তোমার মৃত্যুতে
আমিও সামাজিক পর্দায় শোকের বিজ্ঞাপন দেবো,
যাকে এ শহর ‘স্ট্যাটাস’ বলে চেনে।
অজস্র ‘আমিন’-এর শোরগোল,
বুড়ো আঙুলের অবিরাম আস্ফালনে ভেসে যাবো,
যাকে তোমরা ‘লাইক’ বলো।
চিতার আগুনে দগ্ধ হওয়ার বদলে
পছন্দ-চিহ্ন আর মন্তব্যের সস্তা অঙ্কে
আমিও ধন্য হয়ে উঠবো।
কিনে আনা এক কালো গোলাপের
অন্ধকার পাপড়িতে চোখ রেখে
আত্মার আদিম শোক থেকে
সযত্নে পালিয়ে যাবো।
তোমার মৃত্যুতে
কিছু ধর্ম-ব্যবসায়ীকে মুদ্রার বিনিময়ে ভাড়া করবো।
তারা আমার হয়ে শোকের আয়োজন করবে।
আমি নিখুঁত অভিনেতা হবো।
কুমির-কান্নার নোনাজলে
লোক দেখানো শোকের নদী বইয়ে দেবো।
সেই নদীর মোহনায়
মিথ্যার সমুদ্র আরও ফুলে উঠবে।
তোমার অমোঘ, শাশ্বত, সুন্দরতম মৃত্যুর গায়ে
আমি জাগতিক মিথ্যার রঙিন প্রলেপ মেখে দেবো।
পোশাকি কান্নার নোনা জল
ধীরে ধীরে ঢেকে দেবে
আত্মার প্রকৃত শোক।
আমি তোমার মৃত্যুতে…
তোমার শোকের সার্কাসে
হেঁটে যাবো
তোমার নিকষ কালো,
অদ্ভুত, অদৃশ্য মৃত্যুর মিছিলে।




