চাঁদনী মাঝি

ভাঙা বেড়া আর ভাঙা টালির চালার তলায় একটা নড়বড়ে পুরোনো ঘুণে ধরা টেবিলের উপর একটা কুপি জ্বালিয়ে সরকারি এক টুকরো কাগজের উপর কালো অক্ষরের দিকে স্থিরভাবে চেয়ে আছে বাইশ বছরের আদিবাসী কিশোরী চাঁদনী মাঝি। পাশেই নিচে মাটির মেঝেতে একটা কাঁথা পেতে শুয়ে আছে তার অসুস্থ বাবা দানা মাঝি।
মাঝে মাঝে খুক খুক কাশি। বাবার কাশির শব্দ চাঁদনীকে ভীত ও আড়ষ্ট করে তোলে। ভয় হয়। বাবারও কি তবে…! না, এ কথা আর ভাবতে চায় না সে। ভাববেও না। সে তার বাবাকে যেমন করেই হোক সুস্থ করে তুলবে। চাঁদনীর চোখে-মুখে এক ভয়ঙ্কর দৃঢ়তা। এই দৃঢ়তা যেন তার সামনে কুপির শিখার থেকেও বেশি উজ্জ্বল এবং তপ্ত।
তার মনে পড়ে ঠিক দশ বছর আগে কালাহান্ডির ভবানী পাটনার জেলা হাসপাতাল থেকে তাদেরই আদিবাসী গ্রাম মেলঘর পর্যন্ত দীর্ঘ বারো মাইল জুড়ে যে রাস্তা, সেটা এখনো তার এবং তার বাবার রক্ত, ঘাম আর কান্নায় ভিজে আছে। বিগত দশ বছরে কতবার সূর্য উঠেছে এবং অস্ত গেছে তার হিসাব নেই। অথচ সেই রাস্তায় এখনো জমে আছে সেই রক্ত, ঘাম আর চোখের জল। এতদিনের সূর্যতাপে এখনো তা শুকিয়ে যায়নি। বারো বছরের বারোটি বর্ষার জল সেই ঘাম, রক্ত ও চোখের জলকে ধুয়ে পরিষ্কার করতে পারেনি। কোনো সভ্যতা নামক বর্বরতার ইতিহাস তাকে যে মুছে ফেলতে পারে না! পারেওনি। যদি পারত, তবে সভ্যতার ইতিহাস লেখা হতো ভিন্ন ভাষায়।
চাঁদনী তার মাত্র বাইশটি বসন্ত পার করেই বুঝে গেছে যে তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থার দোহাই দিয়ে বা সেই ব্যবস্থাকে অবলম্বন করে যেমন চারিদিকে গণতন্ত্রকেই প্রতিমুহূর্তে খুন করা হচ্ছে, তেমনি সেও এই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকেই এই রাষ্ট্রের আধিপত্যবাদ ও নীতিহীনতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তাকে এটা করতেই হবে। ব্যবস্থার বাইরে গিয়ে সে কিছুই করতে পারবে না। কারণ সে ভালো করেই বুঝে গেছে রাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে ঢুকে গিয়ে ভিতর থেকে লড়াইটা জারি রাখতে হবে। বাইরে থাকলে তাদের সর্বদাই বঞ্চনা আর অবহেলার শিকার হতে হবে। আর ক্ষমতাধররা গণতান্ত্রিক সুখবাসে আমোদ করেই যাবে।
সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও তার হাতের মুঠির মতো চিবুকটাও শক্ত হয়ে ওঠে। দুই পাটি দাঁতের ঘর্ষণে এক অচেনা অথচ দৃঢ়তার মন্ত্র যেন উচ্চারিত হয়ে বাতাসের ডানায় ভর করে তাদের জঙ্গলমহলের চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রজন্মের পর প্রজন্ম আদিবাসী ও দলিতদের উপর রাষ্ট্রীয় শোষণ, অবহেলা, বঞ্চনা এবং তার ফলপরিণতিতে চরম দারিদ্র্যকে নীরবে মেনে নেওয়ার কোনো মানেই হয় না।
তার মা আমাং দেই মাঝি মাত্র বিয়াল্লিশ বছরেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল প্রবল দারিদ্র্যের জন্যই। আদিবাসীদের সবকিছু থাকা সত্ত্বেও তারা চিরকাল অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে এসেছে। ফলে মাত্রাতিরিক্ত দারিদ্র্য তাদের অসহায় করে তুলেছে। প্রশ্ন করার সাহস তারা হারিয়ে ফেলেছে। নিজেদের আবাসভূমিতেই তারা পরবাসীতে পরিণত হয়েছে। চরম দরিদ্রতার জন্য তার মায়ের চিকিৎসা ঠিকমতো তার বাবা করে উঠতে পারেনি। যক্ষ্মায় আক্রান্ত হয়ে যখন শেষ অবস্থা, তখন জেলা হাসপাতালে তার মাকে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি।
