমন গুপ্তধনের দ্বার উন্মোচনের মন্ত্র ভুলে গিয়ে সর্বনাশ ডেকে এনেছিল, তেমনি বাঙালি মুসলিম সমাজও নারীশিক্ষার প্রয়োজনীয়তাকে অস্বীকার করে নিজেদের অগ্রগতির পথ রুদ্ধ করেছে। তাঁর মতে, একটি জাতির অর্ধেক জনগোষ্ঠীকে অশিক্ষিত রেখে কখনোই সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই স্ত্রীশিক্ষার বিস্তার কেবল নারীর কল্যাণের জন্য নয়; বরং জাতির পুনর্জাগরণের অপরিহার্য শর্ত। মুসলিম সমাজ যখন ধীরে ধীরে এই সত্য উপলব্ধি করতে শুরু করে, তখন রোকেয়া ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।

ঔপনিবেশিক ভারতের সামাজিক ইতিহাসে বেগম রোকেয়া নারীমুক্তি-আন্দোলনের এক অগ্রগণ্য পথিকৃৎ। তিনি চিরাচরিত ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, অজ্ঞতা এবং নারী-বিদ্বেষী সামাজিক রীতিনীতির বিরুদ্ধে যুক্তির আলো জ্বালিয়েছিলেন। মুসলিম নারীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা, আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলা, অর্থনৈতিক স্বনির্ভরতার গুরুত্ব উপলব্ধি করানো, পুরুষের সমমর্যাদা অর্জনের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় জীবনের বৃহত্তর পরিসরে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল তাঁর চিন্তার কেন্দ্রবিন্দু। তিনি উপলব্ধি করেছিলেন যে, সামাজিক মুক্তি, জাতীয় উন্নয়ন এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ—এই তিনটির সঙ্গে নারীর জাগরণ অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ফলে তাঁর নারীমুক্তি-চিন্তা কেবল লিঙ্গসমতার প্রশ্নে সীমাবদ্ধ নয়; বরং তা জাতীয় পুনর্জাগরণ, আধুনিকতা এবং মানবমুক্তির বৃহত্তর দর্শনের অংশ।

রোকেয়ার নারীমুক্তি-দর্শনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকগুলোর একটি হলো পর্দাপ্রথার সমালোচনা। তিনি উপলব্ধি করেছিলেন যে, ভারতীয় নারীর অগ্রগতির পথে প্রধান অন্তরায় কেবল শারীরিক অবরোধ নয়, বরং মানসিক অবরোধও। তাঁর বিখ্যাত গ্রন্থ অবরোধবাসিনী-এর সাতচল্লিশটি কাহিনিতে অবরুদ্ধ মুসলিম নারীদের জীবনসংগ্রাম, অপমান, অমানবিকতা এবং আত্মপরিচয় হারানোর করুণ ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে। তবে তিনি কখনো ধর্মীয় শালীনতার বিরোধিতা করেননি; তাঁর আপত্তি ছিল সামাজিকভাবে আরোপিত সেই কঠোর অবরোধের বিরুদ্ধে, যা নারীকে মানুষ হিসেবে বিকশিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে। তিনি স্পষ্টভাবে দেখিয়েছেন যে, এই অবরোধের জন্য কেবল পুরুষই দায়ী নয়; দীর্ঘদিনের সামাজিক সংস্কারের ফলে বহু নারীও এই দাসত্বকে স্বাভাবিক বলে মেনে নিতে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাই রোকেয়ার সংগ্রাম ছিল দ্বিমুখী—একদিকে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে, অন্যদিকে নারীর মনোজগতের গভীরে প্রোথিত আত্মসমর্পণের সংস্কারের বিরুদ্ধেও। এই দ্বৈত সংগ্রামই তাঁর নারীমুক্তি-দর্শনকে সমকালীন সমাজসংস্কারকদের চিন্তার তুলনায় অধিক গভীর, বাস্তবমুখী এবং সুদূরপ্রসারী করে তুলেছে।

দাসত্বের প্রতীক থেকে আত্মমর্যাদার সংগ্রামে রোকেয়ার নারীমুক্তি-দর্শনের গভীরতর অন্বেষণ এই পথেই নিহিত রয়েছে। রোকেয়ার নারীমুক্তি-চিন্তার অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হলো, তিনি নারীর পরাধীনতাকে কেবল সামাজিক বা পারিবারিক সমস্যা হিসেবে দেখেননি; বরং একে ইতিহাস, সংস্কৃতি এবং মানসিকতার গভীরে প্রোথিত এক দীর্ঘস্থায়ী দাসত্বব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, সমাজে ‘স্বামী’ শব্দটির অর্থ ধীরে ধীরে ‘প্রভু’ বা ‘অধিকারী’-তে রূপান্তরিত হয়েছে। ফলে স্ত্রী আর সমঅধিকারসম্পন্ন জীবনসঙ্গিনী নন; তিনি ক্রমশ গৃহস্বামীর সম্পত্তি, গৃহপালিত জীব কিংবা ভোগ্যবস্তুতে পরিণত হয়েছেন। এই ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মধ্য দিয়েই রোকেয়া পুরুষতান্ত্রিক সমাজের অন্তর্নিহিত ক্ষমতার রাজনীতিকে উন্মোচিত করেন। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে, নারীর প্রতি বৈষম্য কেবল আচরণের মধ্যে সীমাবদ্ধ নয়; ভাষা, সংস্কার এবং সামাজিক রীতিনীতির মধ্যেও তার সুগভীর শিকড় প্রোথিত।

নারীর অলংকারপ্রিয়তাকেও রোকেয়া এক অভিনব দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। প্রচলিত সমাজ যেখানে অলংকারকে নারীর সৌন্দর্যের প্রতীক বলে বিবেচনা করেছে, সেখানে রোকেয়া তাকে দেখেছেন দাসত্বের প্রতীকে। তাঁর তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক ভাষ্যে স্বর্ণ-রৌপ্যের চুড়ি, হার, নোলক কিংবা অন্যান্য গহনা প্রকৃতপক্ষে বন্দির শৃঙ্খল, হাতকড়ি কিংবা পশুর গলাবন্ধেরই পরিশীলিত রূপ। এই ব্যাখ্যার মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন যে, সামাজিকভাবে যে অলংকারকে ভালোবাসা, মর্যাদা কিংবা ঐশ্বর্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, তার অন্তরালে লুকিয়ে আছে নারীর ওপর পুরুষের মালিকানাবোধ। ফলে অলংকারের নান্দনিকতা তাঁর কাছে গৌণ; প্রধান হয়ে ওঠে তার সামাজিক তাৎপর্য। এই বিশ্লেষণ বাংলা নারীবাদী চিন্তায় এক অভিনব তাত্ত্বিক সংযোজন, কারণ রোকেয়া প্রথমবারের মতো দৈনন্দিন জীবনের একটি স্বাভাবিক উপকরণকে ক্ষমতা ও দাসত্বের প্রতীক হিসেবে পাঠ করেছেন।

