নতুন সূর্যের প্রথম আলোয়, সময়ের একেবারে নবীন প্রান্তে এসে আবারও উপস্থিত হয়েছে বাংলা নববর্ষ বা ১৪৩৩ বঙ্গাব্দ। পহেলা বৈশাখ বাংলা বর্ষপঞ্জির এই প্রথম দিনটি আমাদের মনে নতুন আশার সঞ্চার করে, অতীতের ক্লান্তি ও গ্লানি ঝেড়ে ফেলে নতুন করে এগিয়ে যাওয়ার সাহস জোগায়। আমরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বলি “শুভ নববর্ষ”, কিন্তু এই শুভেচ্ছা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; এর ভেতরে লুকিয়ে থাকে মিলনের আহ্বান, মানবিকতার বার্তা এবং সহমর্মিতার এক গভীর অঙ্গীকার।
বাংলা নববর্ষের ইতিহাস আমাদের সমাজ ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। মুঘল সম্রাট আকবরের শাসনামলে কৃষি ও রাজস্ব ব্যবস্থাকে সহজ ও কার্যকর করার লক্ষ্যে বাংলা সনের প্রাতিষ্ঠানিক ব্যবহার শুরু হয়। ফসল তোলার সময় অনুযায়ী খাজনা আদায়ের সুবিধার জন্য যে সময়চক্র গড়ে ওঠে, তা ধীরে ধীরে জনজীবনের অংশ হয়ে যায়। কৃষিনির্ভর সমাজে নববর্ষ ছিল কেবল ক্যালেন্ডারের সূচনা নয়, বরং জীবনের পুনর্গঠনের এক বিশেষ মুহূর্ত; যেখানে নতুন হিসাব, নতুন পরিকল্পনা এবং হালখাতার মাধ্যমে সামাজিক সম্পর্কের নবায়ন ঘটত।
বাংলা সন কোনো একক সময়ে হঠাৎ শুরু হওয়া বর্ষপঞ্জি নয়; বরং এটি প্রাচীন সৌর ও কৃষিভিত্তিক সময় গণনার দীর্ঘ বিবর্তনের ফল। বিভিন্ন যুগে জ্যোতির্বৈজ্ঞানিক ও প্রশাসনিক প্রয়োজনের সঙ্গে মিলিয়ে সময় গণনার যে ধারাবাহিক পরিবর্তন ঘটেছে, তারই একটি প্রাতিষ্ঠানিক রূপ হলো বাংলা সন। বিশেষ করে মুঘল আমলে হিজরি চান্দ্র সনের সঙ্গে সৌর কৃষি চক্র সমন্বয় করে একটি ব্যবহারিক ক্যালেন্ডার কাঠামো গড়ে তোলা হয়, যা পরবর্তীতে বাংলা সন হিসেবে পরিচিতি লাভ করে।
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পহেলা বৈশাখ তার অর্থনৈতিক গুরুত্ব ছাড়িয়ে এক সামগ্রিক সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। আজ এটি বাঙালির সর্বজনীন উৎসব, যেখানে ধর্ম, বর্ণ বা শ্রেণির ভেদাভেদ নেই। শহর ও গ্রাম মিলিয়ে সর্বত্রই এই দিনটি আনন্দ, উৎসাহ ও বর্ণিল আয়োজনে উদযাপিত হয়। লাল-সাদা পোশাক, পান্তা-ইলিশ, মেলা, লোকসংগীত এবং নানা সাংস্কৃতিক আয়োজন মিলিয়ে নববর্ষ যেন এক জীবন্ত চিত্রপট হয়ে ওঠে, যেখানে ঐতিহ্য ও আধুনিকতা পাশাপাশি অবস্থান করে।
বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শহরগুলোতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা আমাদের নববর্ষ উদযাপনকে এক অনন্য নান্দনিক উচ্চতায় নিয়ে যায়। রঙ, প্রতীক ও সৃজনশীল ভাবনার মিশেলে গড়ে ওঠা এই আয়োজন বাঙালির শিল্পচেতনার জীবন্ত প্রকাশ। ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে যে উদ্যোগ শুরু হয়েছিল, তা সময়ের সঙ্গে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে সুপরিচিত হয়ে ওঠে এবং একটি শক্তিশালী সাংস্কৃতিক প্রতীকে রূপ নেয়। ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি লাভের মাধ্যমে এই আয়োজন আন্তর্জাতিক পরিসরে বিশেষ মর্যাদা অর্জন করে এবং পহেলা বৈশাখ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্থান করে নেয়।
