কবিতা

সবকিছু ভালোই চলছে, দখল বেদখলের আনন্দধারায়
ব্যাপক স্বাধীনতা উপোস করে ঝুলছে বাদুড়ের মতো এই ডাল থেকে সেই ডালে,
ঝোপঝাড়ে হৈ হৈ লেগেছে
উদর ফুর্তি করে ঠিকঠাক তাবিজ দিতেই হবে

আরো চাই, যা আছে সব চাই, পথ-ঘাট, মাঠ সব চাই
মাটির নিচের হাড়গুলো চাই, পোড়া কাঠ-কয়লা চাই,
গ্যাসের কুণ্ডলী চাই, তার নিচের তেলটাও চাই,
খনিজ দ্রব্যটাও চাই, ভূমির উপর দখল চাই

বড়ো বড়ো সেমিনার বসেছে, কেতাদুরস্ত যতসব
প্লাস জিরো থিউরি উগরে দেবে আকাশে-ভূমণ্ডলে
শুধুই আসছে, আরো আসছে, জিরোর কুণ্ডলী উড়ছে
হারামজাদারাও ফাইলে ফাইলে ঠোকাঠুকি করছে

কাগজের পৃষ্ঠা জুড়ে সই আর নগদ সহি
উন্নয়ন তত্ত্বে ভেসে যাচ্ছে, সব হয়তো যাবে
বন্দর জুড়ে রশি টানাটানি, দিতেই হবে, নিতেই হবে
দ্বীপগুলোতেও জনশূন্য তত্ত্ব উগরে পড়ে

সমুদ্র সীমানায় পরিবেশ তত্ত্ব গিলে খায়
মানুষ, কীট-পতঙ্গ, মাছ, জীবজন্তু যতসব
অন্য ফ্লাগ উড়ছে, শান্তির নামে হিংস্র জলযান
সব খেদাও, তাড়াও, ডুবিয়ে দাও, জ্বালিয়ে দাও

মনুষ্য জাতির উপর নতুন শয়তানের আমদানি
শূন্য থিউরির তোপে সব শিল্প শূন্যে শূন্যে ঘোরে
সাত সমুদ্র থেকে ঠেঙ্গানিরা শান্তির গল্প ফাঁদে
স্বপ্নের জালে জলাঞ্জলি দেয় কৃষি খামার

দেশসেবকরা অগস্তা ধর্মের নামেও শান্তি উড়ায়
বলাৎকার, ধর্ষণ, হত্যা যা কিছুই ঘটুক,
পায়রা উড়িয়ে দেবার ছলে সবটুকুই আনন্দের
রটে যায়, ধীরলয়ে বসে যায়, ধামাচাপা চলবেই।

কেরামতির আজব কারখানা, কেউ কি শুনেছে এদ্দিন?
শিক্ষালয় বাড়ছে, চারদিকে গুদামজাত বিশ্বভাণ্ডার
নোটিফিকেশনের নোটে, গুগলের তরজমায়
যা শেখার তাই শিখছে, যা হবার তা হবেই

যেমন তেমন বিষয় নয়, খোদ সভ্যতার সনদ
চুক্তিবদ্ধ ধারার অন্তরালে ভূতেরা মটকাবে
হাড়গোড় মিশে যাবে ধরিত্রীর পবিত্র গহ্বরে
বাঁচতে চাও, দৌঁড়াও আর মরো শরণার্থীরূপে

বিচক্ষণ পণ্ডিতগণ, সেমিনারে জপ করছে
মনুষ্যের হাড় থেকে উৎপাদিত পণ্য নিয়ে
বিনিয়োগ নীতিমালার উপধারা যুক্ত হবে
গবেষকগণ রীতিমতো সার-প্লাস মূল্য ঘোষণা দিচ্ছে

যুদ্ধের মতো আর শান্তির কিছু নেই
বাঁচুক আর মরুক, যুদ্ধের অপর নাম সিভিলাইজেশন
মাথামোটা কার্ল মার্কস সেদিন কেন যে বোঝেনি!
দুনিয়ার মজদুর, এক হও, মরার জন্য সারিবদ্ধ হও।

লেনিন কি জেগে আছে, মস্কোর জাদুঘরে?
শ্রমজীবীর শ্মশানভূমিতে আরো জ্বলবে, ভস্ম হবে
আর কত বিলিয়ন বিলিয়ন মানবভস্ম হলে
অগ্ন্যুৎপাত হবে, ধ্বংসের স্তূপে সবকিছু ভরে যাবে

আগুনের উদগীরণ থেকে পতিত ভূমির পতাকা জ্বলে
লড়বে মানুষ, তার হাড়গোড়, পোড়ামাটির ধ্বংসস্তূপ
কে রুখবে তাদের, কে মারবে তাদের?
ভয়শূন্য বিশ্বের পতাকা মজদুর উড়াবেই।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!