এ প্রসঙ্গে ড. আনোয়ার হোসেনের ‘ ‘বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত’ গ্রন্থ থেকে একটি অংশ উদ্ধৃত করা যায়, –
“বিংশ শতাব্দীর শেষে বাঙালী নারীদের সামাজিক ও পারিবারিক ভূমিকায় যে বিবর্তন এসেছিল তা রোকেয়া উপলব্ধি করেন। এই উপলব্ধি থেকেই তিনি ১৯০৮ সালে লেখেন Sultana’s Dream। ইতিপূর্বে ১৯০৫ সালে এটি Indian Ladies Magazine পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীকালে Sultana’s Dream-এর বাংলা অনুবাদ করেন রোকেয়া সুলতানার স্বপ্ন নামে। এতে রোকেয়া এক অপূর্ব নারীজগতের কল্পনা করেছেন, যেখানে পুরুষ পর্দার আড়ালে গৃহে আবদ্ধ আর নারী মস্তিষ্ক বলে অতি সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করছে। সুযোগ পেলে নারীর সুপ্ত প্রতিভা যে ফুলে ফলে বিকশিত হতে পারে এটাই প্রকাশ পেয়েছে রোকেয়ার চিন্তাশীল কল্পনা জগতের চিত্রে। রমণী দুর্বলা, কাজেই অন্তঃপুরের বাইরে থাকা তাদের জন্য নিরাপদ নয়-এই পুরুষতান্ত্রিক ধারণার তীব্র প্রতিবাদ জানিয়ে দৃঢ় সাহসিকতা, নির্ভীকতা ও কঠোরতার সাথে কটাক্ষ করেছেন সুলতানার স্বপ্নে। শারীরিক দিক থেকে অপেক্ষাকৃত বলিষ্ঠবান পুরুষ কর্তৃক নারীর প্রতি অত্যাচার, নিত্য কর্মে তৎকালীন রাজকর্মচারীদের অবহেলা পণপ্রথা ও বাল্যবিবাহ রহিতকরণ, বৈজ্ঞানিক প্রথায় চাষাবাদ, সৌরচুল্লীর কল্পনা, কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত প্রভৃতি চিন্তা রোকেয়া কল্পিত Lady Land-এ বিবর্তিত হয়েছে।”

রোকেয়া পুরুষতান্ত্রিক সমাজের তথাকথিত ‘রক্ষাকর্তা’ সত্তাকেও নির্মম ব্যঙ্গের মাধ্যমে ভেঙে দিয়েছেন। সমাজে প্রচলিত ধারণা ছিল—পুরুষ নারীদের সুরক্ষা দেয়, তাদের আগলে রাখে, তাদের কল্যাণের জন্যই নানা বিধিনিষেধ আরোপ করে। কিন্তু রোকেয়ার যুক্তি সম্পূর্ণ ভিন্ন। তাঁর মতে, এই রক্ষার নামে নারীকে জ্ঞান, স্বাধীনতা, বিশুদ্ধ পরিবেশ এবং মুক্ত চিন্তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। পুরুষের ‘বুকের মধ্যে বুক দিয়ে রক্ষা’ করার যে অহংকার, তা আসলে নারীকে হৃদয়পিঞ্জরে আবদ্ধ রাখার এক কৌশলমাত্র। তাঁর ব্যঙ্গোক্তি সমাজের প্রচলিত ভ্রান্ত ধারণাকে ভেঙে দেয় এবং দেখিয়ে দেয় যে, অতিরিক্ত সুরক্ষার নামে নারীকে প্রকৃতপক্ষে বন্দি করে রাখা হয়েছে। এই বিশ্লেষণ আধুনিক নারীবাদে আলোচিত পিতৃতান্ত্রিক অভিভাবকত্ব (patriarchal paternalism) ধারণার সঙ্গে গভীরভাবে সাযুজ্যপূর্ণ।

রোকেয়ার দৃষ্টিতে দাসপ্রথার বিলোপ হলেও নারীর দাসত্বের অবসান ঘটেনি। বরং তিনি মনে করেন, প্রত্যেক গৃহের অভ্যন্তরেই সেই দাসপ্রথা নতুন রূপে বহাল রয়েছে। তাঁর ভাষ্যে নারীর শারীরিক স্বাধীনতা যেমন হরণ করা হয়েছে, তেমনি তার মন, বুদ্ধি এবং আত্মপরিচয়ও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। এই কারণেই তিনি নারীর অবস্থাকে ক্রীতদাসীর চেয়েও শোচনীয় বলে অভিহিত করেন। তাঁর মতে, বাহ্যিক শৃঙ্খল ভাঙা তুলনামূলক সহজ; কিন্তু মানসিক দাসত্বের শিকল ছিন্ন করাই সবচেয়ে কঠিন। এই প্রসঙ্গে রোকেয়ার আরেকটি সাহসী অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারতীয় সমাজে আদর্শ নারীর প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত সীতার চরিত্রকেও তিনি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। তাঁর মতে, অন্ধ আনুগত্য, আত্মসমর্পণ এবং ব্যক্তিসত্তার বিলোপ কোনো নারীর আদর্শ হতে পারে না। যুক্তি, ন্যায়বোধ এবং আত্মমর্যাদাহীন আনুগত্যকে তিনি কখনোই নারীত্বের আদর্শ বলে স্বীকার করেননি। এই মূল্যায়ন তৎকালীন সমাজে ছিল অত্যন্ত সাহসী এবং বৈপ্লবিক। কারণ তিনি পৌরাণিক চরিত্রের পুনর্মূল্যায়নের মাধ্যমে নারীদের আত্মসমালোচনার সুযোগ সৃষ্টি করেছিলেন এবং প্রতিষ্ঠিত আদর্শকে প্রশ্ন করার বৌদ্ধিক সাহস জুগিয়েছিলেন।

