মে মাসের আলোয় নরওয়ের সংবিধান দিবস উদযাপন

মে মাসের সকালে নরওয়ের নির্মল আকাশ যেন এক ভিন্ন রঙে ধরা দেয়। শীতের দীর্ঘ অন্ধকার পেরিয়ে প্রকৃতি তখন নতুন প্রাণে জেগে ওঠে। পাহাড়ের গায়ে জমে থাকা বরফ ধীরে ধীরে গলতে শুরু করে, নদীর জল আরও উচ্ছল হয়ে বয়ে যায়, আর শহরের রাস্তাগুলো যেন নীরবে নতুন জীবনের স্পন্দন অনুভব করে। তবুও ১৭ মে-র সকালে নরওয়ের মানুষের হৃদয়ে প্রকৃতির এই রূপান্তরের চেয়েও গভীর কিছু জেগে ওঠে, ইতিহাস, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং আত্মমর্যাদার এক দীর্ঘ গল্প।

১৭ মে নরওয়ের সংবিধান দিবস। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ‘Syttende Mai’ অর্থাৎ ‘সতেরোই মে’। এই দিনটি নরওয়েজিয়ান জাতির আত্মপরিচয়, স্বাধীনতার স্মৃতি, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং সাংস্কৃতিক ঐক্যের উৎসবের দিন।

নরওয়ের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এই জাতির শিকড় অনেক গভীরে প্রোথিত। ভাইকিংদের দেশ হিসেবে নরওয়ের পরিচিতি বিশ্বজুড়ে সুপ্রসিদ্ধ। একসময় এই দেশের উত্তরাঞ্চলের মানুষ উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে দূরদূরান্তে অভিযান চালিয়েছে। তাদের সাহস, অদম্য মনোবল এবং স্বাধীনচেতা স্বভাব নরওয়ের জাতীয় চরিত্রে আজও স্পষ্ট।

মধ্যযুগে নরওয়ে ছিল স্বাধীন রাজ্য। কিন্তু ইতিহাস সবসময় সরল পথে এগোয় না। রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক দুর্বলতা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের কারণে ১৩৮০ সালে নরওয়ে ডেনমার্কের সঙ্গে ইউনিয়নে যুক্ত হয়। এরপর দীর্ঘ চার শতাব্দী দেশটি কার্যত ডেনিশ শাসনের অধীনে থাকে। প্রশাসন, ভাষা, শিক্ষা—সবখানেই ডেনিশ প্রভাব প্রবল হয়ে ওঠে। তবুও মানুষের ভেতরের পরিচয় কখনো মুছে যায় না; নিজের মতো করে বাঁচার আকাঙ্ক্ষা আগুনের মতো নিভু নিভু করে জ্বলতে থাকে। এই নিভে না যাওয়া আগুনই একদিন ইতিহাস বদলে দেয়।

উনবিংশ শতাব্দীর শুরুতে নেপোলিয়নিক যুদ্ধ ইউরোপের মানচিত্র বদলে দিতে শুরু করে। ১৮১৪ সালের যুদ্ধশেষে ডেনমার্ককে Treaty of Kiel-এ নরওয়েকে সুইডেনের হাতে ছেড়ে দিতে বাধ্য করা হয়। যেন একটি জাতিকে কেবল রাজনৈতিক দাবা খেলায় ঘুঁটির মতো এক হাত থেকে আরেক হাতে তুলে দেওয়া হলো। কিন্তু নরওয়ের মানুষ এটিকে নিজেদের নিয়তি হিসেবে মেনে নেয়নি।

ডেনমার্কের রাজপুত্র ক্রিস্টিয়ান ফ্রেডরিক (Christian Frederik) নরওয়ের স্বাধীনতার দাবিকে সমর্থন করেন। দেশের নানা প্রান্ত থেকে প্রতিনিধিদের আহ্বান জানানো হয়। ১৮১৪ সালের বসন্তে ১১২ জন প্রতিনিধি নরওয়ের এইডসবল বিল্ডিং-এ (Eidsvoll Building) একত্রিত হন। সেখানে দিনের পর দিন আলোচনা, বিতর্ক, মতবিনিময় এবং রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে রচিত হয় একটি নতুন ভবিষ্যৎ। অবশেষে ঐ বছরই ১৭ মে নরওয়ের সংবিধান গৃহীত হয়। সেদিন নরওয়েজিয়ান জাতি তার ভবিষ্যৎ নিজ হাতে লেখার অধিকার অর্জন করেছিল। এ যেন দীর্ঘ অন্ধকারের শেষে প্রথম সূর্যোদয়। যদিও পরবর্তীতে নরওয়েকে সুইডেনের সঙ্গে ইউনিয়নে যেতে হয়েছিল, তবুও সবচেয়ে বড় অর্জন ছিল নিজস্ব সংবিধান রক্ষা। পরবর্তীতে ১৯০৫ সালে নরওয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করলেও তারা ১৭ মে দিনটিতেই স্বাধীনতা ও জাতির আত্মপরিচয়ের সবচেয়ে বড় উৎসব হিসেবে উদযাপন করে।