মাত্র বারো বছরের মেয়ে চাঁদনী তখনই হাসপাতালে গিয়ে বুঝতে পেরেছিল আদিবাসী এবং হতদরিদ্র হওয়ার জন্য তার মায়ের চিকিৎসা ডাক্তাররা প্রায় করেইনি। দিনের পর দিন বিনা চিকিৎসায় তার মাকে হাসপাতালের মেঝেতে শুইয়ে রেখেছিল। শুধু তিন বেলা খাবারটা পেত আর মাঝেমধ্যে দুই-একটা ট্যাবলেট। চরম অবহেলা আর বঞ্চনা যে কত রকম হতে পারে, সেটা সে তখনই বুঝে গিয়েছিল। কিন্তু তখনও তার বোঝার জন্য কিছু বাকি ছিল। সেটাও সে বুঝতে পেরেছিল মৃত্যুর পর তার মায়ের মরদেহ নিয়ে যে কুৎসিত আচরণ হাসপাতাল কর্তৃপক্ষ করেছিল, তা থেকেই।
একেই তো তার মা মরে গিয়েছিল বিনা চিকিৎসা ও ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আর প্রবল অমানবিক ঔদাসীন্যের জন্য। তার ওপর মায়ের মরদেহ তাদের গ্রাম মেলঘরে নিয়ে আসার জন্য কোনো ব্যবস্থাই হাসপাতাল কর্তৃপক্ষ করে দেয়নি। একটা অ্যাম্বুলেন্সের জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত সে এবং তার বাবা দানা মাঝি কতজনের যে পায়ে পড়ে কেঁদেছে, তার হিসাব নেই। হাজার অনুরোধ-উপরোধে কোনো কাজ হয়নি। তখন সে লক্ষ্য করল তার বাবার কালো পেশিবহুল শরীরের শিরাগুলি ফুলে ফুলে উঠছে। সঙ্গে বড় বড় শ্বাস। তার চোখ দুটো ভাঁটির আগুনের থেকে যেন বেশি ধকধক করে জ্বলে উঠল। হঠাৎই সে ‘হেঁই মা’ বলে এক অদ্ভুত স্বরে চিৎকার করে উঠল। তারপর শক্ত হয়ে যাওয়া তার মায়ের শরীরটা হাসপাতালের নোংরা চাদর দিয়ে জড়িয়ে নিয়ে কাঁধে তুলে নিল। চাঁদনীর হাতে একটা ঝোলা ব্যাগ ধরিয়ে দিয়ে বড় বড় পা ফেলে হাসপাতাল চত্বর ছেড়ে বেরিয়ে রওনা দিল তাদের গ্রামের উদ্দেশ্যে। পিছনে পিছনে চোখের জল মুছতে মুছতে সেও হাঁটা দিল। দীর্ঘ বারো মাইল রাস্তা হাঁটতে হাঁটতে বেশ কয়েকবার তাদের থামতে হয়েছিল।
রাত ঘন হয়ে এলে আর তাদের হাঁটার ক্ষমতা ছিল না। কাঁধের থেকে মায়ের মৃতদেহটা নামিয়ে একটু বিশ্রাম নেবার জন্য বড় রাস্তার পাশে ঘাসের উপর বসেছিল। গভীর ক্লান্তি আর পেটের মৃত খিদের নিঃসাড়তায় কখন যে সে এবং তার বাবা দুজনেই তার মায়ের মৃতদেহের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল, তা আর জানতে পারেনি। হঠাৎ কয়েকটি কুকুরের প্রবল চিৎকারে তাদের ঘুম ভেঙে যেতেই দেখে প্রায় ভোর হয়ে এসেছে। গোটা ছয়েক কুকুর গোল হয়ে তাদের পাহারা দিচ্ছিল। কিন্তু বড় রাস্তার পাশে ঝোপ থেকে একটা শিয়াল তাদের দিকে এগিয়ে আসতেই কুকুরগুলো চিৎকার করে শিয়ালটাকে তাড়ানোর চেষ্টা করছে।
ওই ঘুমচোখেই চাঁদনী অবাক হয়ে কুকুরগুলোকে দেখছিল আর তার মনের ভিতর এক অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় সে কুকুরগুলোর প্রতি চেয়ে থাকল। আর তখনই তার গতকাল হাসপাতালের কর্মকর্তা ও ডাক্তারদের মুখগুলো তার চোখের সামনে ভেসে উঠল। একটা তুলনামূলক ব্যাখ্যা তার মস্তিষ্কের মধ্যে ঢেউ তুলে দিল প্রবলভাবে।