ভারতীয় নারীর দুর্দশা সম্পর্কে রোকেয়ার ভাষা কখনো কখনো তীব্র আবেগময় হয়ে উঠেছে। তিনি ব্যথাভরে মন্তব্য করেন যে, সমাজে অস্পৃশ্য, পশু কিংবা পথকুকুরের জন্যও সহানুভূতির মানুষ পাওয়া যায়; কিন্তু অবরোধবন্দিনী ভারতীয় নারীর কান্না শোনার মতো কেউ নেই। এই বক্তব্যে কেবল তাঁর ব্যক্তিগত বেদনা নয়, সমগ্র নারীসমাজের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার ইতিহাস প্রতিফলিত হয়েছে। নারীকে তিনি এমন এক নীরব জনগোষ্ঠী হিসেবে দেখেছেন, যাদের দুর্ভোগ সমাজের চোখে দৃশ্যমান নয় বলেই তা নিয়ে কোনো সামাজিক আন্দোলন গড়ে ওঠে না। এই উপলব্ধি থেকেই তিনি নারী-প্রশ্নকে জনপরিসরে নিয়ে আসার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

রোকেয়া আরও দেখিয়েছেন যে, নারীর পরাধীনতার সবচেয়ে ভয়াবহ দিক হলো—সে নিজেই নিজের দাসত্বকে স্বাভাবিক বলে মেনে নিতে শেখে। জন্মের পর থেকেই সামাজিক সংস্কার, কুশিক্ষা এবং পারিবারিক অনুশাসনের মাধ্যমে মেয়েদের এমনভাবে গড়ে তোলা হয় যে, তারা স্বাধীনতার আকাঙ্ক্ষাকেও অপরাধ বলে মনে করে। পাখির উড়তে শেখার আগেই যেমন তার ডানা কেটে দেওয়া হয়, তেমনি নারীর আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং স্বাধীনচেতা মনন শৈশবেই স্তব্ধ করে দেওয়া হয়। ফলে স্বামীর অন্যায়, অত্যাচার কিংবা বিশ্বাসঘাতকতার বিরুদ্ধেও অধিকাংশ নারী প্রতিবাদ করার নৈতিক শক্তি হারিয়ে ফেলে। রোকেয়ার মতে, এই মানসিক দাসত্বই নারী-অবমাননার সবচেয়ে ভয়ংকর ভিত্তি।

এই কারণেই তিনি নারীমুক্তির মূল চাবিকাঠি হিসেবে আত্মমর্যাদাবোধ এবং সমঅধিকারের ধারণাকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তবে তাঁর সমতার ধারণা পুরুষের অনুকরণ নয়; বরং মানবিক মর্যাদার ভিত্তিতে সমান সুযোগের দাবি। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে, সমাজে যেমন পুত্রের মর্যাদা রয়েছে, তেমনি কন্যারও সমমর্যাদা থাকা উচিত। নারী-পুরুষ প্রতিদ্বন্দ্বী নয়; তারা একই সমাজের পরিপূরক সদস্য। অতএব নারীর উন্নতির অর্থ পুরুষকে পরাজিত করা নয়, বরং সমাজের অর্ধাংশকে তার প্রাপ্য মানবিক অধিকার ফিরিয়ে দেওয়া। এই দৃষ্টিভঙ্গি রোকেয়ার নারীবাদকে সংঘাতের পরিবর্তে ন্যায়, সাম্য এবং মানবমর্যাদার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছে। সমগ্র আলোচনার মধ্য দিয়ে একটি বিষয় সুস্পষ্ট হয়ে ওঠে—রোকেয়ার কাছে নারীমুক্তি কেবল সামাজিক সংস্কারের কর্মসূচি ছিল না; এটি ছিল মানুষের আত্মমর্যাদা পুনরুদ্ধারের আন্দোলন। অলংকার, পর্দা, ভাষা, ধর্মের অপব্যাখ্যা, পারিবারিক সম্পর্ক কিংবা সামাজিক সংস্কার—সবকিছুকে তিনি নতুনভাবে ব্যাখ্যা করেছেন একটি মাত্র উদ্দেশ্যে: নারীকে নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন করে তোলা। তাই তাঁর সাহিত্য কেবল প্রতিবাদের ভাষা নয়; আত্মজাগরণ, আত্মসম্মান এবং মানবমুক্তির এক স্থায়ী ঘোষণাপত্র।

নারীমুক্তির প্রধান হাতিয়ার হিসেবে রোকেয়া যে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন, তা হলো শিক্ষা। তাঁর মতে, নারীকে বন্দি করে রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো তাকে জ্ঞানের আলো থেকে বঞ্চিত রাখা। তাই তিনি নারীশিক্ষাকে কেবল বিদ্যাচর্চার বিষয় হিসেবে দেখেননি; বরং আত্মমর্যাদা, আত্মচেতনা এবং স্বাধীন মানবসত্তার বিকাশের পূর্বশর্ত হিসেবে বিবেচনা করেছেন। রোকেয়ার ভাষায়, যেমন দীর্ঘদিন বন্ধ থাকা কক্ষে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তেমনি শিক্ষা থেকে বঞ্চিত নারীর মনোজগৎও অন্ধকার, কুসংস্কার ও সংকীর্ণতার মধ্যে আবদ্ধ থাকে। পুরুষের জন্য জ্ঞানভাণ্ডারের দ্বার সর্বদা উন্মুক্ত থাকলেও নারীর সামনে সেই পথ সচেতনভাবেই রুদ্ধ করে রাখা হয়েছে। এই বৈষম্যকে তিনি কেবল শিক্ষাক্ষেত্রের অসাম্য নয়, বরং একটি সুপরিকল্পিত সামাজিক নিপীড়ন হিসেবে চিহ্নিত করেছেন।

একই সঙ্গে মনে রাখতে হবে যে স্ত্রীশিক্ষার বিরোধী যারা সমগ্র বিশ্বের দিকে না তাকিয়ে অন্ধের মত নিজেদের দাবিকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আলোর বিপরীতে গিয়ে দাঁড়িয়ে কুপমণ্ডুকের মত কথা বলেছেন,-
“স্ত্রীশিক্ষার বিরোধীগণ বলে যে, শিক্ষা পাইলে স্ত্রীলোকেরা অশিষ্ট ও অনম্যা হয়। ধিক! ইঁহারা নিজেকে মুসলমান বলেন, অথচ ইসলামের মূল সূত্রের এমন বিরুদ্ধাচারণ করেন। যদি শিক্ষা পাইয়া পুরুষগণ বিপথগামী না হয়, তবে স্ত্রীলোকেরা কেন বিপথগামিনী হইবে? এমন জাতি, যাহারা নিজেদের অর্ধেক লোককে মূর্খতা ও ‘পর্দা’ রূপ কারাগারে আবদ্ধ রাখে, তাহারা অন্যান্য জাতির – যাহারা সমানে সমানে স্ত্রীশিক্ষার প্রচলন করিয়াছে, তাহাদের সহিত জীবন-সংগ্রামে কীরূপে প্রতিযোগিতা করিবে?…”