খুব ভোর থেকেই ঘরে ঘরে প্রস্তুতি শুরু হয়। জাতির ইতিহাস, সংগ্রাম, গর্ব এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটি শুরু হয়। তোপধ্বনির গম্ভীর শব্দ পুরো শহরকে জাগিয়ে তোলে এবং দিনের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করে। এরপর শিশুদের প্যারেড, ব্যান্ডের সুর এবং পতাকা হাতে মানুষের উপস্থিতিতে চারিদিক ধীরে ধীরে মুখর হয়ে ওঠে।

সবচেয়ে বড় দৃশ্য শিশুদের শোভাযাত্রা। স্কুলের শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের ব্যানার হাতে, জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামে। তারা স্কুল বা এলাকার মার্চিং ব্যান্ডের সঙ্গে হাঁটে, আর সেই ব্যান্ডে ট্রাম্পেট, ড্রাম, ক্লারিনেটের সুর ভেসে ওঠে। অনেক স্কুলের নিজস্ব মার্চিং ব্যান্ড থাকে, যারা সারা বছর ধরে প্রস্তুতি নেয় এই দিনের জন্য।

শিক্ষার্থীরা সমবেতভাবে গান গায়, বিশেষ করে জাতীয় সংগীত এবং তাদের নিজস্ব স্কুলের গান বা মার্চিং সুর। সেই সময় পুরো রাস্তা যেন একসঙ্গে গানের ভেতরে ভেসে যায়। কিছু জায়গায় দেখা যায় ছোট ছোট ড্রিল বা মার্চিং ফর্মেশন, যেখানে ব্যান্ডের ছন্দে শিশুদের দল একসঙ্গে সুশৃঙ্খলভাবে এগিয়ে যায়, আবার ঘুরে দাঁড়ায়। এটি কোনো আনুষ্ঠানিক প্রদর্শনী নয়, বরং ছন্দ আর আনন্দে গড়া এক জীবন্ত সমন্বয়। কিছু স্কুল আবার তাদের আঞ্চলিক সংস্কৃতিও তুলে ধরে, কেউ ঐতিহ্যবাহী পোশাক পরে আসে, কেউ বা এর সাথে স্থানীয় নাচ বা ছোট সাংস্কৃতিক উপস্থাপনাও যুক্ত করে।

প্যারেডের সবচেয়ে প্রাণবন্ত অংশ হলো পতাকা প্রদর্শন। হাজার হাজার ছোট হাত যখন নরওয়ের পতাকা নাড়ায়, তখন পুরো রাস্তা লাল, নীল আর সাদা রঙে ভরে ওঠে। সব মিলিয়ে এটি যেন পুরো শহরজুড়ে এক জীবন্ত সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে দর্শক আর অংশগ্রহণকারী প্রায় একাকার হয়ে যায়।

রাজধানী অসলোতে এই দৃশ্য আরও প্রাণবন্ত। রাজপ্রাসাদের সামনে দিয়ে হাজার হাজার শিশু শোভাযাত্রা করে যায়, আর রাজপরিবার বারান্দা থেকে তাদের দিকে হাত নাড়ে। রাষ্ট্র আর সাধারণ মানুষের মধ্যে এক দিনের জন্য দূরত্ব মুছে যায়।

নরওয়ের জাতীয় জীবনে মূলধারার সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে Kven people এবং Sámi people-রা, যারা উত্তর নরওয়ের আদি জনগোষ্ঠী হিসেবে পরিচিত, তারাও ১৭ মে-র সঙ্গে নিজেদেরভাবে যুক্ত হন। কেউ ঐতিহ্যবাহী পোশাক পরে প্যারেডে অংশ নেন, কেউ আবার দর্শক হিসেবে উপস্থিত থাকেন। একই সঙ্গে তারা নিজেদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়ও বহন করেন। এই সহাবস্থানই ১৭ মে-কে একটি বিস্তৃত তাৎপর্য প্রদান করে, যেখানে বৈচিত্র্যের ভেতরেও একসঙ্গে থাকার চিত্র ফুটে ওঠে।