তবে সাম্প্রতিক সময়ে এই শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। ২০২৫ সালে এর নাম ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ এবং এবছর ‘বৈশাখী শোভাযাত্রা’ করা হলে অনেকেই প্রশ্ন তোলেন, এতে আন্তর্জাতিক স্বীকৃতির ওপর কোনো প্রভাব পড়বে কি না। বাস্তবে নাম পরিবর্তন একটি সাংগঠনিক বিষয় হলেও এর অন্তর্নিহিত চেতনা বেশি গুরুত্বপূর্ণ। যে সৃজনশীলতা, অসাম্প্রদায়িকতা এবং মানবিক মূল্যবোধ এই আয়োজনকে অনন্য করে তুলেছে, সেটিই এর প্রকৃত শক্তি। নাম পরিবর্তিত হলেও যদি সেই চেতনা অটুট থাকে, তবে এর তাৎপর্য কখনোই কমে যাবে না।
বাংলা নববর্ষকে ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ বিতর্ক হলো এর ধর্মীয় গ্রহণযোগ্যতা। একদল মানুষ এই উৎসবকে অনৈসলামিক হিসেবে আখ্যা দিয়ে এর বিরোধিতা করে থাকে। তাদের ধারণা এটি হিন্দু সংস্কৃতি বা পৌত্তলিকতার প্রভাব বহন করে। অন্যদিকে, যারা এই উৎসবকে সমর্থন করেন, তারা এটিকে একটি ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে দেখেন, যা বহু শতাব্দী ধরে এই অঞ্চলের সব ধর্মের মানুষ একসঙ্গে উদযাপন করে আসছে।
ইতিহাসের দিকে তাকালে স্পষ্ট হয় যে বাংলা নববর্ষ কোনো নির্দিষ্ট ধর্মের সঙ্গে সম্পৃক্ত নয়। এটি মূলত কৃষিনির্ভর সমাজের জীবনযাত্রার একটি স্বাভাবিক প্রতিফলন। হালখাতা খোলা, ব্যবসায়িক হিসাব-নিকাশ করা এবং ফসল তোলার মতো কার্যক্রমই ছিল এর প্রধান উপজীব্য, যা সম্পূর্ণ অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। ফলে এই উৎসবকে ধর্মীয় সংকীর্ণতার মধ্যে ফেলে ব্যাখ্যা করা হলে তা ইতিহাসের সঠিক প্রতিফলন ঘটে না।
দুঃখজনকভাবে, সাম্প্রতিক সময়ে সমাজের একটি অংশে নববর্ষবিরোধী মনোভাব ক্রমেই দৃশ্যমান হচ্ছে। এই প্রবণতা আমাদের সামাজিক ও সাংস্কৃতিক চেতনার গভীর সংকটকেই সামনে নিয়ে আসে। এর পেছনে রয়েছে, ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট ধারণার অভাব, সংস্কৃতির সঙ্গে বিচ্ছিন্নতা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়কে গুলিয়ে ফেলার প্রবণতা। বাস্তবে দেখা যায়, একটি গোষ্ঠীর মধ্যে আত্মপরিচয়গত অনিশ্চয়তা ও বিভ্রান্তিই এই বিরোধিতামূলক অবস্থানকে আরও তীব্র করে তোলে। ফলে তারা একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসবকে ধর্মীয় চশমায় দেখে সংকুচিত