সময়ের দাবিকে যদি আমরা না মানি তাহলে আমাদের সমাজ উপেক্ষা করবে। সমাজ আমাদের ছুঁড়ে ফেলে দেবে, সত্যি সত্যি সেই পরিস্থিতি একদিন শিক্ষার বিরোধীরা, নারী স্বাধীনতার বিরোধীরা উপলব্ধি করতে বাধ্য হয়েছে। যা বর্তমান বিশ্বের দিকে তাকালে সম্যক উপলব্ধি করা যায়। আর এখনও যেখানে সূর্যোদয় হয়নি, সেখানেও একদিন সূর্যোদয় হবেই হবে, সেদিনের আর বেশি দেরি নেই।

রোকেয়ার দৃষ্টিতে শিক্ষা মানুষের মনকে উদার, যুক্তিবাদী এবং মানবিক করে তোলে। চন্দ্রালোক যেমন অন্ধকার পৃথিবীকে আলোকিত করে, তেমনি শিক্ষা মানুষের অন্তর থেকে অজ্ঞতা, কুসংস্কার, সংকীর্ণতা এবং ভ্রান্ত বিশ্বাস দূর করে। কিন্তু সমকালীন মুসলিম সমাজে স্ত্রীশিক্ষাকে সন্দেহের চোখে দেখা হতো। প্রচলিত ধারণা ছিল—নারী শিক্ষিত হলে সংসার ভেঙে যাবে, ধর্মচ্যুতি ঘটবে, পতিভক্তি নষ্ট হবে এবং সামাজিক শৃঙ্খলা বিপর্যস্ত হবে। রোকেয়া এই সমস্ত যুক্তিকে যুক্তিবাদী বিশ্লেষণের মাধ্যমে খণ্ডন করেন। তাঁর উপলব্ধি ছিল, শিক্ষিত নারী কখনো সমাজের অকল্যাণ ডেকে আনে না; বরং শিক্ষিত মা, শিক্ষিত পরিবার এবং শিক্ষিত জাতির ভিত্তি নির্মাণ করে। এই কারণেই তিনি নারীদের উদ্দেশে উচ্চারণ করেন—“আমরা পশু নই, আমরা আসবাব নই, আমরা মানুষ।” এই ঘোষণা বাংলা নারীমুক্তি আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী আত্মপরিচয়ের ভাষ্য, যেখানে নারী প্রথমবার নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠার দাবি জানায়।

রোকেয়ার মতে, নারীর অধিকার কখনোই অনুগ্রহস্বরূপ লাভ করা যায় না; সংগ্রামের মাধ্যমেই তা অর্জন করতে হয়। তিনি স্পষ্ট উপলব্ধি করেছিলেন যে, পুরুষতান্ত্রিক সমাজ স্বতঃপ্রবৃত্ত হয়ে নারীর ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে না। তাই নারীকে নিজেকেই নিজের মুক্তির সংগ্রামে অগ্রণী হতে হবে। আত্মনির্ভরতা, আত্মসম্মান এবং আত্মবিশ্বাস—এই তিনটি শক্তিকে তিনি নারীমুক্তির মূলভিত্তি হিসেবে চিহ্নিত করেন। তাঁর মতে, যে নারী অর্থনৈতিকভাবে অন্যের ওপর নির্ভরশীল, সে সামাজিক ও মানসিক স্বাধীনতাও অর্জন করতে পারে না। এই উপলব্ধি থেকেই তিনি নারীদের উদ্দেশে জাগরণের আহ্বান জানান। তাঁর সেই ঐতিহাসিক আহ্বান—“জাগ, জাগ গো ভগিনী”—কেবল আবেগঘন আহ্বান নয়; বরং সামাজিক বিপ্লবের এক সুস্পষ্ট কর্মসূচি। তিনি জানতেন এই সংগ্রামের পথে বাধা আসবে, সমাজ কটূক্তি করবে, ধর্মীয় গোঁড়ামি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে; তবু সমাজের বৃহত্তর কল্যাণের জন্য নারীদের জাগতেই হবে।

রোকেয়ার চিন্তার সবচেয়ে আধুনিক ও যুগান্তকারী দিকগুলোর একটি হলো নারীর অর্থনৈতিক স্বাবলম্বনের দাবি। তিনি উপলব্ধি করেছিলেন যে, অর্থনৈতিক নির্ভরশীলতা নারীর দাসত্বকে স্থায়ী করে তোলে। তাই প্রয়োজন হলে নারীকে কেরানি, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, বিচারক কিংবা প্রশাসক—যে কোনো পেশায় প্রবেশ করতে হবে। তাঁর বিশ্বাস ছিল, যে শ্রম নারী সংসারে নিঃস্বার্থভাবে ব্যয় করেন, সেই একই শ্রম সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর পরিসরেও সমান দক্ষতার সঙ্গে প্রয়োগ করা সম্ভব। কৃষিকাজ, ব্যবসা, প্রশাসন কিংবা বিচারব্যবস্থা—কোনো ক্ষেত্রই নারীর জন্য অযোগ্য নয়। এই বক্তব্য বিংশ শতাব্দীর সূচনালগ্নে ছিল এক অভূতপূর্ব সামাজিক ঘোষণা। যখন অধিকাংশ শিক্ষিত সমাজও নারীর প্রধান ভূমিকা গৃহপরিচালনার মধ্যেই সীমাবদ্ধ রাখতে আগ্রহী ছিল, তখন রোকেয়া নারীকে কর্মজীবনের প্রতিটি স্তরে সমান অংশগ্রহণের অধিকারী হিসেবে কল্পনা করেছিলেন। তাঁর এই দৃষ্টিভঙ্গি পরবর্তী নারীবাদী অর্থনৈতিক চিন্তার পূর্বাভাস বহন করে।