সবাই প্রাণী। অথচ সেই গল্পগুলো কেউ কোনোদিন লেখেনি বিগত দশ বছরে।
তার পায়ের চামড়া ছিঁড়ে রাস্তায় রক্তের দাগ রেখে, গায়ের নোনতা ঘাম এবং চোখের নোনতা জল ঝরিয়ে পরের দিন বেলা দশটা নাগাদ চাঁদনীরা তাদের গ্রামে এসে পৌঁছেছিল। এখনো মনে আছে, সেদিন তার প্রতিটি পদক্ষেপের সঙ্গে মিশে ছিল প্রবল ঘৃণা, দুর্জয় সাহস আর ইস্পাতের মতো হাজার প্রতিজ্ঞার কথা। মনে আছে, রাস্তায় অনেকেই মোবাইলে তাদের ছবি তুলেছিল। কিন্তু কোনো ভদ্রলোকের বাচ্চা তাদের জন্য কোনো গাড়ির ব্যবস্থা করে দেওয়া তো দূরের কথা, সামান্য তৃষ্ণা মেটাবার জন্য একটু জলও কেউ সেদিন তাদের দেয়নি। শুধু আহা-উহু করে নেটদুনিয়া জয় করেছে তথাকথিত ওই ভদ্রলোকের বাচ্চারা।ওই ঢ্যামনামি দশ বছর পর আবার এখন শুরু হয়েছে। দাঁতে দাঁত চেপে, দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে গ্রামের স্কুল থেকেই হায়ার সেকেন্ডারি পাস করে সে ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দিয়ে পাস করেছে। সেই পাসের সরকারি কাগজটার অক্ষরগুলি টেবিলের উপর কুপির আলোয় ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে।
তাকে নিয়ে খবর করার জন্য খবরের কাগজের লোকেরা আজ সারাদিন তাদের বাড়িতে এসেছিল। কিন্তু সে শুধু একটাই কথা বলেছে,
—এতদিন কোথায় ছিলেন? গত দশ বছরে একবারও তো খোঁজ নিতে আসেননি দানা মাঝি আর তার মেয়ে কেমন আছে? আজ দানা মাঝির মেয়ে ডাক্তারি পড়ার যোগ্যতা নিজে অর্জন করেছে বলে খবর করার এত হুড়োহুড়ি! ফালতু খবরের জন্য সময় নষ্ট কেন করছেন? আসল খবরটা করতে পারেন না?
—কী আসল খবর, ম্যাডাম, বলুন।
—লজ্জা করে না আপনাদের? সাংবাদিক হয়ে আমার কাছে আসল খবর চাইছেন?
—সরি ম্যাডাম, একটু হিন্টস দিন প্লিজ।
—কেন, আপনারা দেখতে পাচ্ছেন না আমাদের আদিবাসীদের আদিবাসভূমির সব জঙ্গল কেটে সাফ করে আদিবাসীদের উচ্ছেদ করে দিচ্ছে? সবুজ মাটিকে রক্তাক্ত করছে!
—কিন্তু ম্যাডাম…
—কোনো কিন্তু নয়। বুকে সাহস থাকলে বনভূমি ধ্বংস এবং আদিবাসী উচ্ছেদের বিরুদ্ধে লিখুন। এই উচ্ছেদ সংস্কৃতির বিরুদ্ধে যদি লিখতে পারেন, তবে বুঝব আপনাদের কলমের জোর আছে, বুকে সৎ সাহস আছে। দেশের মানুষকে এ অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রোভোক করুন আপনাদের লেখার মধ্য দিয়ে।
—কিন্তু…
—বুঝেছি। আসলে দানা মাঝির মেয়ে চাঁদনীকে নিয়ে স্টোরি করলে লোকে ভালো খাবে, তাই না? লোকে যতটা এই খবর খাবে, তার থেকে বেশি লাভ খাবে আপনাদের পত্রিকার মালিক। তাই তো?
—ম্যাডাম…
—প্লিজ, আমাকে একটু একা থাকতে দিন। আমার অনেক কাজ আছে। আর হ্যাঁ, মনে রাখবেন, আদিবাসীরা অত সস্তা না, যতটা সস্তা আপনারা ভেবে এসেছেন এতদিন। ভেবেছেন এইসব সুড়সুড়ি আর আহা-উহু স্টোরি করে, খবরের কাগজে ছাপিয়ে দেশের সামাজিক উদারতার বিজ্ঞাপন ছড়িয়ে দেবেন? আমি আপনাদের ওই সুড়সুড়ি দেওয়া স্টোরিতে ইয়ে করি।#

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on print
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!