সোমনাথ রায়
১৯৬০ সালের ৪ ফেব্রুয়ারি লক্ষ্ণৌয়ে জন্মগ্রহণ করেন কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সোমনাথ রায়। তাঁর পিতা অনিল রায় এবং মাতা রাণু রায়। পৈতৃক নিবাস নদিয়ার নবদ্বীপ। আশির দশকের মাঝামাঝি থেকে তাঁর সাহিত্যযাত্রার সূচনা। কবিতার পাশাপাশি কাব্যনাটক, উপন্যাস, গল্প, প্রবন্ধ-নিবন্ধ ও ভ্রমণকাহিনীতেও তিনি নির্মাণ করেছেন নিজস্ব স্বর ও স্বতন্ত্র শিল্পভাষা।
বাংলা সনেটে তাঁর মৌলিক অবদানের কথা সাহিত্যসমাজে বিশেষভাবে স্বীকৃত। বিশুদ্ধ মন্দাক্রান্তা ছন্দে রচিত ‘কান্তার মেঘদূত’ বাংলা কাব্যধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন। একই সঙ্গে বাংলা ভাষায় ত্রিওলে ও হাইকু চর্চায়ও তিনি রেখেছেন স্বাক্ষর, যা তাঁর কাব্যভুবনকে করেছে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ।
সাহিত্যসাধনার স্বীকৃতিস্বরূপ তিনি ‘সাহিত্যশ্রী’ জাতীয় সম্মানসহ অর্জন করেছেন অরিজিৎ মিত্র স্মৃতি পুরস্কার, রাম বসু স্মৃতি সম্মান, চিত্ত ঘোষ স্মৃতি সম্মান, সুবোধ রায় স্মৃতি সম্মান এবং রামশংকর সাহিত্য পুরস্কার।
সৃজনচর্চার পাশাপাশি সাহিত্যসমাজের প্রতি তাঁর দায়বদ্ধতাও উল্লেখযোগ্য। অর্থাভাবে চিকিৎসাসেবায় বঞ্চিত কবি, লেখক ও সম্পাদকদের সহায়তার লক্ষ্যে গঠিত ‘লিটিল ম্যাগাজিন’স রাইটার্স ইন নিড’-এর প্রতিষ্ঠাতা-সম্পাদক তিনি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাকরি থেকে অবসর গ্রহণের পরও সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। ভ্রমণ তাঁর অন্যতম প্রিয় অনুরাগ। বর্তমানে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৬।