উল্লেখ্য, এই প্রেক্ষাপটে রোকেয়ার অবস্থান সমকালীন বাঙালি সমাজসংস্কারকদের থেকেও অনেক অগ্রসর। জ্ঞানদানন্দিনী দেবী, কামিনী রায়, কৃষ্ণভাবিনী দাস কিংবা সরলা দেবী নারীশিক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করলেও অধিকাংশ ক্ষেত্রেই সেই শিক্ষা ছিল আদর্শ গৃহিণী ও সংস্কৃতিমনা নারী গড়ে তোলার উদ্দেশ্যে। কিন্তু রোকেয়া প্রথম সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে, নারীকে কেবল শিক্ষিত হলেই চলবে না; তাকে পুরুষের সমমর্যাদা অর্জন করতে হবে এবং রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই কারণেই তাঁর চিন্তাধারা সমকালীন সামাজিক সংস্কারের সীমা অতিক্রম করে আধুনিক নারীবাদী দর্শনের সঙ্গে এক গভীর সম্পর্ক স্থাপন করে।

নারী-পুরুষ সম্পর্ক সম্পর্কেও রোকেয়ার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত মৌলিক। তিনি স্বামীকে প্রভু নয়, বরং জীবনসঙ্গী; নারীকে অধীনস্ত নয়, বরং সহচরী, সহকর্মী ও সহধর্মিণী হিসেবে দেখতে চেয়েছেন। তাঁর মতে, সমাজ একটি রথের মতো, যার দুটি চাকা হলো নারী ও পুরুষ। একটি চাকা বড় এবং অন্যটি ছোট হলে যেমন রথ সুষ্ঠুভাবে চলতে পারে না, তেমনি নারী-পুরুষের অসম অবস্থান সমাজের সামগ্রিক অগ্রগতিকে ব্যাহত করে। তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দেখিয়েছেন যে, শিক্ষার বৈষম্যের কারণে স্বামী যখন জ্যোতির্বিজ্ঞান, দর্শন বা বিজ্ঞানের জগতে বিচরণ করেন, তখন স্ত্রী বাধ্য হন রান্নাঘর ও গৃহস্থালির সংকীর্ণ পরিসরে সীমাবদ্ধ থাকতে। এই বৈপরীত্য কেবল ব্যক্তিগত নয়; এটি সমগ্র জাতির মানসিক ও সাংস্কৃতিক বিকাশকে বাধাগ্রস্ত করে। ফলে নারীশিক্ষা ও সমঅধিকার রোকেয়ার কাছে ব্যক্তিগত উন্নয়নের নয়, জাতীয় অগ্রগতিরও পূর্বশর্ত।

কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্যও রোকেয়ার তীক্ষ্ণ দৃষ্টির আড়ালে থাকেনি। একই কাজের জন্য নারীরা পুরুষের তুলনায় কম মজুরি পায়—এই বৈষম্যের বিরুদ্ধে তিনি সরব প্রতিবাদ জানান। তাঁর মতে, শ্রমের মূল্য লিঙ্গনির্ভর হতে পারে না; সমান শ্রমের জন্য সমান পারিশ্রমিক মানবিক ন্যায়বোধের অপরিহার্য দাবি। লক্ষণীয় যে, আন্তর্জাতিক পরিসরে ‘সমান কাজের জন্য সমান মজুরি’ নীতি ব্যাপক স্বীকৃতি পাওয়ার বহু আগেই রোকেয়া এই প্রশ্নটি উত্থাপন করেছিলেন। ফলে তাঁর এই চিন্তা কেবল সমকালীন নয়, সময়কে অতিক্রমকারী এক সুদূরপ্রসারী সামাজিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক।

অর্থনৈতিক অধিকারের প্রশ্নেও রোকেয়া ছিলেন আপসহীন। তিনি দেখিয়েছেন, ইসলাম নারীদের উত্তরাধিকার-সম্পত্তির অধিকার স্বীকার করলেও সমাজ ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে সেই অধিকার কার্যত অস্বীকার করেছে। পৈতৃক সম্পত্তি, শিক্ষা কিংবা সামাজিক সুযোগ—প্রতিটি ক্ষেত্রেই কন্যাসন্তানকে বঞ্চিত করা হয়েছে। রোকেয়ার মতে, ধর্ম নয়, বরং ধর্মের বিকৃত সামাজিক প্রয়োগই নারীর এই বঞ্চনার জন্য দায়ী। তাই তিনি নারীর সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার এবং অর্থনৈতিক স্বনির্ভরতাকে একই সূত্রে যুক্ত করেছেন। তাঁর উপলব্ধি ছিল—অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া সামাজিক স্বাধীনতা অসম্ভব; আর শিক্ষা ছাড়া অর্থনৈতিক স্বাধীনতাও অধরা। এইভাবে রোকেয়ার নারীমুক্তি-দর্শন শিক্ষা, আত্মমর্যাদা, অর্থনৈতিক স্বাবলম্বন, সামাজিক সমতা এবং মানবিক মর্যাদার এক সমন্বিত দর্শনে পরিণত হয়েছে। তিনি কেবল নারীর দুর্দশার বিবরণ দেননি; সেই দুর্দশা থেকে উত্তরণের একটি সুস্পষ্ট কর্মপথও নির্দেশ করেছেন। এই কারণেই বেগম রোকেয়ার চিন্তা আজও কেবল ইতিহাসের বিষয় নয়; সমকালীন নারী-অধিকার আন্দোলনের ক্ষেত্রেও এক চিরন্তন প্রেরণার উৎস।

‘নারী কি নরের সমকক্ষ ‘ রচনায় বেগম রোকেয়া যে গুরুত্বপূর্ণ মতামত ও যুক্তি দাঁড় করিয়েছেন, এ প্রসঙ্গে তা অত্যন্ত স্মরণীয়।
“স্ত্রী ও পুরুষ এক মানবজাতির অন্তর্গত হইলেও সুস্পষ্ট দৃষ্ট হইতেছে যে, শারীরিক ও মানসিক সকল বিষয়ে বিধাতা উভয়কে ভিন্নজাতি ও ভিন্নপ্রকৃতিরূপে সৃজন করিয়া উভয়ের জীবনের উদ্দেশ্য ও কার্যপ্রণালীতে ভিন্নতা স্থাপন করিয়াছেন। কোন বিষয়ে উভয়ে একেবারে Equal হইতে পারে না। প্রথমতঃ স্ত্রী ও পুরুষের শারীরিক গঠন ও প্রকৃতি বিষয়ে আমরা লক্ষ্য করিয়া দেখি, পুরুষের যেরূপ শিরোমুখচক্ষুকর্ণনাসিকা হস্তপদাদি আছে, নারীরও সেই রূপ বিদ্যমান। সাধারণভাবে এবিষয়ে উভয়ের সমতা রহিয়াছে, ইহা স্বীকার করি। কিন্তু তন্মধ্যে ভিন্নতা ও বিশেষত্ব স্পষ্ট লক্ষিত হয়। একজন অপরিচিত পুরুষ ও একজন নারী কোনরূপে দৃষ্টিগোচর হয় এমন দূরবর্তী কোন স্থানে দণ্ডায়মান হউক; পুরুষ গোঁপ শ্মশ্রু বিমুক্ত হইলেও উভয়ের মুখমণ্ডলের প্রতি দৃষ্টি স্থাপন মাত্র চিনিয়া লওয়া যাইবে, কোন্ টি পুরুষ ও কোন্ টি নারী। চক্ষুর অগোচরে থাকিয়া স্ত্রী ও পুরুষ দুই জনে কথা বলুক, উভয়ের কণ্ঠস্বরে এত ভিন্নতা যে, সেই স্বর পরিচয় করিয়া দিবে, কোন্টী স্ত্রীর কথা ও কোন্টী পুরুষের উক্তি। পুরুষের কণ্ঠস্বর উচ্চ ও কঠোর, নারীর স্বর কোমল ও মৃদু। শারীরিক বল, সাহস ও বীর্য্যাদিসম্বন্ধে স্ত্রী ও পুরুষের মধ্যে বহু ভিন্নতা। …..”

