তুলিতে কালি লাগিয়ে
আমার মুখ ও শরীরকে কালিমালিপ্ত
তুমি করতেই পারো, কারণ আমি
মানুষের কথা বলেছি,
সেই মানুষ যারা ঘাম ঝরিয়ে দিনান্তে
সন্তানের হাতে তুলে দেয় ‘সহজপাঠ’!
সেই মানুষগুলোই কিন্তু
জল আর কাঁধে গামছা নিয়ে
দাঁড়িয়ে থাকে ঠিক তোমার পিছনে,
কারণ তুমি আমার মুখে কালি লেপন করে
এক মহাবিপ্লব ঘটিয়ে চলে গেছ
চায়ের দোকানে অথবা দামি রেস্তোরাঁয়।
সেখানে তথাকথিত দেশপ্রেমের শব্দসমূহ
নিকোটিনযুক্ত ধোঁয়া মেখে
উড়িয়ে দিয়েছ বাতাসে।
অবশেষে বাড়ি ফেরার পথে তুমি থমকে দাঁড়াও
আমার ঝকঝকে মুখখানি দেখে।
তোমার পিছনে যারা দাঁড়িয়ে ছিল
কাতারে কাতারে,
তারা পরম যত্নে জল দিয়ে ধুয়ে দিয়েছে সব কালি,
আর কাঁধের গামছা দিয়ে মুছেছে তাদের চোখের অশ্রু।
হায়, এখন নিজের মুখেই কালি মেখে তুমি
ঘরে ফিরে যাচ্ছ অন্ধকারে,
শুধুই গভীরতর এক ভয়ানক অন্ধকারে।