করার চেষ্টা করে। অথচ ধর্মীয় সম্প্রদায় ও জাতিগত বা সাংস্কৃতিক পরিচয় এক নয়; ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের ক্ষেত্র, আর সংস্কৃতি একটি ঐতিহাসিকভাবে গড়ে ওঠা সমষ্টিগত পরিচয়ের প্রকাশ। এই মৌলিক পার্থক্য উপেক্ষা করাই বর্তমান বিভ্রান্তির মূল উৎস। তাই এখনই সময় এই ভুল ব্যাখ্যার বাইরে এসে নিজেদের ঐতিহ্য, ইতিহাস ও সাংস্কৃতিক আত্মপরিচয়কে স্পষ্টভাবে উপলব্ধি ও ধারণ করার।
একই সঙ্গে এ কথাও অস্বীকার করার উপায় নেই যে, পহেলা বৈশাখকে ঘিরে সাংস্কৃতিক রাজনীতিও ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। কোনো কোনো ক্ষেত্রে এই উৎসবকে মতাদর্শিক দ্বন্দ্বের মঞ্চে পরিণত করার চেষ্টা লক্ষ্য করা যায়। সংস্কৃতি যখন স্বতঃস্ফূর্ত চর্চার জায়গা থেকে সরে গিয়ে রাজনৈতিক অবস্থানের হাতিয়ার হয়ে ওঠে, তখন তার মৌলিক সৌন্দর্য ক্ষুণ্ন হয়। পহেলা বৈশাখের চেতনা বিভাজনের নয়, বরং সংহতির। তাই এই উৎসবকে রাজনৈতিক বিভাজনের বাইরে রেখে মানবিক ও সমষ্টিগত চেতনাকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
পহেলা বৈশাখ আমাদের শেখায় মানুষ হিসেবে আমাদের পরিচয়ই সবচেয়ে বড়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভিন্ন ধর্ম, ভাষা বা মতাদর্শ থাকা সত্ত্বেও আমরা একসঙ্গে থাকতে পারি। এই উৎসবের মূল শক্তি হলো এর অন্তর্ভুক্তিমূলক চরিত্র, যেখানে সবাই সমানভাবে অংশগ্রহণ করে।
এই দিনে শহরের রাস্তায়, গ্রামের মেলায় কিংবা খোলা প্রান্তরে মানুষ যখন একত্রিত হয়, তখন সৃষ্টি হয় এক অনন্য মিলনমেলা। সেখানে নেই কোনো বিভাজন, নেই কোনো ভেদাভেদ। সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে, গান গায়, হাসে। এই সম্মিলিত আনন্দই আমাদের প্রকৃত শক্তি এবং আমাদের সমাজের ভিত্তিকে আরও দৃঢ় করে।
বর্তমান বিশ্বে যখন বিভাজন ও অসহিষ্ণুতা ক্রমশ বাড়ছে, তখন পহেলা বৈশাখের মতো একটি উৎসব আমাদের জন্য আশার আলো হয়ে ওঠে। এটি আমাদের শেখায় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার মূল্যবোধ।
নতুন বছরের এই সূচনায় আমাদের প্রত্যাশা হওয়া উচিত আমরা যেন আমাদের ঐতিহ্যকে সঠিকভাবে ধারণ করতে পারি। সংকীর্ণতা ও বিভাজন ভুলে একটি মানবিক, সহনশীল ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে পারি। পহেলা বৈশাখের আনন্দ যেন কেবল একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ে।
শেষ পর্যন্ত পহেলা বৈশাখ আমাদের শিকড়ের কাছে ফিরে যাওয়ার আহ্বান জানায়। এটি আমাদের নতুন করে ভাবতে, নতুন করে স্বপ্ন দেখতে এবং নতুন পথচলার সাহস জোগায়। তাই আসুন আমরা সবাই এই উৎসবের প্রকৃত চেতনাকে ধারণ করি এবং একটি সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাই।
শুভ নববর্ষ।