নারীমুক্তির সামাজিক, শিক্ষাগত ও মানবিক পরিণতি অনুসন্ধানে সার্থক দিগন্ত আবিষ্কৃত হলেই রোকেয়ার চিন্তার পরিণত রূপ খুঁজে পাওয়া কষ্টকর হবে না। রোকেয়ার নারীমুক্তি-চিন্তার পরিণত পর্যায়ে এসে তাঁর দৃষ্টিভঙ্গি আরও সুস্পষ্ট, আরও সুসংহত এবং অধিকতর বাস্তবধর্মী হয়ে ওঠে। প্রাথমিক পর্যায়ে তিনি যেখানে নারীজীবনের বঞ্চনা, অবরোধ ও সামাজিক বৈষম্যের চিত্র তুলে ধরেছিলেন, পরবর্তী রচনাগুলিতে সেখানে তিনি সেই সংকট উত্তরণের কার্যকর পথও নির্দেশ করেন। তাঁর মতে, কেবল সমাজের সমালোচনা করে নারীমুক্তি সম্ভব নয়; প্রয়োজন শিক্ষা, আত্মমর্যাদা, অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক সংস্কারের সমন্বিত প্রয়াস। এই কারণেই তাঁর নারীমুক্তি-ভাবনা প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; তা ক্রমশ একটি পূর্ণাঙ্গ সমাজদর্শনে পরিণত হয়েছে।

বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও রোকেয়া মানবিক মর্যাদা ও পারস্পরিক সম্মানকে সর্বোচ্চ মূল্য দিয়েছেন। তিনি লক্ষ্য করেছিলেন, সমকালীন সমাজে বিবাহকে প্রায়শই সমঅধিকারের সম্পর্ক হিসেবে নয়, বরং পুরুষের কর্তৃত্ব প্রতিষ্ঠার একটি সামাজিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। বিশেষত তালাকের একতরফা প্রয়োগ নারীর অস্তিত্বকে অনিশ্চয়তার মধ্যে নিক্ষেপ করত এবং তাকে সর্বদা ভয়, নিরাপত্তাহীনতা ও মানসিক অবদমনের মধ্যে বসবাস করতে বাধ্য করত। রোকেয়া এই পরিস্থিতিকে কেবল একটি পারিবারিক সমস্যা হিসেবে দেখেননি; তিনি এটিকে নারীর মানবিক মর্যাদা ও ব্যক্তিস্বাতন্ত্র্যের ওপর প্রত্যক্ষ আঘাত হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর মতে, যে সমাজে বিবাহ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার পরিবর্তে ক্ষমতার সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত হয়, সেখানে নারী কখনোই স্বাধীন ব্যক্তি হিসেবে বিকশিত হতে পারে না। এই একসূত্র ধরে বাল্যবিবাহকে তিনি নারীজীবনের বিকাশের অন্যতম প্রধান অন্তরায় হিসেবে বিবেচনা করেছেন। শৈশব, শিক্ষা, মানসিক বিকাশ এবং স্বাধীন ভবিষ্যৎ—সবকিছুকেই এই প্রথা বিনষ্ট করে দেয়। রোকেয়ার বিশ্লেষণে বাল্যবিবাহ কেবল একটি কুপ্রথা নয়; এটি নারীকে সচেতন নাগরিক হয়ে ওঠার সম্ভাবনা থেকে বঞ্চিত করার একটি সামাজিক কৌশল। অল্পবয়সে বিবাহিত কন্যা সংসারের দায়ভার বহন করতে গিয়ে নিজের ব্যক্তিসত্তা, শিক্ষালাভের সুযোগ এবং আত্মপ্রতিষ্ঠার অধিকার হারিয়ে ফেলে। ফলে বাল্যবিবাহের বিরোধিতা তাঁর কাছে নারীমুক্তি-আন্দোলনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।

নারীমুক্তির এই তাত্ত্বিক অবস্থানকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রেও রোকেয়ার ভূমিকা ছিল অনন্য। তিনি কেবল শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেননি; শিক্ষাপ্রসারের জন্য নিজেই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। মুসলিম কন্যাদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি প্রমাণ করেন যে, সামাজিক পরিবর্তনের জন্য কেবল চিন্তা নয়, সংগঠিত কর্মপ্রয়াসও সমানভাবে প্রয়োজন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছিল নারীশিক্ষার কেন্দ্রই নয়, বরং আত্মমর্যাদা, আত্মবিশ্বাস এবং সামাজিক জাগরণেরও প্রাণকেন্দ্র। এই কর্মযজ্ঞের মাধ্যমে তিনি সাহিত্যিক থেকে সমাজসংস্কারক এবং সমাজসংস্কারক থেকে আন্দোলনের সফল সংগঠকে পরিণত হন।

শিক্ষা সম্পর্কে রোকেয়ার ধারণা ছিল অসাধারণ প্রগতিশীল। তিনি শিক্ষাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপায় হিসেবে নয়, বরং মানুষ হয়ে ওঠার প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, প্রকৃত শিক্ষা মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করে, যুক্তিবোধকে শাণিত করে, নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলে এবং ব্যক্তিকে নাগরিক চেতনায় উদ্বুদ্ধ করে। কেবল বইয়ের জ্ঞান অর্জন নয়, বরং বাস্তবজীবনের সমস্যাকে উপলব্ধি করে সৃজনশীল সমাধান খুঁজে বের করার সক্ষমতাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। এই কারণেই তাঁর শিক্ষাচিন্তা আধুনিক মানবিক শিক্ষাদর্শের সঙ্গে আশ্চর্যজনকভাবে সামঞ্জস্যপূর্ণ।

