এখন সময়

কত কথা বলতে পারি না
বলতে গেলেই জানালার বাইরে তারা
লাঠিসোঁটা নিয়ে জটলা করতে থাকে।

রাস্তা দিয়ে হাঁটি, অনেক চিলই
চোখ তুলে তাকাতে পারে না
ভয়ঙ্কর সর্বনাশ পাশ দিয়ে
হুশ করে বেরিয়ে যায়।

অনেক রাত করে বাড়ি ফিরলে
মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকে লোহার গেট
রহস্যময় অভিসন্ধির তাপ
গায়ে এসে ছ্যাঁকা দেয়।

কোকিল ডাকা ছেড়ে দিয়েছে
কাকেদের উৎপাতে
অলিগলির খোঁজ রাখে
কুকুরের ঘেউ ঘেউ ডাক
মৃত্যু আসন্ন তবে, সবাই শান্তি পাক্।

।। দুই।।

মৌচাকে মধু জমার কথা ছিল স্বতঃস্ফূর্ত মিষ্টতায়
সেখানে মিলিত হয়েছে নিজ নিজ গহীন স্বার্থের নদী
যাদের শ্রমিক মৌমাছি হওয়ার কথা ছিল বিশ্ব চরাচরে
তারা মঞ্চ আলো করে বসে আছে, পাশা ওল্টানোর অভিলাষ নিয়ে
অন্যায্য অন্যায়ের স্বরলিপি লেখার পরেও
একসাথে কোরাস গাইতে তাদের কোনো আপত্তি নেই

আনুগত্যপূর্ণ সংলাপে ভরে উঠেছে শাখা-প্রশাখা
প্রকৃত সত্যের চারিপাশে জেগে উঠেছে অন্ধকারবৃত্ত
কেউ কারো না হওয়া সত্ত্বেও, হাতে হাত ধরাধরি বন্ধুত্ব
প্রকাশ্য আলোর নির্লজ্জ উঠোনে মোহজাল ছড়ায়
ভাবটা এমন যেন, সবাই বোকাসোকা গণ্ডমূর্খ লোক
অথচ মৌচাকটা শূন্যতায় পরিপূর্ণ হয়ে আছে বহুকাল হলো

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on print
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!