এছাড়া নরওয়ের সমাজে অভিবাসী জনগোষ্ঠীর উপস্থিতিও উল্লেখযোগ্য। বিভিন্ন দেশ থেকে আসা মানুষ, যারা এখানে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করছেন, তারাও ১৭ মে-কে জাতীয় উৎসব হিসেবেই গ্রহণ করেন। কেউ সন্তানদের স্কুল প্যারেডে অংশ নিতে দেখেন, কেউ পতাকা হাতে উৎসব উপভোগ করেন, আবার কেউ নিজেদের সংস্কৃতির সঙ্গে নরওয়েজিয়ান ঐতিহ্যের মেলবন্ধনে দিনটি উদযাপন করেন। এই বৈচিত্র্যময় অংশগ্রহণ ১৭ মে-কে এক জীবন্ত সমকালীন জাতীয় উৎসবে পরিণত করে।

এই দিনটি মূলত শিশুদের উৎসব। রাস্তাজুড়ে মানুষ, কেউ দাঁড়িয়ে দেখে, কেউ পরিবারের হাত ধরে হাঁটে, কেউ চুপচাপ সেই দৃশ্য উপভোগ করে। শহরটা যেন মানুষের পদচারণায় জীবন্ত হয়ে ওঠে। এই দিনের আরেকটি বিশেষ সৌন্দর্য হলো ঐতিহ্যবাহী পোশাক বুনাদ (Bunad)। নারীরা রঙিন সূচিকর্ম করা বুনাদ পরে, পুরুষেরাও ঐতিহ্যবাহী পোশাকে সেজে ওঠে। প্রতিটি বুনাদের নকশা অঞ্চলভেদে আলাদা, যা আঞ্চলিক পরিচয়ের প্রতীক।

১৭ মে-তে নরওয়ের মানুষ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। পরিবারগুলো সাধারণত সকালের জলখাবার একসঙ্গে খায়। প্রায় সব বাড়িতে বিশেষ খাবার যেমন রুটি, চিজ, স্মোকড স্যামন, ফল, কেক ও কফি দিয়ে টেবিল সাজানো হয়।

তারপর শুরু হয় প্যারেড দেখা এবং সামাজিক মিলনমেলা। বন্ধু ও আত্মীয়রা একে অপরের বাড়িতে যায়। অনেকে পার্কে পিকনিক করে। শিশুদের জন্য বিভিন্ন স্কুল ও কমিউনিটি সেন্টারে খেলাধুলা, দৌড় প্রতিযোগিতা, মুখে রং করা, লটারি, সংগীতানুষ্ঠান ও মজার কার্যক্রমের আয়োজন থাকে। এছাড়া এই দিনে শিশুদের জন্য একটি অলিখিত স্বাধীনতাও আছে, যত খুশি আইসক্রিম, চকলেট আর হটডগ খাওয়ার সুযোগ।

রাস্তায় রাস্তায় ব্যান্ড মিউজিক বাজে। জাতীয় সংগীত “Ja, vi elsker dette landet” (হ্যাঁ, আমরা এই ভূমিকে ভালোবাসি) গাওয়া হয় গভীর আবেগ নিয়ে। গানটির প্রতিটি লাইন যেন নরওয়ের স্বাধীনতার ইতিহাস বহন করে।

সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে ডিনার করে। কোথাও কোথাও ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনেকেই দিনের স্মৃতি ছবি ও ভিডিওতে ধরে রাখে। দিন শেষে যখন আলো ধীরে ধীরে নরম হয়ে আসে, তখনো শহরের রাস্তায় মানুষ থাকে—ক্লান্ত, কিন্তু তৃপ্ত, হাতে পতাকা, চোখে সারাদিনের স্মৃতি, আর মনের গহীনে প্রফুল্লতা।

নরওয়ের সংবিধান বিশ্বের অন্যতম প্রাচীন লিখিত সংবিধান, যা একটি জাতির সম্মিলিত স্বপ্নের প্রতিফলন। জনগণের ক্ষমতা, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি নরওয়ের অঙ্গীকার এখানেই নিহিত। আজকের আধুনিক, সমৃদ্ধ এবং মানবিক নরওয়ের ভিত্তি এই সংবিধান।

১৭ মে-র সবচেয়ে সুন্দর দিক হলো, শান্তি ও মূল্যবোধের শিক্ষা এবং শিশুদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে স্বাধীনতা উদযাপনের এক বিরল দিন।

নরওয়ের সংবিধান দিবস সকলের জীবনে বয়ে আনুক স্বাধীনতার অনুপ্রেরণা, গণতন্ত্রের আলো এবং মানবিক মূল্যবোধের শক্তি।

শুভ ১৭ মে।
Gratulerer med dagen! 🇳🇴

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!