রোকেয়ার শিক্ষাদর্শের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো প্রাচ্য ও পাশ্চাত্যের সৃজনশীল সমন্বয়ের ধারণা। তিনি উপলব্ধি করেছিলেন যে, অন্ধ অনুকরণ যেমন আত্মপরিচয়কে ক্ষতিগ্রস্ত করে, তেমনি অতীতের অন্ধ অনুসরণও জাতিকে স্থবির করে তোলে। তাই তিনি এমন একটি শিক্ষাব্যবস্থার কথা কল্পনা করেছিলেন, যেখানে ভারতীয় ঐতিহ্যের নৈতিক ও সাংস্কৃতিক শক্তির সঙ্গে পাশ্চাত্যের বিজ্ঞানমনস্কতা, যুক্তিবাদ এবং আধুনিক জ্ঞানচর্চার সমন্বয় ঘটবে। তাঁর এই দৃষ্টিভঙ্গি তাঁকে কেবল নারীশিক্ষার প্রবক্তা নয়, ভারতীয় শিক্ষাচিন্তার অন্যতম দূরদর্শী চিন্তাবিদ হিসেবেও প্রতিষ্ঠিত করেছে।

রোকেয়া বিশেষভাবে উপলব্ধি করেছিলেন যে, নারীশিক্ষার প্রশ্নটি কোনো ব্যক্তিগত সমস্যা নয়; এটি একটি জাতীয় প্রশ্ন। একটি জাতির অর্ধেক জনগোষ্ঠী যদি অশিক্ষিত, অবদমিত এবং আত্মবিশ্বাসহীন থাকে, তবে সেই জাতির সামগ্রিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। নারীকে অন্ধকারে রেখে স্বাধীনতা, উন্নয়ন কিংবা সভ্যতার দাবি তাঁর কাছে আত্মপ্রবঞ্চনারই নামান্তর। তাই তিনি নারীশিক্ষাকে জাতীয় পুনর্জাগরণের মৌলিক শর্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তাঁর এই উপলব্ধি ঔপনিবেশিক ভারতের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত এবং আজও সমানভাবে প্রাসঙ্গিক।

নারীজাগরণ সম্পর্কে রোকেয়ার চিন্তা ছিল গভীরভাবে আশাবাদী। তিনি বিশ্বাস করতেন, শতাব্দীর পর শতাব্দী ধরে নিপীড়িত থাকলেও নারী একদিন নিজের শক্তিকে চিনতে শিখবে এবং আত্মমর্যাদার অধিকার প্রতিষ্ঠা করবে। পৃথিবীর বিভিন্ন দেশে নারীর ক্রমবর্ধমান অংশগ্রহণ তাঁকে আশাবাদী করে তুলেছিল। তিনি উপলব্ধি করেছিলেন যে, নারী যখন শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য, প্রশাসন, চিকিৎসা ও জনজীবনের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণ করবে, তখন সমাজের সামগ্রিক রূপান্তর অনিবার্য হয়ে উঠবে। তাই তাঁর আহ্বান ছিল নিছক আবেগের বহিঃপ্রকাশ নয়; বরং ইতিহাসের পরিবর্তনশীল গতির প্রতি গভীর আস্থার প্রকাশ

রোকেয়ার নারীবাদকে পাশ্চাত্য নারীবাদের সরল প্রতিরূপ হিসেবে ব্যাখ্যা করা যায় না। তাঁর চিন্তার ভিত্তি ছিল ভারতীয় সমাজের বাস্তব অভিজ্ঞতা, মুসলিম নারীজীবনের সংকট, ঔপনিবেশিক শাসনের সামাজিক অভিঘাত এবং ধর্মীয় মূল্যবোধের যুক্তিনিষ্ঠ পুনর্ব্যাখ্যা। তিনি নারী-পুরুষের সংঘাতকে উৎসাহিত করেননি; বরং উভয়ের মর্যাদা, সহযোগিতা এবং মানবিক সমতার ভিত্তিতে একটি ন্যায়নিষ্ঠ সমাজ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। তাঁর কাছে নারীমুক্তি মানে পুরুষের বিরুদ্ধে বিদ্রোহ নয়; অজ্ঞতা, কুসংস্কার, বৈষম্য এবং অবিচারের বিরুদ্ধে মানবিক প্রতিবাদ।

সব মিলিয়ে বেগম রোকেয়ার নারীমুক্তি-চিন্তা বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ বৌদ্ধিক অর্জন। তিনি প্রথম উপলব্ধি করেছিলেন যে, শিক্ষা, অর্থনৈতিক স্বনির্ভরতা, সামাজিক মর্যাদা, আইনি অধিকার এবং আত্মমর্যাদাবোধ—এই পাঁচটি স্তম্ভের ওপরই প্রকৃত নারীমুক্তি প্রতিষ্ঠিত হতে পারে। তাঁর সাহিত্য তাই কেবল কল্পনার জগৎ নয়; এটি সমাজরূপান্তরের এক কার্যকর দলিল। তিনি যেমন নারীকে নিজের পরিচয় খুঁজে নিতে শিখিয়েছেন, তেমনি সমাজকেও শিখিয়েছেন যে, নারীকে অবদমিত রেখে কোনো সভ্যতা পূর্ণতা লাভ করতে পারে না।

এইভাবেই রোকেয়া তাঁর সময়কে অতিক্রম করে এক অনন্য মানবমুক্তির দর্শন নির্মাণ করেছেন। তাঁর চিন্তার কেন্দ্রবিন্দুতে ছিল নারী, কিন্তু লক্ষ্য ছিল সমগ্র সমাজের মুক্তি। তাই তাঁর নারীমুক্তি-ভাবনা কেবল একটি লিঙ্গভিত্তিক আন্দোলনের তত্ত্ব নয়; এটি ন্যায়, সাম্য, শিক্ষা, মানবিকতা এবং আধুনিকতার সমন্বয়ে নির্মিত এক সুদূরপ্রসারী সমাজদর্শন, যা বাংলা নবজাগরণের উত্তরাধিকারের অন্যতম শ্রেষ্ঠ অভিব্যক্তি। এখান থেকেই পরবর্তী উপসংহারে রোকেয়ার সামগ্রিক সমাজদর্শন, শিক্ষাচিন্তা এবং নারী-অধিকার আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য আরও বিস্তৃত পরিসরে মূল্যায়ন করা যেতে পারে।

