‘বিশ্বসভায় নজরুল’ আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক ফাতেমা তুজ জোহরা

‘বিশ্বসভায় নজরুল’ আন্তর্জাতিক সম্মেলন উদ্‌যাপন পরিষদের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেছেন সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে আগামী ২০২৭ সালে বাংলাদেশ, নেপাল ও ভারতে সম্মেলনের বিভিন্ন অধিবেশন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার, ২১ নভেম্বর বিকেল পাঁচটায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান হলে আয়োজিত ‘বিশ্বসভায় নজরুল ও হেমন্ত সন্ধ্যা’ অনুষ্ঠানে এসব ঘোষণা দেওয়া হয়।

বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি সংসদের সদস্য কবি শেখ রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মেলনের প্রতিপাদ্য ও আহ্বায়কের নাম ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ও কবি কামরুল ইসলাম। তিনি জানান, ২০২৭ সালের জুলাইয়ে বাংলাদেশে সম্মেলনের মূল অধিবেশন অনুষ্ঠিত হবে। এর আগে মার্চ ও মে মাসে নেপাল ও ভারতে বিশেষ অধিবেশন আয়োজন করা হবে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন ফাতেমা তুজ জোহরা।

অনুষ্ঠানের শুরুতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরণে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে পৃথকভাবে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সম্মেলনের প্রতিপাদ্য তুলে ধরে আয়োজকেরা বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও চিন্তায় সাম্য, অসাম্প্রদায়িকতা এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষা গভীরভাবে প্রকাশ পেয়েছে। দেশকালের সীমানা ছাড়িয়ে তার সৃষ্টি বিশ্বমানবতার কথা বলেছে। যুদ্ধ, সংঘাত ও পরিবেশের বিপন্নতার এই সময়ে নজরুলের মানবিক আদর্শ নিয়ে আন্তর্জাতিক পরিসরে চর্চা বাড়ানোই আয়োজনের লক্ষ্য।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে নজরুলবিষয়ক গবেষণাধর্মী সংকলন ও স্মারক সম্মাননা গ্রন্থ প্রকাশ, আন্তর্জাতিক সংগীত সম্মিলন আয়োজন এবং নজরুলকে উৎসর্গ করা শত লেখকের শত গ্রন্থ প্রকাশে সহযোগিতা। এসব গ্রন্থে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের লোগো ব্যবহারের কথাও জানানো হয়।অনুষ্ঠানে ‘নজরুল ও শেলি’ বিষয়ে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। আলোচনায় অংশ নেন আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গণি, সাবেক সচিব হাসানুজ্জামান কল্লোল, উদ্যোক্তা আতিয়ার জামান, সাবেক অতিরিক্ত সচিব মোছা. নূরজাহান খাতুন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক সচিব কবি আসাদুল্লাহ, বঙ্গীয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসরিন জেবিন, গবেষক ও অনুবাদক মোস্তফা তোফায়েল হোসেন, গবেষক আবু সাঈদ তুলু, উদ্যোক্তা নাজমুল হাসান সেরনিয়াবত, সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক ডা. সাবরিনা রূবিন এবং রবি রণবীর পাল।

বক্তব্য দিচ্ছেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক, কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম।

কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন আহমেদ কামরুল মোর্শেদ, মাসুম আজিজুল বাশার, রূপশ্রী চক্রবর্তী, ড. আফরোজা পারভীন, সৈয়দ ইকতিদার আলী, হাসিদা মুন, নিপু মল্লিক, নাজমুন নাহার মিতা, ইউজিন গোমেজ, শিপ্রা রহমান, রাজিয়া রহমান, শোভা চৌধুরী, শিশির বিন্দু, মাহমুদুর রশীদ, আব্দুল মান্নান সরকার, সৈয়দ আনিসুর রহমান, ইলোরা ও কনিকা বিশ্বাস।

সংগীত পর্বে কয়েকটি গান পরিবেশন করেন ফাতেমা তুজ জোহরা। আরও সংগীত পরিবেশন করেন ড. প্রদীপ কুমার নন্দী, স্বর্ণময়ী মণ্ডল, রেফুল করিম, নুসরাত জাহান প্রভা, সামিয়া সাদাফ, বিনয় সোমদ্দার, নূরজাহান রূমানা, আনজুমান শিমুল ও শামীমা নাসরিন চমন। নৃত্য পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক দীপা সরকার।

অনুষ্ঠানে শেখ রবিউল হকের একটি উপন্যাসের ইংরেজি অনুবাদের মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের রোগমুক্তি কামনা করা হয়। তার উপন্যাস অবলম্বনে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ দেখার আহ্বান জানান আয়োজকেরা। তারা জানান, দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটি বিভিন্ন প্রেক্ষাগৃহ ও সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে।

‘বিশ্বসভায় নজরুল ও হেমন্ত সন্ধ্যা’ অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকদের একাংশ।

 

অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক পুনর্বিন্যাসের ঘোষণাও দেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। নির্বাহী সভাপতি হিসেবে সার্বিক দায়িত্বে শেখ রবিউল হক, সংগীতে ফাতেমা তুজ জোহরা এবং সেমিনার ও গবেষণায় অধ্যাপক আহমেদ রেজার নাম ঘোষণা করা হয়। সভাপতি সংসদের সদস্য হিসেবে হাসানুজ্জামান কল্লোল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গবেষণার দায়িত্বে অধ্যাপক ড. নাসরিন জেবিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহমুদুর রশীদের নাম ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হয় সংগীতশিল্পী অধ্যাপক ড. প্রদীপ কুমার নন্দী, মোছা. নূরজাহান খাতুন, আতিয়ার জামান, অভিনেতা ইউজিন গোমেজ, সংগীতশিল্পী নুসরাত জাহান প্রভা, নৃত্যশিল্পী দীপা সরকার ও বাংলাদেশ ব্রাহ্ম সমাজের সম্পাদক রবি রণবীর পালের নাম।

আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গণি জাতীয় কবিকে নিবেদিত এক শ কবির কবিতা নিয়ে একটি কাব্যগ্রন্থ প্রকাশের দায়িত্ব গ্রহণের কথা জানান। ঘোষিত জাতীয় ও আন্তর্জাতিক আয়োজন সফল করতে সবার সহযোগিতা চান বক্তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on print
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!