অনিবার্য
অনিবার্য কারণ বশত কিছু সময়
উঠে আসে আমার সাদা পাতায়
তখন তোমার নোটিশবোর্ডে লেখা থাকে
ফেলে আসা দিনের গল্প
হারাতে হারাতে এখন শালিক
একাই খুঁটে খায় আমার অন্দরমহলের অপ্রয়োজনীয় খাবার
আর আমি!
বিনোদিনীর সাদা শাড়িতে নক্সাকাটা সময়ের…
মহেন্দ্র হতে চাই।
দিগন্তে
কথারা পাল্টাতে পাল্টাতে এখন উপনিবেশ গড়েছে
আমার দক্ষিণের জানালায়
উত্তরদিকে মধুপুর গ্রামে বটগাছের ছায়ায়
সভ্যতা গড়েছে আধুনিকতা
নয় দশের ব্যঞ্জনায় মাঠের ধান নাম পরিবর্তন করতে করতে
একদিন মিলিয়ে যাবে দিগন্তে…
অপু দূর্গার জন্য
জেগে থাকা যত কথন
মুছে যাওয়ার অনুপ্রাসে
একদিন বট গাছ হয়ে দাঁড়িয়ে থাকবে
নদী বয়ে যাবে ____
কথারা?
বট ফলের সংজ্ঞা খুঁজতে খুঁজতে
নিজেকে মেলে ধরবে
একরাশ অভিমানে
বৃষ্টি ঝরার নৈতিকতায়
আসন্ন দুপুর অপেক্ষা করবে
কোনো অপু – দূর্গার জন্য।
“এ” একতারা
শব্দ___
ছুঁয়ে দেখার অভিলাস
ক্রমশঃ —
একতারার গায়ে শিল্প দর্শন
গানে গানে আরো কথা-
কথায় কিছু শব্দ
একতারার গায়ে কোনো ‘এ’ – শব্দ তোলে
আর আমার ‘একতারা’ হারিয়ে যায়
কোনো বাউলের স্পর্শে।।
ব্রহ্মপুত্র র বুকে
হাওয়া
কারা যেন
এগিয়ে যেতে যেতে,
সময়-অসময় কিছু মুহূর্ত
চারিদিকে শব্দ আর শব্দ
এখন আরো একবার
কাদামাটি মেখে
ব্রহ্মপুত্রের বুকে স্নান করার সময়।।