মুক্তির সূর্যোদয় রোকেয়ার চিন্তার চিরন্তন উত্তরাধিকার সম্পর্কে স্পষ্টভাবে বলা যায়, বেগম রোকেয়ার নারীমুক্তি-চিন্তা কেবল নারী-অধিকার প্রতিষ্ঠার দাবি নয়; এটি ছিল একটি গভীর মানবমুক্তির দর্শন। তিনি উপলব্ধি করেছিলেন, যে সমাজ তার অর্ধেক জনগোষ্ঠীকে অশিক্ষা, কুসংস্কার, অবরোধ ও বৈষম্যের শৃঙ্খলে আবদ্ধ রাখে, সেই সমাজ কখনোই প্রকৃত অর্থে উন্নত, সভ্য কিংবা প্রগতিশীল হতে পারে না। তাই তাঁর কাছে নারীমুক্তি কোনো বিচ্ছিন্ন সামাজিক কর্মসূচি ছিল না; বরং জাতির সামগ্রিক জাগরণ, সামাজিক পুনর্গঠন এবং মানবসভ্যতার অগ্রগতির অপরিহার্য পূর্বশর্ত।

রোকেয়ার চিন্তার সবচেয়ে বড় শক্তি তাঁর বাস্তববোধ। তিনি পাশ্চাত্যের নারী-আন্দোলনের নানা দিক সম্পর্কে অবহিত থাকলেও অন্ধ অনুকরণে বিশ্বাস করেননি। ভারতীয় সমাজ, বিশেষত বাঙালি মুসলিম সমাজের বাস্তব সমস্যাকে সামনে রেখেই তিনি তাঁর মুক্তির দর্শন নির্মাণ করেছেন। নারীশিক্ষা, অর্থনৈতিক স্বাবলম্বন, আত্মমর্যাদাবোধ, যুক্তিবাদী ধর্মচেতনা, বৈবাহিক সম্পর্কের পারস্পরিক মর্যাদা এবং সামাজিক সমঅধিকার—এই সমস্ত উপাদান তাঁর ভাবনার মধ্যে এক অবিচ্ছেদ্য ঐক্যে পরিণত হয়েছে। ফলে তাঁর নারীবাদ সংঘাতের নয়, সহযোগিতার; প্রতিহিংসার নয়, মানবিক ন্যায়বোধের; অনুকরণের নয়, আত্মমুক্তির দর্শন। রোকেয়ার সাহিত্যকর্ম এই চিন্তারই সৃজনশীল রূপায়ণ। তাঁর প্রবন্ধ, গল্প, উপন্যাস, রম্যরচনা কিংবা সামাজিক বক্তব্য—সবকিছুর মধ্যেই একই লক্ষ্য সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে—নারীকে মানুষ হিসেবে তার পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করা। সাহিত্যকে তিনি কেবল নন্দনতাত্ত্বিক সৃষ্টির ক্ষেত্র হিসেবে দেখেননি; বরং সমাজপরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। সেই কারণেই তাঁর সাহিত্য আজও ইতিহাসের দলিল, সমাজচিন্তার উপকরণ এবং নারী-অধিকার আন্দোলনের প্রেরণাস্বরূপ।

বাংলার নবজাগরণের ইতিহাসে রোকেয়ার অবদান তাই স্বতন্ত্র ও অনন্য। তিনি কেবল মুসলিম নারীসমাজের জাগরণের অগ্রদূত নন; সমগ্র বাঙালি সমাজে নারী-স্বাধীনতা, শিক্ষা এবং মানবিক সমতার ধারণাকে এক নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। তাঁর চিন্তার প্রভাব পরবর্তী নারীজাগরণ, শিক্ষাচিন্তা এবং সামাজিক সংস্কার আন্দোলনের ওপর সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছে। আজকের একবিংশ শতাব্দীতেও রোকেয়ার চিন্তা সমানভাবে প্রাসঙ্গিক। নারীশিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা, লিঙ্গসমতা এবং মানবিক মর্যাদার প্রশ্নে তাঁর বক্তব্য এখনও আমাদের পথ দেখায়। এই কারণেই রোকেয়া কোনো নির্দিষ্ট যুগের লেখক নন; তিনি সময়কে অতিক্রম করে মানবমুক্তির এক চিরন্তন কণ্ঠস্বর। তাঁর স্বপ্নের সমাজ এমন এক সমাজ, যেখানে নারী ও পুরুষ প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক; যেখানে সমতা কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়, বরং মানুষের স্বাভাবিক ও অবিচ্ছেদ্য অধিকার। সেই আদর্শেই নিহিত রয়েছে তাঁর চিন্তার চিরন্তন উত্তরাধিকার এবং বাংলা নবজাগরণের ইতিহাসে তাঁর অমলিন মহিমা সেই আদর্শেই নিহিত রয়েছে। আরও আলো আরও প্রাণের চেতনার আর এক নাম বেগম রোকেয়া, একথা আজ দিকে দিকে প্রতিধ্বনিত। আজকের দিনেও তাঁর প্রাসঙ্গিকতা সমানভাবে বিদ্যমান।

১. রোকেয়া শাখাওয়াত হোসেন, ‘ God gives, Man Robs, লায়লা জামান,’দি মুসলমান পত্রিকা’য় রোকেয়া প্রসঙ্গ, ঢাকা, বাংলা একাডেমি, ১৯৮৩, পৃষ্ঠা: ৫১-৫২
২. ‘মহিলা ‘, পৃষ্ঠা -২৭৫ , মুহম্মদ শামসুল আলম, পৃষ্ঠা -১৭৫
৩. তদেব, পৃষ্ঠা: ১৭৬
৪. ড. আনোয়ার হোসেন,‌ ‘বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত ‘, প্রগ্রেসিভ পাবলিশার্স, কলকাতা ৭৩, পৃষ্ঠা -৭৬
৫.ভবেশ মৈত্র, ‘ বেগম রোকেয়া, গ্রন্থতীর্থ, কলকাতা ৭৩, প্রথম প্রকাশ ২০০৫, পৃষ্ঠা – ৬৩
৬. ‘রোকেয়া রচনা সংগ্রহ, ‘আবদুর রাউফ ( সম্পাদিত). বিশ্বকোষ পরিষদ, প্রথম প্রকাশ, ডিসেম্বর,২০০১, পৃষ্ঠা – ৬৩২

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!